যৌথ প্রযোজনার নামে তেলেগু ছবি মুক্তির পাঁয়তারা
বিনোদন ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের সংখ্যা বেড়েছে। কিন্তু চলচ্চিত্র উন্নয়নের দোহাই দিয়ে নামকাওয়াস্তে নির্মিত হচ্ছে এসব যৌথ প্রযোজনার ছবি। এদিকে যৌথ প্রযোজনার নামে বাংলাদেশে তেলেগু ছবি মুক্তির পাঁয়তারা চলছে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় তেলেগু ছবি ‘১০০% লাভ’ [নাগা চৈতন্য-তামান্না]-এর গল্প নিয়ে নির্মিত ‘প্রেম কি বুঝিনি’ নামের ছবিটি মুক্তির প্রচারণা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, ছবিটি সম্প্রতি সেন্সের বোর্ডে জমা দেওয়া হয়েছে। যেখানে যৌথ প্রযোজনার কোনো নিয়ম মানা হয়নি। অথচ সিনেমাপাড়ায় বেশ জোরেশোরেই প্রচার করা হচ্ছে ছবিটি ৭ অক্টোবর সারাদেশে মুক্তি পাচ্ছে। অশোক ধানুকার প্রযোজনায় ছবির দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার দুই অভিনয়শিল্পী ওম ও শুভশ্রী। ছবির পুরো টেকনিশিয়ানও ভারতের। ফলে যৌথ প্রযোজনার নিয়ম না মেনেই ছবিগুলো নির্মিত হচ্ছে বলে অভিযোগ চলচ্চিত্র জগতের অনেকের।
এ অভিযোগের সত্যতা পাওয়া যায় ‘প্রেম কি বুঝিনি’ ছবির ট্রেলার দেখে। ছবির টিজারে যৌথ প্রযোজনার ছিটেফোঁটা লক্ষণও দেখা যায়নি। ফলে এটাকে সম্পূর্ণ কলকাতার ছবি বলা যায়। ছবির সংলাপ, পোশাক, কথাবার্তা বা সংস্কৃতি_ সব কিছুতেই দেখা গেছে কলকাতার প্রভাব।
বলা যায়, যৌথ প্রযোজনার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ছবিটি নির্মাণ করেছেন পরিচালক। ছবিতে যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী দুই দেশের অভিনয়শিল্পীদের নিয়ে কাজের শর্তও পূরণ করা হয়নি। ছবির নায়ক বা নায়িকার মুখ্য ভূমিকায় বাংলাদেশের কাউকেই সুযোগ দেওয়া হয়নি। এ ছাড়া ছবির দৃশ্যধারণ বাংলাদেশের কোথাও করা হয়নি।
এ দেশে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ নতুন কোনো বিষয় নয়। ১৯৭৩ সালে প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের পরিচালনায় ‘ধীরে বহে মেঘনা’র মাধ্যমে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের সূচনা ঘটে। একই বছর ঋতি্বক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ মুক্তি পায়। শুধু ভারতের সঙ্গেই নয়, ১৯৮৩ সালে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের সম্মিলিত প্রযোজনায় ‘দূরদেশ’ নির্মিত হয়েছিল। এরপর থেমে থেমে যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হয়েছে। যদিও সেই সময়কার নিয়ম-কানুন অনেকটা কড়াকড়ি ছিল। তখনকার নির্মাতারা নিয়মমাফিক কাজ করতেন। তাই তখন যৌথ প্রযোজনার ছবি নিয়ে তত সমালোচনা হয়নি।
১৯৮৬ সালের যৌথ প্রযোজনার নীতিমালায় সব দেশের শিল্পীদের সমান হারে অংশগ্রহণের নিশ্চয়তা বাধ্যতামূলক করা হয়।
বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা-২০১২ [সংশোধিত]-এর ৬ নম্বর ধারায় উল্লেখ আছে, ‘এ ক্ষেত্রে [যৌথ প্রযোজনা] প্রতি দেশের শিল্পী ও কলাকুশলীর সংখ্যানুপাত সাধারণভাবে সমান রাখতে হবে। একইভাবে চিত্রায়নের লোকেশন সমানুপাতিক হারে নির্ধারণ করতে হবে।’ ঘোষণা অনুযায়ী ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজীজ ও কলকাতার সুদীপ্ত সরকার। কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া ছবির টিজারে ও উইকিপিডিয়াতে পরিচালক হিসেবে দেখা যাচ্ছে সুদীপ্ত সরকারকে। অনেক নির্মাতা মনে করেন, আসলে এটি শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই নয়। এমন যৌথ প্রযোজনার ছবি নির্মাণের ঘোর বিরোধী নায়করাজ রাজ্জাক। তিনি বলেন. ‘এটা ঠিক যে, বেশ কয়েক বছর ধরেই আমাদের চলচ্চিত্রের খারাপ অবস্থা চলছে। এখন যৌথ প্রযোজনার নামে যা হচ্ছে তা আমাদের চলচ্চিত্রের জন্য আত্মঘাতী। এটা চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতোই। যৌথ প্রযোজনার যে নিয়ম, এখন তা কেউই মানছে না। ফলে যা হওয়ার তাই হচ্ছে।’
এখন প্রশ্ন হচ্ছে, যৌথ প্রযোজনায় কেন তেলেগু বা তামিল ছবির রিমেক করতে হবে?
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি নিজেদের মৌলিক গল্প নিয়ে কাজ করলে ভালো হয়। আর সে কারণে আমি ও আমার বন্ধুরাও সব সময় চেষ্টা করি নিজেদের গল্প নিয়ে কাজ করার।’
এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, “যৌথ প্রযোজনার নির্মিত ছবিতে দুই দেশের শিল্পী ও কলাকুশলীদের সমান অংশগ্রহণ থাকতে হবে। তা না হলে আমাদের আপত্তি আছে। ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। ছবিটি এখনও দেখিনি। সেন্সর বোর্ডে দু-একদিনের মধ্যে ছবিটি দেখব।”
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে মৌলিক গল্পের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে দুই দেশের সমান অংশগ্রহণ থাকতে হবে।’ বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বর্তমানে যৌথ প্রযোজনার বাইরে কোনো ছবি নির্মাণ করছে না। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজীজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।











