অন্যরকম আয়োজনে চট্টগ্রামে বাদশা-নেভার বিয়ে!
বুধবার সকাল ১১ টা। বাদক দলের সানাই ও ঢোলের আওয়াজে অন্যরকম এ উৎসবে পরিণত হলো চট্টগ্রামের ফয়েজ লেকের চিড়িয়াখান। তিন শতাধিক অতিথি নিয়ে হাজির হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। কেক কেটে, বেলুন উড়িয়ে অতিথিদের করতালি ও বর্ণাঢ্য আয়োজনে ধুমধামের মধ্য দিয়ে হয়ে গেল রংপুরের সিংহ বাদশা ও চট্টগ্রামের সিংহী নোভার বিয়ের আয়োজন করলেন। সদ্য জবাই করা গরুর মাংস দিয়ে বর কনেকে আপ্যায়নও করা হলো। আপ্যায়ন করা হলো অতিথিদেরও। সব শেষ হলো বাদশা-নোভার বাসর। এর মধ্যে দিয়ে শেষ হলো সিংহ বাদশা ও সিংহী নোভার একাকীত্ব জীবনের অবসান!
চিড়িয়াখানা সূত্র জানান, বাদশা নেভার বিয়ের আগে তাদের প্রেম বিনিময়ের জন্য ১৬ দিন পাশাপাশি খাচায় রাখা হয়। তাদের বিয়ের দাওয়াতপত্র পৌঁছানো হয় অতিথিদের কাছে। সেই দাওয়াতপত্রটির ভাষা মানুষের বিয়ের মতো!
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমীনের স্বাক্ষরিত সেই দাওয়াতপতে লেখা উল্লেখ করা হয়েছে, ‘প্রিয় সাংবাদিক বন্ধু, সালাম গ্রহণ করুন। আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী ‘নোভা’ রংপুরের সিংহ বাদশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। এতে সিংহী নোভার দীর্ঘ ১১ বছরের একাকিত্ব জীবন দূর হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চিড়িয়াখানার পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।’

চিড়িয়াখানার পৃষ্ঠপোষক, পরিচালনা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা পুরো বিয়ের আয়োজনে সঙ্গে ছিলেন। খাঁচাবন্দি দুই সিংহ-সিংহীর বিয়েকে ঘিরে চিড়িয়াখানার ফটক, ওয়াকওয়ে ও পশুপাখির খাঁচা রংবেরঙের বেলুন, ফেস্টুন ও জরি দিয়ে সাজানো হয়। তাদের বিয়ের আগে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে চিড়িয়াখানার নতুন ফটক উদ্বোধন করেন জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, এডিসি শিক্ষা হাবিবুর রহমান, কবি অভীক ওসমান, সেলিনা শেলী, চিড়িয়াখানার সদস্য সচিব রুহুল আমীন, ডেপুটি কিউরেটর চৌধুরী মো. মনজুর মোরশেদসহ বিপুল সংখ্যক সাংবাদিক ও স্কুলশিক্ষার্থী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৬ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছিল সিংহ শাবক ‘বর্ষা’ ও ‘নোভা’। দুই বোনের জন্মের কিছুদিন পর তাদের মা ‘লক্ষ্মী’ এবং ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি বাবা ‘রাজ’ মারা যায়। এরপর আর কোনো নতুন সিংহ চিড়িয়াখানায় আনা হয়নি। একই সঙ্গে চিড়িয়াখানায় আর কোনো পুরুষ সিংহ না থাকায় ‘বর্ষা’ ও ‘নোভা’ কুমারী থেকে যায়। তাদের ঘর-সংসার করাও হয়ে ওঠেনি। অনেক খোঁজখবর করেও উপযুক্ত পুরুষ সিংহ পাওয়া যায়নি। সম্প্রতি সংবাদপত্রের মাধ্যমে রংপুর চিড়িয়াখানায় দুটি পুরুষ সিংহ থাকার খবর পায় চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর বর্ষা ও নোভার মধ্য থেকে একটি রংপুর চিড়িয়াখানার সঙ্গে অদলবদল হয়। বর্ষাকে গত ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে রংপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ‘রাজা’র সঙ্গী হবে বর্ষা। গত ৫ সেপ্টেম্বর বর হিসেবে রংপুর থেকে চট্টগ্রাম আনা হয়েছিল ‘বাদশা’কে। ডেপুটি কিউরেটর মনজুর মোরশেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম বাদশাকে দুটি লোহার খাঁচায় পুরে ট্রাকে চড়িয়ে নিয়ে এসেছিলেন। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এবং দুটি সিংহ যাতে মারামারি না করে সে জন্য পৃথক খাঁচায় পাশাপাশি রাখা হয়। এখন থেকে তারা থাকবেন একই খাচায়। নতুন সিংহ দম্পতিকে এক নজর দেখার জন্য দশনার্থীদের ঢল নেমেছে ফয়েস’ লেকস্থ চিড়িয়াখানায়।











