ঈদের খুশিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে
ডা. শাকিল মাহমুদ : ঈদের খুশি ও আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিজে উপভোগ করার জন্য শারীরিক সুস্থতা খুবই প্রয়োজন। ঈদে সুস্থ থাকার জন্য চাই পরিমিত ও নিয়মিত খাদ্য গ্রহণ। ঈদে অস্বাস্থ্যকর খাবার ও অতিভোজন আপনার ও পরিবারের ঈদ আনন্দ নষ্ট করে দিতে পারে। তাই ঈদে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন হোন।
ঈদে স্বাস্থ্যঝুঁকি ও করণীয়
১. হঠাৎ এসিডিটি বেড়ে যাওয়া। এ জন্য তৈলাক্ত খাবার কম খান।
২. পেট ফাঁপা ও বদ হজম হওয়া। এ জন্য অতিভোজন ও অনিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ পরিহার করুন।
৩. বমিবমি ভাব ও বমি হওয়া। তৈলাক্ত খাবার থেকে গ্যাস হয়ে বমি হতে পারে। তাই গ্যাস নিয়ন্ত্রণ করুন।
৪. তলপেট ব্যথা করা। খাবার বেশি করে চিবিয়ে খান এবং পরিমাণমতো পানি পান করুন।
৫. ঘন ঘন পাতলা পায়খানা ও আমাশয় হওয়া। অস্বাস্থ্যকর খাবার খাবেন না। বিশুদ্ধ পানি পান করুন।
৬. কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন।
৭. অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার ডায়াবেটিস বাড়াতে পারে। তাই মিষ্টিজাতীয় খাবার কম খান।
৮. অতিরিক্ত লবণ ও চর্বিজাতীয় খাবার হার্টের সমস্যা ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিয়ে মৃত্যুর কারণ হতে পারে। তাই কম লবণ ও কম চর্বিজাতীয় খাবার খান।
৯. অতিরিক্ত প্রোটিনজাতীয় খাবার কিডনি রোগীদের জটিলতা বাড়াতে পারে। অতিরিক্ত মাংস খাবেন না।
১০) দাঁতে প্রচণ্ড ব্যথা হতে পারে। দাঁতের ফাঁকে মাংস জমে প্রচণ্ড দাঁত ব্যথা হতে পারে। দাঁত ব্রাশ নিয়মিত করুন এবং দাঁতের ফাঁকে জমা মাংস বের করুন।
১১) বাত, ব্যথা বাড়তে পারে এ সময়। কারণ, বেশি মাংস খেলে শরীরে ইউরিক এসিড জমা হয়ে বাত, ব্যথা বৃদ্ধি করে।
১২) নিয়মিত ব্যায়াম করে থাকলে ব্যায়াম ছাড়বেন না। ব্যায়াম ছাড়লে স্বাস্থ্যঝুঁকি বাড়বে।
১৩) গ্রামের বাড়িতে গিয়ে পুকুর, নদী, খাল বিলে সাবধানের সঙ্গে গোসল করবেন।
১৪) শৃঙ্খলা মেনে চলুন। অতি উৎসাহী বা আবেগতাড়িত হয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না। সূত্র: এনটিভি অনলাইন
লেখক : সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার, ঢাকা।











