তিতাস নদীর দুপাড় দখল হচ্ছে বয়লার আর ইট ভাটায়
নিজস্ব প্রতিবেদক : প্রমত্তা তিতাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রাণের স্পন্দন। তিতাস পাড়ের জেলেদের সুখ-দুঃখ নিয়ে কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ লিখেছিলেন ‘তিতাস একটি নদীর নাম’। তিতাসের সেই বিশালতা এখন আর নেই। চোখে পড়েনা কূল জোড়া জলের সেই দুরন্ত ঢেউ। নাব্যতা হারিয়ে মেঘনা কন্যাখ্যাত তিতাস ক্রমশ জরাজীর্ণ ও দূর্বল খালে পরিণত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কৃষক ও জেলেদের জীবন-জীবিকার প্রধান উৎস তিতাস নদী পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে। এক সময় যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল বাণিজ্যিক হাট-বাজার সেই নদীর করুণ দশায় তিতাস পাড়ের মানুষের জীবন-জীবিকা এখন হুমকির সম্মুখীন। দীর্ঘ দিন ধরে তিতাস নদী খনন না করার কারণে লাখ লাখ মানুষের জীবন জীবিকা ব্যাহত হচ্ছে। তারা বাপ-দাদার পুরানো জেলে পেশা ছেড়ে অন্য কাজের দিকে ঝুকছেন। সরেজমিনে ঘুরে দেখা যায় যে নদীর দুপাড়ে গড়ে উঠেছে অসংখ্য ধান-চালের বয়লার ও ইট ভাটা। আর ইট ভাটার মালিকেরা তাদের খুশি মত যত টুকু পারছে দখল করে নিচ্ছে নদীর দুই পাড় । এ যেন দখলের মহাৎসব। ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর দুপাড়ে এভাবেই দখলের ফলে নদীর হারাচ্ছে তার মূল অস্তিত্ব। ছোট হয়ে আসছে নদীর বুক । নদীটি দ্রুত খনন না হলে বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়ার সাথে অনেক জেলার লঞ্চ চলাচল। নদীর বিভিন্ন স্থানে ছোট -বড় চর ভেসে উঠায় নদীতে চলাচল করা একটি লঞ্চ অপরটিকে সাইড দিতে বেশ সমস্যায় পড়তে হয়। এর প্রধান কারণ নদীর গভীরতা কমে যাচ্ছে, নদীর তল দেশে পলি জমে পানির উচ্চতা হ্রাস পাচ্ছে। তাই সরকারে পক্ষ থেকে দ্রুত এই তিতাস নদী খনন করা না হলে ব্রাহ্মণবাড়িয়ার সাথে নরসিংদী-ভৈরব-আশুগঞ্জ-নবীনগরসহ সারা দেশের লঞ্চ চলাচল এক সময় বন্ধ হয়ে যাবে বলে আশংকার কথা জানান নদী বিশ্লেষক ও লঞ্চ চালকরা। আর তাতে আর্থিক ভাবে বেশ ক্ষতিগ্রস্ত হবে নদী নির্ভয়শীল সাধারণ খেটে -খাওয়া মানুষ ও ব্যবসায়ীরা। পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মঞ্জুর হোসেন চৌধুরী আমাদের কে বলেন, অগ্রাধিকার প্রকল্প হিসাবে তিতাস নদী খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিতাসের ১৩০ কিলোমিটারের মধ্যে প্রায় ৯১ কিলোমিটার নদী খননের জন্য ১৫৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব তও্বাবধানে এ কাজ তদারকি করা হবে। এ বছর খনন কাজ শুরু হলে আশাকরি ২০২০ সালের জুন মাস নাগাদ শেষ হবে। অবৈধ দখলের ব্যাপারে আমরা খোজ খবর নিচ্ছি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্হা নেওয়া হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নদী নির্ভর বিভিন্ন পেশার মানুষ তারা বলেন, নদীটি যত তাড়াতাড়ি খনন করা হবে তাতে উপকৃত হবেন তিতাস পাড়ে নদী নির্ভয়শীল সাধারণ খেটে খাওয়া মানুষ। আর ব্রাহ্মণবাড়িয়া বাসি ফিরে পাবে সেই তিতাস নদীর চিরচেনা সেই পুরানো রূপ। কৃষক, জেলে, নৌ শ্রমিকদের জীবন-জীবিকায় ফিরে আসবে প্রাণ চাঞ্চল্য। আর তাতে নদী নির্ভয়শীল মানুষ গুলি হবে আর্থিক ভাবে বেশ স্বাবলম্বী। এমনটায় প্রত্যাশা তিতাস পাড়ের মানুষের।












