উজবেকিস্তানের প্রেসিডেন্ট বেঁচে আছেন না মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক :উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভের ‘মৃত্যুতে’ শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান, কিন্তু খোদ উজবেকিস্তান এখনো বলেনি তাদের প্রেসিডেন্ট বেঁচে আছেন কি মারা গেছেন। তবে গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট ইসলাম করিমভের স্বাস্থ্য নিয়ে তীব্র জল্পনা-কল্পনা চলছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথম প্রেসিডেন্ট করিমভের গুরুতর অসুস্থতার খবর দেয়া হয়। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটেছে বলেও জানায় রাষ্ট্রীয় টেলিভিশন।
এদিকে ইসলাম করিমভের নিজ শহর সমরখন্দের রাস্তাঘাট পরিষ্কার করছে পরিচ্ছন্নতাকর্মীরা। এর ফলে জল্পনা-কল্পনা চলছে যে, এসবই প্রেসিডেন্ট করিমভকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি। অন্যদিকে কাজাখাস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ চীনে তার সফর সংক্ষিপ্ত করে উজবেকিস্তানে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। সব মিলিয়ে প্রেসিডেন্ট করিমভের ‘মৃত্যুর’ গুজবটিতে বেশ হাওয়া লেগেছে।
ইসলাম করিমভ গত ২৫ বছরের বেশি সময় ধরে উজবেকিস্তান শাসন করছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসা উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক কমিউনিস্ট নেতা ইসলাম আবদুগানিয়েভিচ করিমভ। উজবেকিস্তানে সেটাই ছিল সর্বশেষ সত্যিকারের নির্বাচন।
এরপর ক্ষমতায় আসেন করিমভ। তিনি রাজনৈতিক বিরোধীদের জেলে ভরতে শুরু করেন, অনেককে নির্বাসনে পাঠানো হয়। কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে হাজার হাজার মুসলমানকে তিনি কারাবন্দী করেন। তারপরও তিনি দাবি করেন, উজবেকিস্তান তার মতো করে গণতন্ত্রের চর্চা করছে।
তবে এই ‘গণতন্ত্রে’ বাকস্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা বলতে কিছু নেই।
করিমভের অবর্তমানে কে উজবেকিস্তানের হাল ধরবেন সেটা এখন বড় প্রশ্ন। একসময় তার বড় মেয়ে গুলনারাকেই সম্ভাব্য উত্তরসূরি বলে ভাবা হতো। কিন্তু নানা রকম ব্যবসায়িক কেলেঙ্কারি এবং বিলাসবহুল জীবনযাপনের কারণে তার সেই সম্ভাবনা আর নেই, বরং তাকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে।
সম্ভাব্য উত্তরসূরী হিসেবে এখন যে দুজনের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন প্রধানমন্ত্রী শাভকাত মিরজিয়ায়েভ এবং ডেপুটি প্রধানমন্ত্রী রুস্তাম আজিমভ।











