বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতিকদের নিরাপত্তায় আইন সংশোধন বিবেচনায়

sorasto-s-thumbnailকূটনৈতিক প্রতিবেদক : গুলশানে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিদেশি কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা জোরদারের জন্য বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিমালায় ছোটখাটো সংশোধনের প্রয়োজন হলে সরকার তা করার বিষয়টি বিবেচনায় নিচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ রোববার বিকেলে তাঁর দপ্তরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

গুলশানের জঙ্গি হামলার পর বিদেশিদের নিরাপত্তা বাড়ানোর জন্য সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে সভাপতি করে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার টাস্কফোর্সের প্রথম বৈঠকে বিদেশি কূটনীতিক ও কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কিছু নতুন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কূটনীতিকদের নিরাপত্তা জোরদারের জন্য বিভিন্ন দূতাবাসকে আর্মার্ড ভেহিকেল (বিস্ফোরক নিরোধক বুলেটপ্রুফ গাড়ি) ব্যবহারের অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান, স্পেনসহ কয়েকটি দেশ তাদের নিরাপত্তা জোরদারের জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে সরকারকে অনুরোধ জানিয়েছে। আর আর্মার্ড ভেহিকেল ব্যবহারের জন্য অনুমতি চেয়েছে জাপান, ইতালি, কানাডা ও নেদারল্যান্ডস।

বিদেশিদের নিরাপত্তায় সুপারিশকৃত নতুন কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে তিনি বলেন, ‘বিভিন্ন দূতাবাসের নিরাপত্তা জোরদারের জন্য তাদের কাছে আমরা সুপারিশ চেয়েছিলাম। তারা যেসব সুপারিশ দিয়েছে, তা বাংলাদেশের প্রচলিত আইন এবং আইনের বাইরে যে বিধিমালাগুলো থাকে, তাতে যদি ছোটখাটো সংশোধনের প্রয়োজন হয়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মূল কথাটি হলো তাদের নিরাপত্তা আরেকটু বৃদ্ধি করা।’

বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার পর বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বিভিন্ন দেশের কূটনীতিকের পরিবারের সদস্যদের ঢাকা ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে। এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘দু-একটি দেশ স্বেচ্ছায় তাদের কূটনীতিকের পরিবারকে ঢাকা ছাড়ার অনুমতি দিয়েছেন। তবে আমাদের হাতে যে তথ্য–উপাত্ত রয়েছে, তাতে দেখা যায়, প্রতিদিন গড়ে প্রায় এক হাজার নাগরিক বিদেশ যান। আর বাংলাদেশে আসেন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ।’ তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও বহির্গমন বিভাগের কাছ থেকে পাওয়া এ তথ্য আমরা আমাদের বন্ধু দেশগুলোকে দিচ্ছি। গ্রীষ্মের ছুটির কারণে এই সময় লোকজন কম আসেন। ঈদের ৭ থেকে ১০ দিন আগে থেকে শুরু করে বাংলাদেশে আসার চেয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া লোকজনের সংখ্যা থাকে বেশি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আসা-যাওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক কোনো প্রবণতা এখনো আমাদের চোখে পড়েনি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে যেটা বলছেন, বিশেষ করে কিছু গণমাধ্যমে যে বলা হচ্ছে, বিদেশিরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন, এ তথ্য একেবারেই সত্যি নয়। গরমের ছুটি এবং লোকজন পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন বলে বাংলাদেশে আসার সংখ্যা কমে গেছে। তবে আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতেও যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তখন আমরা বুঝব যে এই সন্ত্রাসী হামলার কারণে লোকজন যাত্রা বাতিল করছেন।’ তিনি বলেন, ‘ওই ঘটনায় (গুলশানের হামলা) কিছুটা যে প্রভাবিত হয়েছে, এটা তো কেউ অস্বীকার করছি না। তবে আইনশৃঙ্খলার ক্ষেত্রে বর্তমান ধারা যদি অব্যাহত থাকে, তবে শিগগিরই তা স্বাভাবিক হয়ে আসবে। কারণ, বিভিন্ন কারণে যাঁরা বাংলাদেশে আসতে চান, তাঁদের ব্যাপারে বিভিন্ন সুপারিশও প্রতিনিয়ত পাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