সাত গোলের বন্যা দিয়েই বার্সার শুরু
স্পোর্টস ডেস্ক : মাত্র তিন দিন আগে এ মাঠেই পুঁচকে আলাভেসের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার জ্বালা দারুণভাবে মিটিয়ে নিল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে কাল সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ১৯৬৭-র চ্যাম্পিয়নদের এটি ইউরোপে সবচেয়ে বড় পরাজয়।
লিওনেল মেসি রেকর্ড হ্যাটট্রিক করেছেন। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করেছেন নেইমার। এমএসএনের জ্বলে ওঠার রাতে চোখধাঁধানো ভলিতে গোল করেছেন আন্দ্রেস ইনিয়েস্তাও।
মাত্র তিন মিনিটেই ম্যাচে নিজের প্রথম গোল করা মেসি সুয়ারেজকে দিয়ে গোল করিয়েছেন। নেইমারের ফ্রি কিকও তাঁর আদায় করা। নেইমার-সুয়ারেজ আবার মেসির বাকি দুই গোল বানিয়ে দিয়েছেন।
বক্স ও এর আশপাশে জটলার মধ্যেই মেসি নেইমারের দুর্দান্ত ওয়ান-টু একের পর এক গোল-সুযোগ তৈরি করছিল বার্সার জন্য। প্রথম গোলটি এসেছে এমনই জ্যামিতি মেলানো ওয়ান-টু থেকে। সেল্টিক অবশ্য দ্রুতই ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। গোলরক্ষক টের স্টেগেনের ভুলে পেনাল্টি পেয়ে যায় সেল্টিক। স্টেগেন নিজে সেই পেনাল্টি বাঁচিয়েও দেন।
১-১ সমতা এসে গেলে হয়তো ম্যাচটার গতিপথ বদলে যেত। কিন্তু সেল্টিক দেখল, সেখান থেকেই বার্সা কীভাবে তাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে। ২৭ মিনিটেই মেসির দ্বিতীয় গোল। এবারও নেইমারের সঙ্গে নেই দারুণ বোঝাপড়া।
বার্সা সবচেয়ে বেশি ঝলসে উঠেছিল ৫০ থেকে ৬০ মিনিটের মধ্যে। এই ১০ মিনিটেই প্রতিপক্ষের জালে তিন গোল। প্রথমে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে নেইমারের সেই ফ্রি কিক। ৫৯ মিনিটে ইনিয়েস্তার ভলি। এরপর ৬০ মিনিটে মেসির এই টুর্নামেন্টে রেকর্ড ষষ্ঠ হ্যাটট্রিক পূর্ণ করে ফেলা।
মেসি একটা করে গোল করেছেন আর সুয়ারেজকে কী যেন বলেছেন। হয়তো খোঁচাচ্ছিলেন, কী রে, তুই তো এখনো দেখি ফাঁকা হাতে বসে আছিস। বাকিটা সময় খেললেন সুয়ারেজ। ৭৫ ও ৮৮ মিনিটে তাঁরও দুই গোল। এর মধ্যে গোলপোস্ট পেছনে রেখে বুকে বল রিসিভ করে, বল পড়তে পড়তেই মুখ ঘুরিয়ে যে ভলিটা নিলেন, এ যেন শুধু সুয়ারেজের পক্ষেই সম্ভব।
অঘটন সামলে বড় জয়, মেসির হ্যাটট্রিক, এমএসএনের দ্রুতই নিজেদের সেই বোঝাপড়া ফিরে পাওয়া; এসব ছাপিয়েও বার্সা কোচের জন্য বড় স্বস্তি হতে পারেন ইনিয়েস্তা। গত মৌসুম থেকেই চোট যেন মাঝমাঠের জাদুকরকে নিজের সেরাটা দিতে দিচ্ছে না। বার্সা মাঝমাঠে বেশ ভুগছেও। কাল বদলি হিসেবে নামার পর ইনিয়েস্তা তাঁর সেই সেরা সময়ের ডিফেন্স চেরা লম্বা পাসগুলো যেভাবে ঠেলছিলেন, কখনো কখনো সেগুলো দেখতে গোলগুলোর চেয়েও ছিল চোখধাঁধানো।
এই বার্সাকে রুখবে কে!











