সালমান শাহের জনপ্রিয় পাঁচ গান (ভিডিও)
নব্বই দশকের অমর নায়ক সালমান শাহকে আজও তার ভক্তরা মনে রেখেছেন মন ভরানো রোমান্টিক অভিনয়ের জন্য। বলা হয়ে থাকে, সালমানের পর তার মতো নিখুত অভিনয় ও স্টাইলিশ হিরো ইন্ডাস্ট্রিতে আর আসেনি! সালমানের ছবি মানেই শাশ্বত প্রেম আর রোমান্সের মুন্সিয়ানা। তার ২৭টি ছবিতেই ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া রোমান্টিক গান। সেগুলো ঘুরে ফিরে বাজতো মানুষের মুখে মুখে। আজো সেইসব গান মুগ্ধতা দিয়ে যায়। নাড়া দেয় সালমান ভক্তদের মনে।
আজ (৬ সেপ্টেম্বর), সালমান শাহ্ এর ২০ তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহ্-এর ভক্তদের জন্য তার পাঁচটি সর্বাধিক জনপ্রিয় গান তুলে ধরা হলো-
ভালো আছি ভালো থেকো (তোমাকে চাই)
মৌসুমীর সঙ্গে অভিমান শুরু হলে শাবনূরকে নিয়ে জুটি গড়ে তোলেন সালমান শাহ। সেই ধারাবাহিকতায় ১৯৯৩ সালে মুক্তি পায় ‘তোমাকে চাই’ ছবিটি। মতিন রহমান পরিচালিত এই ছবিতে সালমান-শাবনূরের অভিনয় মুগ্ধ করেছিলো চলচ্চিত্রপ্রেমীদের। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছিলো ছবিতে প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কথা ও সুরে ‘ভালো আছি ভালো থেকো’ শিরোনামের বিখ্যাত গানটি। এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে গানটির নতুন সংগীতায়োজন করেছিলেন কিংবদন্তি গীতিকবি ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর এই গানে সালমান-শাবনূরের অভিনয় ছিলো অনবদ্য। বিশেষ করে শাবনূরের চিঠি পাওয়ার পর আবেগে সালমানের চোখের জল মোছার দৃশ্য আজো প্রেমিক হৃদয়ে ঝড় তোলে।
https://www.youtube.com/watch?v=7SQciwsRZ2c
আমি তোমার প্রেমে পাগল (দেনমোহর)
১৯৯৫ সালের রোজার ঈদে মুক্তি পায় শফী বিক্রমপুরী পরিচালিত ‘দেনমোহর’ ছবিটি। এতে অভিনয় করেছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও মৌসুমী। ছবিতে ‘আমি তোমার প্রেমে পাগল তাই তো করি পাগলামি’ শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। আজও সালমান-মৌসুমী জুটির ভক্তরা এই গানে খুঁজে ফেরেন নিজেদের যৌবনের ফেলে আসা রোমান্টিকতা।
পৃথিবীতে সুখ বলে ( জীবন সংসার)
জাকির হোসেন রাজু পরিচালিত `জীবন সংসার` ছবির সালমান শাহ-শাবনূরের `পৃথিবীতে সুখ বলে` গানটির আজও সবার মাঝে নন্দিত। ১৯৯৬ সালে ছবিটি মুক্তির পর সুপারহিট হয়। গানে কণ্ঠ দিয়েছিলেন আগুন-সাবিনা ইয়াসমিন। ছবিটি প্রযোজনা করেছিল সমন্বয় চলচ্চিত্র।
https://www.youtube.com/watch?v=oLZx3WHD2Go
তুমি মোর জীবনের ভাবনা (আনন্দ অশ্রু)
১৯৯৭ সালে শিবলী সাদিক পরিচালিত আনন্দ অশ্রু ছবিটি মুক্তি পায়। ছবিটি যেমন দারুণভাবে প্রশংসিত হয় তেমন তার গানগুলোও আজও তুমুল জনপ্রিয়। যেমনটা তুমি মোর জীবনের ভাবনা গানটি। এই গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং সালমা জামান। সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
ও আমার বন্ধু গো (কেয়ামত থেকে কেয়ামত)
সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘতে সালমান শাহ্-মৌসুমী দুজনেরই। এই ছবির ও আমার বন্ধু গো নামের একটি দুই যুগ পার হলেও আজও বাজে সবার কানে। গানে কণ্ঠ দিয়েছিলেন আগুন এবং রুনা লায়না। ছবিতে সালমান শাহ্- মৌসুমি ছাড়াও অভিনয় করেছিলেন রাজিব, দিলদার, খালেদা আকতার কল্পনা প্রমুখ।
https://www.youtube.com/watch?v=OvOQLF5_dlA











