সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐক্য নিয়ে চলছে কাঁদাছোড়াছুড়ি

bnp- awmiবেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেয়নি আওয়ামী লীগ। আওয়ামী নেতারা বলেছেন জাতীয় ঐক্য হয়ে গেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় ঐক্যের ব্যাপারে আগ্রহী নয় বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ‍‍ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলছেন জাতীয় ঐক্য গড়তে সরকার ভয় পায়। আওয়ামী লীগ নেতারা বলছেন. খালেদা জিয়াকে জাতীয় শোক দিবসে ‘ভুয়া জন্মদিনের কেক কাটা বন্ধ’ ও ‘বোমা মেরে মানুষ হত্যার জন্য’ ক্ষমা চাইলে কেবল তারা জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক নিয়ে চিন্তা-ভাবনা করবেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোন চক্রান্তই শেখ হাসিনাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপি-জামায়াত জঙ্গি কর্মকা-ের সঙ্গে জড়িত মন্তব্য করে তিনি আরো বলেন, বেগম জিয়া টার্গেট কিলিং ও জঙ্গি হামলা করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।
২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে সেই দল দেশ পরিচালনা করবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হাসপাতাল ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গিবাদকে মাথায় তুলে জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। খালেদার সাথে ঐক্য হবে না, খুনীদের সঙ্গে ঐক্য হতে পারে না। ঐক্য হবে জনগণের সাথে। তাদের ঐক্যের ডাকে কাদের সিদ্দিকীসহ অনেকেই সাড়া দেননি বলেও মন্তব্য করেন নাসিম।
বিএনপি যদি তওবা করে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারে, তবেই কেবল তাদের সঙ্গে ঐক্যের ব্যাপারে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শনিবার বিকেলে সাভারে আশুলিয়ার জামগড়া এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, যারা ১৯৭১ ও পরবর্তীকালীন সময়ে বাঙালির রক্তে হাত রঞ্জিত করেছে, বর্তমানে জঙ্গি হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, সেই জামায়াতের সঙ্গে ঐক্যের কোনো প্রশ্নই ওঠে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, এই সরকারের মূল ভিত্তি বাংলাদেশের জনগণ নয়, ভারত। তারা জাতীয় ঐক্য গড়তে ভয় পায়। জাতীয় ঐক্য গড়ে উঠলে সরকারের সকল অগণতান্ত্রিক কার্যক্রম বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। এ কারণেই আওয়ামী লীগ জাতীয় ঐক্য চায় না। ৫ আগস্ট শুক্রবার ঢাকার একটি অনুষ্ঠানে এ কথা বলেন আবদুল্লাহ আল নোমান।
জঙ্গিবাদ দমনে সরকারের ভুল পদক্ষেপের কথা উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান আরও বলেন, জঙ্গিদের শুধু পুলিশের অস্ত্র দিয়ে দমন করা যাবে না। এটা একটা ‘মতবাদ’ বা ‘দর্শন’। এই মতবাদকে পাল্টা মতবাদ দিয়ে মোকাবিলা করতে হবে। কিন্তু সরকার সে পথে না হেঁটে, অস্ত্রের পথ বেছে নিয়েছে। অগণতান্ত্রিক সরকার বন্দুকের নলের ওপরে জোর দিয়ে টিকে থাকতে চায়। তাই জনগণের সামনে অনুসরণ করার মতো মতবাদ নিয়ে হাজির হওয়ার শক্তি তাদের নেই।
ঐক্য চাইলে আগে বিএনপির সন্ত্রাসী, হত্যা-ষড়যন্ত্রকারী ও মানবতাবিরোধীদের অপরাধ সম্পর্কে তালিকা আইন-শৃংখলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
