মাশরাফি ঠিক আছেন তো?
স্পোর্টস ডেস্ক : ওই একটা সময় সবার বুক যেন কেঁপে উঠেছিল একসঙ্গে। সবাই উদ্বিগ্ন। সবার মনে এক প্রশ্ন, সব ঠিক আছে তো? নাকি আবারও…।
মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এই শঙ্কা নতুন কিছু নয়। তাঁকে তো এই প্রথম কেউ পড়ে যেতে দেখল না। আজকের পড়ার ধরনটাও ছিল বিচ্ছিরি। ডান পায়ের অ্যাংকেল পড়ে গেল বেকায়দায়। আশ্চর্যের বিষয় হলো, কিছুটা শুশ্রূষা নিয়ে মাশরাফি আবার বোলিং মার্কে ফিরে এলেন। ৬ ওভারে মাত্র ১৫ রান দিয়ে এক উইকেটও আছে। এ যেন শুধু মাশরাফির পক্ষেই সম্ভব। সাধে তো আর ভালোবেসে তাঁর ডাকনাম হয়ে যায়নি ‘পাগল’।
কিন্তু মাশরাফি পুরো ঠিক আছেন তো? সামনেই তো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ম্যাচ শেষে অধিনায়ক নিজে জানালেন, ‘আশা করি পা ঠিক হয়ে যাবে। এখন কিছুটা ব্যথা আছে। কিছুটা ফুলেও আছে। তবে আশা করছি দ্রুত সেরে উঠবে।’
সামনে যে গুরুত্বপূর্ণ ব্যস্ত সূচি আসছে, মাশরাফি নিজেও জানেন। এই অবস্থায় নিজেকে বিশ্রামে নিয়ে যেতে পারতেন। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচ, কোনো কারণে হেরে গেলে গুরুত্বপূর্ণ ৪ রেটিং পয়েন্ট হারাতে হতো। এসব ভেবেই হয়তো মত বদলেছেন। আসল কারণ যা-ই হোক না কেন, সামনের দিনগুলোতে মাশরাফিকে ভীষণ দরকার বাংলাদেশের।
মাশরাফি নিজেও সামনের দিকে তাকাচ্ছেন, ‘গত দেড় বছরের মতো সময়টায় দল অসাধারণ খেলেছে। সামনে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিরিজ আসছে। আশা করি দলের খেলোয়াড়েরা নিজেদের সেরাটা ধরে রাখবে, আরও শানিয়ে নেবে।’
দলে যে-ই সুযোগ পাচ্ছে, নিজেকে উজাড় করে দিচ্ছে। ৮ বছর পর ওয়ানডে খেলতে নামা মোশরারফ যেমন আজ ৩ উইকেট নিয়ে সফলতম। এটিও ইতিবাচক চোখে দেখছেন মাশরাফি, ‘এটা দলের উন্নতির লক্ষণ। যেই সুযোগ পাচ্ছে, দলে আসছে আর পারফর্ম করছে। এভাবেই তো একটা দল এগিয়ে যায়।’
দলের তরুণেরা বাড়তি দায়িত্ব নিচ্ছে ইদানীং। তবে মাশরাফি সিনিয়রদের পিঠ চাপড়ে দিতে ভুললেন না, ‘গত ৮-১০ বছর ধরেই তারা অবিশ্বাস্য খেলছে। দলের জন্য তাদের অনেক অবদান। সিনিয়ররা যেভাবে পারফর্ম করছে, এটাই তো দলের প্রয়োজন। আশা করি ওরা এর ধারাবাহিকতা ধরে রাখবে।’
ইংল্যান্ড সিরিজের আগে আফগান সিরিজটা দলের জন্য ভালো হলো বলেই মনে করেন তিনি, ‘১০ মাসের মতো দূরে থাকার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সব সময়ই কঠিন। গত ম্যাচের পর এই ম্যাচটা দলের জন্য বাড়তি প্রেরণা হয়ে এসেছিল। ইংল্যান্ড সিরিজের জন্য এখনো আমাদের হাতে বেশ কিছুদিন সময় আছে। আশা করি আমরা কঠিন পরিশ্রম করব। ইংল্যান্ডের বিপক্ষেও ভালো খেলব।’











