সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জর্জ লায়নের ১১২ বছর পর সিদ্দিকুরও

-Siddikurঅনলাইন ডেস্ক: ওই সোনার পদকটা কানাডার ঝুলিতে ১১২ বছর ধরে!  ১৯০৪ সালে সেন্ট লুইস অলিম্পিকে কানাডীয় গলফার জর্জ লায়ন গলফে সোনা জিতেছিলেন। সেবারই শেষ। গলফ খেলাটাই যে আর কখনোই অংশ হয়ে ওঠেনি অলিম্পিকের ক্রীড়াযজ্ঞে।
এক শতাব্দী পেরিয়ে আরও এক যুগ—গলফ আবারও ফিরছে অলিম্পিকে। লায়নের মৃত্যুর ৭৮ বছর পর কানাডার হাতে থাকা গলফের শ্রেষ্ঠত্বটা কার হাতে যাবে, জোর আলোচনা এখন এটিই। কানাডাতেই থেকে যাবে, নাকি নতুন কোনো দেশের দিগন্ত খুঁজে নেবে—এই প্রশ্নের উত্তর মেলাতে কিন্তু হিসাবে আনতে হবে বাংলাদেশকেও।

সিদ্দিকুর রহমানের কল্যাণে ১১২ বছর পর অলিম্পিকে ফেরা গলফের গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ। এই অলিম্পিক-র‍্যাঙ্কিংয়ের ৫৬তম স্থানে থাকা সিদ্দিকুর পেশাদার গলফ দুনিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনও। তিনি আবার বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়া প্রথম ক্রীড়াবিদ। সব মিলিয়ে একটা ঐতিহাসিক আবহ ঘিরে থাকবে সিদ্দিকুরকে। কিন্তু অলিম্পিকের ব্যাপ্তি এমনই বিশাল যে স্বপ্ন দেখার সাহসও আসলে নেই সিদ্দিকুরের। দেশ ছাড়ার আগে তেমন কিছু বলেও যাননি।

তবে জিকা ভাইরাস আতঙ্কে রিওতে বিশ্বের সেরা চার গলফারের পা না রাখার খবর কিন্তু উজ্জীবিত করছে র‍্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা অনেককেই। জেসন ডে, জাস্টিন জনসন, জর্ডান স্পিথ ও রয় ম্যাকক্লরয়রা এলেন না, এটিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন র‍্যাঙ্কিংয়ের ৪০তম স্থানে থাকা গ্রাহাম ডিলিট। এই কানাডীয় গলফার স্বদেশি জর্জ লায়নের গৌরব টেনে নিয়ে যেতে চান আরও কিছুদিন, ‘অনন্য একটা সুযোগ হাতে পেয়েছি। যেদিন নিজের নামটা অলিম্পিক গলফের তালিকায় দেখেছি, সেদিন থেকেই দেশের অলিম্পিক শ্রেষ্ঠত্ব ধরে রাখার ব্যাপারটা নিয়ে ভাবছি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আশা করছি আমি তা পারব।’

আকাশ ছোঁয়ার সাহসটা ডিলিট পাচ্ছেন কোথা থেকে? তাঁর কথা, কানাডীয় ম্যাপল লিফ–খচিত পতাকাটাই নাকি সব সাহস জুগিয়ে যায়, ওই পতাকাটা তাঁর সাহসের উৎস। পতাকাটা বুকে ধারণ করে মাঠে নামার গর্বটাই অন্য রকম অনুভব করেন। আর কানাডার ৩ কোটি ৫০ লাখ মানুষের জন্য খেলার আনন্দ আর গৌরবের কোনো সীমা নেই। এটা ডিলিটের কাছে বিশেষ কিছুই।
সিদ্দিকুর এই জায়গাটাতে এগিয়ে থাকবেন ডিলিটের চেয়ে। তাঁর পেছনে ১৬ কোটি মানুষ। বুকে ধারণ করবেন সবুজ জমিনে লাল সূর্য! নিশ্চয়ই তা লাল-সাদা আর ম্যাপেল লিফের চেয়ে কম নয়। সিদ্দিকুর তাই লাল–সবুজ আবেগটা কাজে লাগাতে চাইবেন।

পেছনে তাকালে দেখা যায়, অলিম্পিকে ১১২ বছর ধরে ছিল না গলফ। কিন্তু খেলাটির শ্রীবৃদ্ধি থেমে থাকেনি। এটি এখন আগের চেয়ে অনেক বেশি বৈশ্বিক। ধনীর উঠান পেরিয়ে খেলাটি যদিও এখনো সাধারণের কাতারে এসে দাঁড়ায়নি, কিন্তু অর্থ পুরস্কার আর খেলোয়াড়ি মর্যাদায় অনেক আগেই ছুঁয়ে ফেলেছে জনপ্রিয় অনেক খেলাকেও। তাই এক শতাব্দীরও বেশি সময় পর অলিম্পিকের অংশ হয়ে গলফ থাকছে মনোযোগের কেন্দ্রেই।

এ জাতীয় আরও খবর