গত শুক্রবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন,“গুলশান হলি আর্টিজান রেস্তোঁয়ায় হামলার পর যখন দেশের সাধারণ মানুষ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তখন নতুন করে বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনে খেলা শুরু করেছেন। এই খেলার নাম হচ্ছে হচ্ছে ‘জাতীয় ঐক্য-ঐক্য খেলা’। আপনি কিসের ঐক্য চান বেগম জিয়া? দেশবাসীও জিজ্ঞাসা করে আপনি কিসের ঐক্য চান? আমরা তো বহুবার বলেছি, আপনার সাথে ঐক্যের প্রয়োজন নেই। জাতীয় ঐক্যের আগে আপনার দলের মধ্যে যারা সন্ত্রাসী আছে। যারা হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে ব্যর্থ হয়েছে। আগে তাদের তালিকাটি আইন-শৃংখলা বাহিনীর কাছে দেন। আপনার জোটের মধ্যে যারা মানবতাবিরোধী আছে তাদের অপরাধ সম্পর্কে আইনশৃংখলা বাহিনীকে তথ্য দেন। তাহলে জাতীয় ঐক্য নয়, এতেই জঙ্গি-সন্ত্রাস নির্মূল হবে।”
এদিকে আওয়ামী লীগ কিংবা বিএনপির কোন পক্ষই স্বাধীনতাবিরোধী, জঙ্গি-মৌলবাদের বিরুদ্ধে ঐক্য গড়তে আন্তরিক নয়। গত ৩ আগস্ট বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বাসভবনে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন।
দলটির সহ-দফতর সম্পাদক গোলাম রাব্বানী জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সরকার প্রধানকে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে জাতীয় কনভেনশন ডাকার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি তা না করে জাতীয় ঐক্য হয়ে গেছে মর্মে ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যের প্রশ্নকে কার্যত উপেক্ষা করেছেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জাতীয় ঐক্যের নামে যারা মানবতাবিরোধী, বুদ্ধিজীবী হত্যাকারী, যাদের আন্তর্জাতিক ট্রাইবুন্যাল সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে সেই জামায়াতকে নিয়ে বাংলার মানুষের সঙ্গে তামাশা করছে। তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। শনিবার ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলা স্কুল মাঠে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী সম্প্রতি সোয়াত ও পুলিশের অভিযানে নিহত নয় জঙ্গি সম্পর্কে বলেন, যারা দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা নিয়েছিল পুলিশের কাছে তারা ধরা পড়েছে, মারা গেছে। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের যে আহ্বান করেছে আজ দেশের জনগণ তাঁর ডাকে ঐক্যবদ্ধ হয়েছে যার প্রমাণ ভোলার এই সমাবেশ।
সরকার জামায়াতকে নিষিদ্ধ করে দিলে বিএনপি তো আর তাদের নিয়ে চলবে না। কেন সরকার জামায়াতকে নিষিদ্ধ করছে না। জামায়াত নিয়ে খেলছে আওয়ামী লীগ। ১ আগস্ট সোমবার আমাদের অর্থনীতির নিয়মিত বৈঠকে এ কথাগুলো বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান খান দুদু। তিনি বলেন, সবদলের সমর্থন ছাড়া জাতীয় ঐক্য সফল হবে না। জিয়া পরিবারকে ধ্বংস করে দিয়ে সরকারের এক তরফা জাতীয় ঐক্য সফল হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ঐক্য হবে না। কারণ আওয়ামী লীগ বিনা ভোটের সরকার। জোর করে ক্ষমতা দখল করে আছে। ভারতকে বাংলাদেশের সব দিয়ে দেয়া আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মিল হবে না। তিনি বলেন, বিএনপির চাইছে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য করতে। কিন্তু আওয়ামী লীগ তাতে সায় দিচ্ছে না। সরকার জাতীয় ঐক্য প্রশ্নে যেটা ভেবেছে সেটা সব দলের সঙ্গে শেয়ার করতে অসুবিধা কোথায়? আওয়ামী লীগ ঐক্য চাইলে কোনো দলের দোষারোপ করলে চলবে না। তাহলে দল নিয়ে থাকতে হবে, রাজনৈতিক ঐক্য সম্ভব হবে না।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশে ১৬ কোটি মানুষের ঐক্যই জাতীয় ঐক্য। জাতির ঐক্য কল্যাণের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে।
নারায়ণগঞ্জ ডিআইটি বাণিজ্যিক এলাকায় গত ৩১ জুলাই বিকেলে মহানগর শ্রমিক লীগের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান