জঙ্গিদের ব্যবহৃত একে-২২ আসছে বিহার থেকে
নিউজ ডেস্ক : গুলশান, শুলাকিয়া ও কল্যাণপুরের মতো অন্যান্য জঙ্গি তৎপরতায় তাদের প্রধান অস্ত্রের চালান, গোলাবারুদ, পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম আসছে ভারতের বিহার থেকে। জঙ্গি হামলায় তদন্তকারি দল ও ডিএমপি সূত্র আমার সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, সম্প্রতি জঙ্গি আস্তানা থেকে একে-২২ রাইফেলসহসহ বিভিন্ন মডেলে রিভলবার ও গোলাবারুদ উদ্ধার করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। জঙ্গিদের কাছে একে-২২ রাইফেলটি তাদের জীবনের চেয়েও মূল্যবান। রাজধানীর কল্যাণপুর থেকে ইকবাল ও দিনাজপুরের এক আস্তানা থেকে পুলিশি অভিযানকালে নিজের দলের লোকদের রক্ষা না করে একে ২২ রাইফেল নিয়ে জীবনবাজি রেখে পালানোর ঘটনা ঘটে।
সূত্র জানায়, বাংলাদেশের জঙ্গিরা যেসব অস্ত্র ব্যবহার করছে তার অধিকাংশ চালানই আসছে ভারতের বিহার রাজ্যের মঙ্গের এলাকা থেকে। এলাকাটি গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত হওয়ায় চোরাচালানিদের কাছে স্থানটি আরো সুবিধাজনক হয়ে উঠেছে। সূত্র জানায়, ভারতের গঙ্গা নদী বাংলাদেশে এসে রাজশাহী অংশে পদ্মা নামে প্রবেশ করে। নদীর পুরুত্ব কম হওয়ায় অপরাধীরা অস্ত্র চোরাচালানের জন্য বেশিরভাগ সময় এই অংশকেই ব্যবহার করছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে দেশের বিভিন্ন পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র কারখানার তথ্য থাকলেও বিহারের তৈরি অস্ত্র তুলনামূলকভাবে ফিনিশিং ভাল হওয়াতে জঙ্গিরা বিহারের তৈরি অস্ত্রগুলোর দিকেই ঝুঁকছে বলে মনে করছেন জঙ্গি হামলায় তদন্তে নিয়োজিত সংশ্লিষ্টরা।
সম্প্রতি বিস্ফোরক ও ধারালো অস্ত্রের পর জঙ্গিদের ভারী অস্ত্র ব্যবহার ও তার উৎস জানতে আগেই মাঠে নামেন গোয়েন্দারা। জানতে চেষ্টা করছেন কিভাবে এবং কোন পথে জঙ্গিরা এসব অস্ত্র সংগ্রহ করছে। বেশ কয়েকটি জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হয় একে-২২ ও স্নাইপার রাইফেলসহ ভারী আগ্নেয়াস্ত্র। প্রথমে প্রতিবেশী দেশগুলোর বিচ্ছিন্নতাবাদী সংগঠন, আন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারি ও বিদেশি দু-একটি গোয়েন্দা সংস্থাকে জঙ্গিদের অস্ত্রের যোগানদাতা বলে মনে করেছিলেন তারা। এবার জঙ্গিদের অস্ত্রের উৎসের কাছাকাছি পৌছে গেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জঙ্গিদের অস্ত্রের উৎস সম্পর্কে জানতে চাইলে ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, কালোবাজারিসহ বিভিন্ন উৎস থেকেও জঙ্গিরা অস্ত্র সংগ্রহ করছে।
একইসঙ্গে দেশের সীমান্ত এলাকা দিয়ে এসব অবৈধ অস্ত্র আসছে। তিনি জানান, অস্ত্রের উৎস সম্পর্কে নিশ্চিত হতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, জঙ্গিরা শুরু থেকেই বোমা তৈরিতে বিস্ফোরক ও হামলার ক্ষেত্রে সাধারণত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো না। বোমার বিস্ফোরণ ঘটিয়েই তারা নাশকতা চালাতো। কেবল পালিয়ে যাওয়ার সময় প্রয়োজনে নিজেদের নিরাপত্তার জন্য সঙ্গে থাকা অস্ত্রের ব্যবহার করতো তারা। কিন্তু সম্প্রতি টার্গেট কিলিংয়ের বিভিন্ন পর্যায়ে ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছে জঙ্গিরা। সর্বশেষ গুলশান ও শোলাকিয়া হামলার ঘটনায় ছোট-বড় অস্ত্র ও বোমাসহ সব উপাদানই ব্যবহার করেছে তারা। এ দু’টি হামলায় জঙ্গিদের ভারী অস্ত্র, হাতে তৈরি শক্তিশালী গ্রেনেড ও প্রযুক্তির ব্যবহার দেখে হতবাক আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। জঙ্গিদের হঠাৎ এত বেপরোয়া হয়ে ওঠা ও ভারী অস্ত্রের ব্যবহারের কারণ ও উৎসের খুঁজতে মাঠে নামেন গোয়েন্দারা। ডিএমপির দায়িত্বশীল সূত্রে জানাযায়, সম্প্রতি জঙ্গিরা বিভিন্ন মাধ্যম থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে। জঙ্গি হামলার পর গুলশানের ‘হলি আর্টিজান বেকারি’তে জঙ্গি হামলার পর সেনাবাহিনীর নেতৃত্বে চালানো হয় ‘অপারেশন থান্ডার বোল্ট’।
অভিযানে চারটি পিস্তল, একটি ফোল্ডেড বাট একে ২২ রাইফেল, ৪টি অবিস্ফোরিত আইইডি, একটি ওয়াকিটকি সেট ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। যে সকল অস্ত্রের গায়ে মেড ইন ইন্ডিয়া, ইউএসএ, ইউএসএসআর, ইউকে, চায়না আবার একটিতে চায়নাও ইউএস উভয় লেখাই দেখাযায়। বিহারে তৈরি এসব অস্ত্রের গায়ে বিভিন্ন দেশের সিল লাগানো হয়। পরে চোরাচালানিদের মাধ্যমে তারা অস্ত্রগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়।
জানা যায়, একে-২২ নামের যে রাইফেলটি গুলশানের হলি আর্টিজান থেকে উদ্ধার করা হয়েছিল, ঠিক একই ধরনের একটি একে-২২ রাইফেল নিয়ে কল্যাণপুরে অভিযানকালে ইকবাল পালিয়েছে। আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে গত বছরের শেষের দিকে ৯টি একে-২২, একটি একে-৪৭ ও ৪৪টি বিদেশি রিভলবার উদ্ধার করেছিল র্যাব। এ বছরের শুরুর দিকে বগুড়ার দু’টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একে ২২ রাইফেল, জার্মানির তৈরি এসএমজি, পিস্তল, হাতে তৈরি গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। যেসব উদ্ধারকৃত অস্ত্র ভারতের বিহারেই তৈরি হয়। আমার সংবাদ











