,

স্মার্টকার্ডের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

pm-1নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট জাতীয় পরিচয়পত্রের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যত ধরনের নতুন প্রযুক্তি রয়েছে, গ্রহণ করা হবে। তবে, তার ফায়ারওয়াল থাকতে হবে। তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ প্রধানমন্ত্রী আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসি ও সংশ্লিষ্ট স্মার্টকার্ড প্রদানকারী কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এই স্মার্টকার্ড রাষ্ট্রপতিকে পৌঁছে দেবেন। এরপর সিইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তাঁর স্মার্টকার্ড তুলে দেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানের শুরুতে মঞ্চে গিয়ে ১০ আঙুলের ছাপ দেন এবং স্মার্টকার্ড সংগ্রহে চোখের স্ক্যানিং করান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার আফগানিস্তানের বিপক্ষে বিজয়ী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং তাদের হাতে স্মার্টকার্ড তুলে দেন।

বাংলাদেশ দলের অধিনায়ক এবং বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত এই স্মার্টকার্ড প্রকল্পের ব্রান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মতুর্জা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাসির হোসেইন, ইমরুল কায়েস ও তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের স্মার্টকার্ড গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই উন্নত কার্ডই সব রকম সেবা দেবে। ঘরে বসেই এখন অনেক কিছু করা সম্ভব হবে, যার সহায়ক হবে এই স্মার্টকার্ড। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। এই কার্ড প্রদানের মাধ্যমে আরেকটি নির্বাচনী অঙ্গীকার পূরণ হলো। তিনি আরও বলেন, অনেক প্রযুক্তি আছে, সেসব প্রযুক্তি কাজে লাগিয়ে এই কার্ডের তথ্যের নিরাপত্তা জোরদার করতে হবে। কেউ যেন তথ্য ব্যবহার করে কোনো অপরাধ ঘটাতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ এবং বিশ্বব্যাংকের এ দেশীয় প্রতিনিধি কিমিয়াও ফ্যান। অনুষ্ঠানে ‘আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস’ শীর্ষক এই প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন প্রকল্প সম্পর্কে সবাইকে অবহিত করেন। ইসির সচিব সিরাজুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই কার্ড প্রদানের জন্য দেশের ১০ কোটি নাগরিকের তথ্য নিয়ে একটি তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরি করা হয়েছে। এর আওতায় ২০১৭ সালের মধ্যে নয় কোটি নাগরিককে স্মার্টকার্ড দেওয়া হবে এবং এর মাধ্যমে বিদ্যমান পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রতিস্থাপিত হবে।

সূত্র জানায়, বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে এটি তৈরি হয়েছে। জাতীয় পরিচয়ের তথ্যভান্ডার ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিভিন্ন আন্তর্জাতিক প্রত্যয়নকারী কর্তৃপক্ষের সনদপ্রাপ্ত। এটি ট্রাভেল কার্ডসহ আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিকদের শ্রেণি, বয়স, অবস্থা-অবস্থান ও পেশা-ভিত্তিক রাষ্ট্রীয় ও সামাজিক বিশেষ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে।

সেবা প্রদানকারী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে নাগরিকদের পরিচিতি সঠিকভাবে যাচাই করতে পারবে। তথ্যভান্ডারে প্রবেশাধিকার লাভের মাধ্যমে অনলাইনে এবং অফলাইনে চিপ/এমআরজেড/বারকোড/ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারের মাধ্যমে সহজেই স্মার্ট জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যাচাই করা সম্ভব। ইতিমধ্যে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে ৬৪টি প্রতিষ্ঠান এর সেবা গ্রহণ শুরু করেছে বলে আজকের অনুষ্ঠানে জানানো হয়।

আগামীকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড এবং উত্তরের ১নং ওয়ার্ড, কুড়িগ্রামের ফুলবাড়ির জনগণ ও বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর