বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন নিয়ে খালেদাকে কী বলেছেন কেরি ?

khaleda-kerry-550x334 (1)ঢাকায় ঝটিকা সফর করে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেনি। অনেকের সঙ্গেই বৈঠক করেছেন। মূল আলোচনায় ছিল প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার বৈঠক। খালেদা-কেরি বৈঠকে গণতন্ত্র, জাতীয় নির্বাচন ও জঙ্গির প্রাধান্য পেয়েছে। তবে খালেদা জিয়া সবচেয়ে বেশি গণতন্ত্র ও আগামী জাতীয় নির্বাচনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। বিএনপির তরফ থেকে কেরিকে বারবার বোঝানোর চেস্টা করা হয়েছে, বাংলাদেশে জাতীয় নির্বাচন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য।
ঘণ্টাব্যাপী কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আধাঘণ্টার বেশি সময় ধরে শুনেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। প্রকাশ্য ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুধু উন্নয়ন অংশীদার (পার্টনার) নয়, বন্ধু হতে চায়। ঘোষণা দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে থাকার।
সবকিছু ছাপিয়ে লক্ষণীয়ভাবে জন কেরির কণ্ঠে একাধিক দফায় উচ্চারিত হয়েছে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা। জাতির জনকের কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এমন মন্তব্য নিজ হাতে লিখে স্বাক্ষর করেছেন জন কেরি।
বেগম খালেদা জিয়ার বৈঠকটি ছিল সবচেয়ে আলোচিত বিষয়। কারণ খালেদা জিয়ার সঙ্গে বৈঠক না হবার কথাও ছিল। বিএনপির কূটনৈতিক তৎপরতায় অবশেষে বৈঠকটি হয়েছে। সোমবার বিকালে বারিধারায় যুক্তরাষ্ট্রের চ্যান্সেরি কমপ্লেক্স ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, “তারা (যুক্তরাষ্ট্র) আশাবাদী, আমরাও (বিএনপি) আশাবাদী যে মার্কিন সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নও হবে, একই সঙ্গে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় কেরি বহু দলীয় গণতন্ত্রের উপর জোর দিয়েছেন, যেখানে সবার মত প্রকাশের অধিকার সুরক্ষিত থাকবে।
মহাসচিব ফখরুল বলেন, ‘বৈঠকে জন কেরির সঙ্গে আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ‘বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, আইনের শাসনকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সহকারে কাজ করতে চান, আগ্রহী।’
৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের বৈধতা নেই বলে বিএনপি দাবি করে আসছে।
২০১৪ সালে বাংলাদেশের ওই জাতীয় নির্বাচন নিয়ে ওয়াশিংটনও অসন্তোষ জানিয়েছিল। তারা সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচনের প্রত্যাশাও জানিয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের বিষয়ে কী ধরনের আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপির মহাসচিব।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কথা হয়েছে। আগামী নির্বাচন সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।’ বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে এলেও তা নাকচ করে আসছে আওয়ামী লীগ। মধ্যবর্তী নির্বাচনের দাবিও নাকচ করছেন ক্ষমতাসীন দলটির নেতারা।
বিএনপি’র কূটনৈতিক উইং সূত্রে জানা গেছে, বৈঠকের একপর্যায়ে জন কেরি এবং খালেদা জিয়া কিছুক্ষণ একান্তভাবে কথা বলেছেন। এছাড়া বৈঠকে বিএনপি’র তরফে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত বক্তব্যও দেয়া হয়েছে।
সেখানে ২০১৪ সালের ৫ই জানুয়ারির একতরফা নির্বাচন, বর্তমান সরকারের আমলে বিরোধী দলকে গণতান্ত্রিক রাজনীতি চর্চার সুযোগ না দেয়া, বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন ও সর্বশেষ জঙ্গিবাদ প্রতিরোধে বিএনপি চেয়ারপারসনের জাতীয় ঐক্যের আহ্বান এবং সরকারের তরফে প্রত্যাখ্যানসহ সার্বিক বিষয়ের সার-সংক্ষেপ রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ৫ই মে দুইদিনের বাংলাদেশ সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে দেশটির জাতীয় নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। সেবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে তাদের বৈঠকটি হয়েছিল।