ইতিবাচক রাজনীতির ইঙ্গিত খালেদার?
নিজস্ব প্রতিবেদক : গতকাল ১৫ আগস্ট ছিল জাতির জনকের ৪১তম শাহাদাৎবার্ষিকী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতীতে ১৫ আগস্ট জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন পালন করে এসেছেন। কিন্তু এবার জন্মদিন পালনের সেই ধারাবাহিকতা থেকে তিনি বেরিয়ে আসায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যদিও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবুও বহুদিন ধরে চলে আসা এই বিতর্কের আপাতত অবসান হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিষয়টিকে ইতিবাচক রাজনীতির শুরু বলে মনে করা হলেও রাজনীতিকরা তা কতটুকু ইতিবাচক হিসেবে নেবেন- সে বিষয়ে তারা যথেষ্ট সন্দিহান।
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন। একই সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়ারও জন্মদিন; যদিও তার জন্মদিনের তারিখ নিয়ে বিতর্ক আছে। প্রতি বছর এই দিনটিতে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করে আসছেন বিএনপি নেত্রী। তবে এবার ৭১ বছরে পদার্পণ করা খালেদা জিয়া তার জন্মদিনের কেক কাটেননি। এমনকি দলের নেতাকর্মীদের অন্যান্য বছরের মতো আনুষ্ঠানিকভাবে কেক ও ফুল নিয়ে গুলশান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে যেতে নিষেধও করেছেন।
যদিও এই ধারাবাহিকতার কিছুটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন তার গত জন্মদিনে। গত বছর ১৫ আগস্ট প্রথম প্রহরে কেক কাটেননি খালেদা জিয়া। তবে সেদিন দিবাগত রাতে তিনি একাধিক কেক কেটেছিলেন।
ধারাবাহিকতা ভেঙে এবার জন্মদিনের অনুষ্ঠান না করার বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাইজিংবিডিকে বলেন, ‘দেশের মানুষ যে ভাবে গণতন্ত্রবিহীন অবস্থায় অনিরাপদ জীবনযাপন করছেন, তাতে মানুষ খুব কষ্টে আছেন। বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এছাড়া বিএনপির বহু নেতাকর্মী বিনা দোষে কারাগারে কষ্টে আছেন। এদিকে দেশের বিভিন্ন স্থানে বানভাসী মানুষের দুঃখ দুর্দশা চরম আকার ধারণ করেছে। এমতাবস্থায় এ বছর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন নেত্রী।’
‘দেশের সার্বিক অবস্থার কথা চিন্তা করে’ বিএনপি নেত্রী জন্মদিনের অনুষ্ঠান থেকে সরে এসেছেন বলে দলটির নেতারা জানালেও বিএনপির সূত্রগুলো বলছে, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেওয়া খালেদা জিয়া ইতিবাচক রাজনীতির সূচনা করতে চাইছেন। গত মার্চে দলের ষষ্ঠ কাউন্সিলে তিনি যে ভিশন ২০৩০-এর রূপকল্প ঘোষণা করেছেন, সেখানেও ইতিবাচক রাজনীতির কথাই বলেছেন। সে জন্য বঙ্গবন্ধুকে হত্যার দিনে জন্মদিন পালন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বহুদিন ধরে যে বিতর্ক চলে আসছে, সেটির অবসান ঘটালেন বিএনপি প্রধান। তবে রাজনৈতিক কারণে দলটির নেতারা ‘দেশের সার্বিক অবস্থার’ বিষয়টি বলছেন।
সূত্রটি আরো জানায়, বিএনপির জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু করার পর খালেদা জিয়ার ‘পরামর্শক’ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ ১৫ আগস্ট জন্মদিন পালন না করার জন্য খালেদা জিয়াকে পরামর্শ দেন। পরে জাতীয় ঐক্য ইস্যুতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে একই পরামর্শ দেন। বিষয়গুলো আমলে নিয়ে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে বিতর্ক এড়াচ্ছেন বিএনপি নেত্রী।
জানতে চাইলে ডা. জাফরুল্লাহ রাইজিংবিডিকে বলেন, ‘১৫ আগস্ট জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে তিনি একটি উত্তম কাজ করেছেন। এর মাধ্যমে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ইতিবাচক বার্তাও দিয়েছেন।’
তিনি বলেন, ‘এখন দেখার বিষয়, সরকার এই বিষয়টিকে কীভাবে দেখেন। ক্ষমতাসীনদেরও উচিত জিয়াকে নিয়ে (বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান) কটূক্তি বন্ধ করা। কারণ, দেশের স্বার্থে এসব পাগলামো বন্ধ করা সময়ের দাবি। তাহলেই সংকট সমাধানে আলোচনার একটি পথ খুলে যেতে পারে।’
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯১ সালে ক্ষমতায় আসার দুই বছর পর ১৯৯৩ সালের ১৫ আগস্ট জন্মদিন উদযাপন শুরু করেন খালেদা জিয়া। তবে সেটি ছিলো ঘরোয়া পরিবেশে। তবে ১৯৯৬ সালে বিরোধী দলে থাকা অবস্থায় ঘটা করে জন্মদিন পালন শুরু করেন তিনি। দলটির সর্বস্তরের নেতাকর্মীরাও দেশব্যাপী এই দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করে আসছেন। সে-সময় জাতীয়তাবাদী যুবদলের এক নেতা ও বেশ কয়েকজন বুদ্ধিজীবীর পরামর্শে জাঁকজমকভাবে জন্মদিন পালন শুরু হয় বলে দলীয় পরিমণ্ডলে আলোচনা আছে। যদিও ১৫ আগস্ট জন্মদিন পালন করা নিয়ে বিএনপির মধ্যে উদারপন্থী একটি অংশ বরাবরই অস্বস্তিতে ছিলেন।
জানতে চাইলে দলের এমন একজন নেতা রাইজিংবিডিকে বলেন, ‘এতোদিন পরে নেত্রী (খালেদা জিয়া) ১৫ আগস্ট জাঁকজমকভাবে জন্মদিন পালন না করে খুবই চমকপ্রদ কাজ করেছেন। আগে থেকেই এ নিয়ে দলের অনেক নেতা একটু অস্বস্তিতে ছিলেন। এবার অনুষ্ঠান না করায় এর মাধ্যমে বহুদিনের বিতর্কের অবসান হলো। আমার মনে হয়, এই সিদ্ধান্ত দিয়ে তিনি ইতিবাচক ও সহনশীল রাজনীতির ইঙ্গিত দিতে চেয়েছেন।’
১৫ আগস্ট জন্মদিনের অনুষ্ঠান থেকে সরে আসাকে ইতিবাচক রাজনীতির শুরু হিসেবে দেখতে চাইছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সুশাসনের জন্য নাগরিক- সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। রাইজিংবিডিকে তিনি বলেন, ‘অবশ্যই এটি ইতিবাচক ধারণা পোষন করে। তবে দেখার বিষয় হচ্ছে, আমাদের রাজনীতিবিদরা বিষয়টিকে কীভাবে দেখেন এবং ব্যাখ্যা করেন।’
‘দেশের রাজনীতিবিদরা যেভাবে দিনের পর দিন বিভক্তি আর পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ির রাজনীতি করে আসছেন, এ থেকে বের হয়ে আসা এখন সময়ের দাবি। এ বিষয়ে তাদের এখনই সদিচ্ছা ও আন্তরিকতা দেখাতে হবে। কারণ, বিভক্তির রাজনীতির মাধ্যমে তারা দেশকে যে গভীর সংকটের দিকে নিয়ে গেছেন, তা দ্রুত সামধান না করলে ভয়াবহ ভবিষ্যত অপেক্ষা করছে। জঙ্গিবাদের উত্থান সেই সংকটের প্রাথমিক ধাপ সামনে এনেছে’, বলেন বদিউল আলম।
এদিকে প্রতি বছর খালেদা জিয়ার জন্মদিনে তার রাজনৈতিক কার্যালয় ও বাসায় নেতাকর্মীদের হৈ-হুল্লোর থাকলেও এবার তার ব্যতিক্রম দেখা গেছে। কারণ, জন্মদিন উদযাপন না করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, দলের বিভিন্ন সহযোগী, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের কেক নিয়ে গুলশান কার্যালয়ে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয় আগেই। সেজন্য কার্যালয় কিংবা বাসা, কোথাও ছিলো না নেতা-কর্মীদের সমাগম। কেক কিংবা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যাননি কেউ। অন্যান্য সাধারণ দিনের মতো দিনটি কাটিয়েছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী ও বড় বোন দেখা করতে তার বাসভবন ‘ফিরোজা’য় গিয়েছিলেন। তবে কোনো ফুল বা কেক নিয়ে তারা যাননি।
তবে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহস্রাধিক নেতা-কর্মী এতে শরিক হন। কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নেতা-কর্মীদের ভিড়ের মধ্যে অনেককে সিড়িতে দাঁড়িয়ে দোয়া করতে দেখা গেছে।
প্রসঙ্গত, খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন উদযাপন করলেও তাঁর আরও কয়েকটি জন্মদিনের হদিস পাওয়া যায়। তার জন্ম সাল নিয়েও দুই রকম তথ্য আছে। খালেদা জিয়ার জীবনীর ওপর রচিত কয়েকটি গ্রন্থে তার জন্ম বছর ১৯৪৫ সালের ১৫ আগস্ট দেখানো হয়েছে।
১৯৯১ সালের ২০ মার্চ খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সরকারিভাবে গণমাধ্যমে তাঁর যে জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছিল, তা ২১ মার্চ বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়। তাতে বলা হয়েছিল, খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৯ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।











