আমার আমলে মাত্র দুজন মারা গিয়েছিল : এরশাদ
সিলেট প্রতিনিধি : সিলেটে মাজার জিয়ারত ও জনসভার মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
সিলেট রেজিস্ট্রি মাঠে জাতীয় পার্টির উদ্যোগে শনিবার বেলা ২টায় জনসভা অনুষ্ঠিত হয়। জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদসহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরশাদ তার ২২ মিনিটের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি এবং অতীতে সিলেটের তার অবদানের কথা বিস্তারিত বক্তব্য রাখেন।
বিশাল এ জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি ক্ষমতায় থাকতে মাত্র দু’জন মানুষ মারা গিয়েছিলো- নুর হোসেন আর মিলন। অথচ এখন হিসাব ছাড়া মানুষ প্রতিদিন মারা যায়। খবরের কাগজ খুললেই খুন, ধর্ষন, ডাকাতি রাহাজানি। এসবের বিচার হয় কি না আমি জানি না। তিনি বলেন, দেশে হিংসার রাজনীতি চলছে। মানুষ এখন পরিবর্তন চায়। দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টিকেই ক্ষমতায় আসতে হবে। জনসভায় এরশাদ বলেন, দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেই এবার সিলেট এসেছি।
জাপা চেয়ারম্যান বলেন, বৃহত্তর সিলেটের সকল উন্নয়ন আমি করেছি। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুরমা নদীর উপর শাহজালাল সেতু করেছি, সিলেটের একটি জেলাকে চারটি জেলায় উন্নীত করেছি। আমার সময়ে সিলেটে হাইকোর্টের বেঞ্চ চালু করেছিলাম। পরে তা বন্ধ করে দেয়া হয়েছে। আমি ক্ষমতায় গেলে আবার তা চালু হবে। তিনি বলেন, আমার সময়ে একজন এসিড ছুঁড়েছিলো। তাকে ফাঁসি দিয়েছিলাম। এখন এসিড মারার কারণে কারো শাস্তি হয় না। এবার ঈদে সড়ক দুর্ঘটনায় মারা গেলো ১৬৫ মানুষ। ঈদে মানুষ এখন লাশ হয়ে বাড়ি যায়। এক কোটি নব্বই লাখ ভুয়া লাইন্সেস দিয়ে চালক করা হয়েছে। এদের কারণেই এসব প্রাণহানি হয়। তিনি বলেন, এখন কে কখন গুম হয়ে যাই তার ঠিক নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করলেও কোনো খোঁজ দিতে পারে না। তাহলে খোঁজ দিবে কে? এরশাদ বলেন, ক্ষমতায় গেলে আমি প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করবো। সিলেট হবে জালালাবাদ প্রদেশের রাজধানী।
জনসভায় বিরোধী দলীয় নেত্রী ও দলটির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন,একমাত্র জাতীয় পার্টি ছাড়া অন্য কোন দলের সরকার দেশের উন্নয়ন চায় না। বিশেষ একটি মুহুর্তে, বিশেষ একটি সময়ে জাতীয় পার্টির জন্ম হয়েছিল। এখন দেশের জনগণের প্রয়োজনে আবারও জাতীয় পার্টি জেগেছে।
রওশন এরশাদ বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের যত উন্নয়ন হয়েছে সব উন্নয়নই এরশাদ সরকারের আমলে হয়েছিলো। ওই সময়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের উন্নয়ন করা হয়েছে। উপজেলা পরিষদ গঠন করা হয়েছে। দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে আসা সরকারগুলো এরশাদের করে যাওয়া উন্নয়ন বন্ধ করে দেয়। এতে প্রমাণ হয়; জাতীয় পার্টি ছাড়া অন্য কোন সরকার দেশের উন্নয়ন চায় না। তাই দেশের জণগণের উন্নয়নের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে কাজ করার আহ্বান জানান তিনি।
এরশাদের সফরসঙ্গী হিসেবে সিলেটের জনসভায় বক্তব্য রাখেন,দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদসহ ২৫ জন এমপি। তাদের মধ্যে বিরোধীদলীয় নেতা ও, সাবেক মন্ত্রী ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব, সাবেক মন্ত্রী, রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিয়িাম সদস্য, সাবেক মন্ত্রী কাজি ফিরুজ রশিদ এমপি, প্রেসিয়িাম সদস্য, সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিয়িাম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিয়িাম সদস্য ও সাবেক মন্ত্রী ফখরুল ইসলাম, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, জিয়াউল হক মৃধা এমপি, সালা উদ্দিন মুক্তি এমপিসহ ২৫ জন সংসদ সদস্য।











