মন্দিরের টাকায় মসজিদ হচ্ছে অযোধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক :অযোধ্যায় এক মন্দিরের জায়গার গড়ে উঠতে চলেছে মসজিদ। শুধু তাই নয়, মসজিদের নির্মাণ খরচও দেবে মন্দির কর্তৃপক্ষ।
হনুমানগড়ী মন্দির প্রাঙ্গণে অবস্থিত ৩০০ বছরের পুরোনো আলমগিরি মসজিদটি নতুন করে তৈরি হতে চলেছে। সম্প্রতি অযোধ্যা পৌরসভা আলমগিরি মসজিদটিকে বিপজ্জনক বলে ঘোষণা করার পরই সেখানে নতুন করে মসজিদটিকে গড়ে তোলার জন্য এগিয়ে এসেছে মন্দির ট্রাস্ট।

পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যেকোনো মুহূর্তে মসজিদটি ভেঙে পড়তে পারে। এ আশঙ্কায় ওই মসজিদে কারও ঢোকা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এরকম এক অবস্থায় এগিয়ে এল হনুমানগড়ি মন্দির ট্রাস্ট।
১৭ শতকে আলমগিরি মসজিদটি তৈরি হয়েছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে। সেই সময় ওই মসজিদটি তৈরি করা হয় আরগারা নামে একটি জায়গায়। পরে ১৭৬৫ সালে নবাব সুজাউদুল্লাহ ওই জায়গাটি দান করেন গনুমানগড়ী মন্দির ট্রাস্টকে। তবে তিনি শর্ত দেন ওই মসজিদে নামাজ পড়া বন্ধ করা যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে ওই মসজিদে নামাজিদের সংখ্যা কমে যায়। একসময় একেবারের পরিত্যক্ত হয়ে পড়ে মসজিদটি। এবার সেই মসজিদটিকেই নতুন ভাবে গড়ে তোলা হবে।
জ্ঞান দাস বলেন, আমি আমার মুসলিম ভাইদের বলেছি মসজিদ নির্মাণ ও সংস্কার করতে আমরাই সব খরচ দেব। এক্ষেত্রে নামাজ পড়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেটও দিয়ে দেয়া হবে। কারণ এটাও খোদার ঘর।











