ইলিশের দেশে ইলিশ নেই
নিজস্ব প্রতিবেদক : যার নাম শুনলেই জিবে জল আসে। সারাবিশ্বেই যার এতো খ্যাতি। সেই রূপালি ইলিশের দেশ এই বাংলাদেশ। জেলেরা দিনরাত চেষ্টা করেও জালে ইলিশ তুলতে পারছেন না। যা ধরা পড়ছে তাও আবার তাৎক্ষণিক বিক্রি হচ্ছে অনেক চড়া দামে।

এখন ভরা মৌসুমে দেশে ইলিশ মিলছে না। সামান্য কিছু ইলিশ ধরা পড়লেও তাতে মুনাফা দূরের কথা খরচের টাকাই আসছে না। ফলে জেলেদের মাথায় হাত। শূন্য হাতেই ফিরছেন বাড়ি। মাছের জন্য প্রায় প্রতিদিনই চলছে বিশেষ দোয়া-মোনাজাত। এতে একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দেশ। পাশাপাশি ক্রেতাদেরও বেশি দামে কিনতে হচ্ছে ইলিশ। বিশ্লেষকরা বলছেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকারের নীতিতে বড় ধরনের ভুল রয়েছে। আর নীতিতে পরিবর্তন না এলে আগামীতে বড় বিপর্যয় অপেক্ষা করছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বিশ্বে প্রতিবছর ৫ লাখ মেট্রিক টন ইলিশ আহরিত হয়। এর ৬০ শতাংশই আহরিত হয় বাংলাদেশে। ফলে দেশে মোট মৎস্য উৎপাদনে এককভাবে ইলিশের অবদানই প্রায় ১১ শতাংশ। সার্বিক প্রবৃদ্ধি বিবেচনায় জিডিপিতে এর হিস্যা ১ শতাংশের সমপরিমাণ। গত কয়েক বছর ধরেই দেশে ইলিশের উৎপাদন তিন থেকে চার লাখ মেট্রিক টনের মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে ২০১৩-১৪ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। তবে ইলিশের গড় উৎপাদন হচ্ছে সাড়ে তিন লাখ মেট্রিক টনের মতো। এই হিসাবে প্রচলিত বাজারমূল্যে প্রতিকেজির গড় দাম কম করে ৬৫০ টাকা ধরা হলেও সংগৃহিত সাড়ে তিন লাখ টন ইলিশের সার্বিক বাজারমূল্য দাঁড়ায় ২২ হাজার ৭৫০ কোটি টাকা। এই হিসাবে চলতি মৌসুমে ৭০-৭৫ ভাগ মা ইলিশ জেলেদের জালে ধরা পড়ায় এর বাজার মূল্য দাঁড়াবে ১৫ হাজার ৯২৫ কোটি টাকা।
সংশ্লিষ্টরা দাবি করছেন, ইলিশের এই সম্ভাবনা এখন সুদূরপরাহত হতে চলেছে। কারণ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ইলিশের অভয়ারণ্যগুলোতে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর সময়সীমা নির্ধারণ করায় ইলিশ আহরণের ক্ষেত্রে এই বিপর্যয়কর পরিস্থিতি ডেকে এনেছে। তাদের মতে, আরও বেশ কিছু দিন এসব মা ইলিশ অভয়ারণ্যগুলোতে ডিম ছাড়ার সময় পেলে একদিকে পরিপক্ব ইলিশের সংখ্যা যেমন বাড়ত, তেমনি অভয়ারণ্যগুলোয়ও এর বংশের বিস্তার ঘটত।
ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর মাছ ঘাটে চলছে নিরবতা। গত বছরও এ সময় শত শত জেলে নৌকা ভিড়াত চাঁদপুর ঘাটে। এখান থেকে ট্রেনে, ট্রাকে সারা দেশে ইলিশ সরবরাহ করা হয়। কিন্তু এবার চিত্র ভিন্ন। চাঁদপুরে পদ্মা-মেঘনায় জেলেদের জালে ইলিশ খুবই কম ধরা পড়ছে। চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান কালু ভূইয়া জানান, অভায়াশ্রম চলাকালীন জাটকা মৌসুমে জাটকা সঠিকভাবে রক্ষা না করায় ইলিশ উৎপাদন কম হচ্ছে। এছাড়া নদী দূষণ, আবহাওয়াজনিত সমস্যা ও ডুবোচরের কারণে গভীর পানির মাছ ইলিশ গত ক’বছর ধরে পরিপূর্ণ সাইজ হচ্ছে না। অর্থাৎ কেজি সাইজের উপরে ইলিশের উৎপাদন খুবই কম হচ্ছে।
জাতীয়ভাবে ৩৩ ভাগ ইলিশ মাছের চাহিদা পূরণ হয় ভোলা জেলা থেকে। এবার শাহবাজপুর চ্যানেলসহ মেঘনা-তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না । দু’চারটি যা ধরা পড়ছে, তা অঙ্কের হিসাবে আসছে না। জেলা মৎস্য কর্মকর্তরা অবশ্য জানান, আশার কথা। এখন ইলিশ ধরা না পড়লেও অসময়ে কিছু ইলিশ ধরা পড়তে পারে বলেও মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম। এদিকে নদীতে ইলিশ না থাকায় বছরে এক লাখ মেট্রিক টন ইলিশ আহরণের কথা থাকলেও এ বছর ১০ ভাগও অর্জিত হয়নি।











