রাকিব হত্যার ১বছর: ফাঁসির রায় বহালের দাবি পরিবারের
খুলনা প্রতিনিধি: আজ ৩ আগস্ট। খুলনার চাঞ্চল্যকর ও দেশের বহুল আলোচিত শিশু শ্রমিক রাকিব হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এ দিনেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার মৃত্যুতে কেঁপে ওঠে সারাদেশ। সাড়া জাগানো চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রকৃত বিচার দেখার অপেক্ষায় দেশবাসী। উচ্চ আদালতে ফাঁসির রায় বহাল রেখে দ্রুত এ মামলার বিচার কার্য সম্পন্ন হোক এটাই তার পরিবারের দাবি। রাকিবের মৃত্যুবার্ষিকীতে আজ পরিবারের পক্ষ থেকে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিকাল ৪টার দিকে নগরীর পিটিআই মোড়ের নূর আলম মটরস এর প্রয়োজনে কবরখানা মোড়ের শরীফ মটরস্’র পাশের দোকানে রঙ আনতে যায় রাকিব। এ সময় তাকে জাপটে ধরে গ্যারেজের ভেতর নিয়ে যায় শরীফ। সেখানেই ছিল তাঁর দূর সম্পর্কের চাচা মিন্টু খান। শরীফ তার গ্যারেজে কাজ না করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে শিশু রাকিবকে। এ সময় মজুরি বেশি পাওয়ায় ওখানে কাজ করছে জানিয়ে তাকে ছেড়ে দিতে আকুতি জানায় রাকিব। ক্ষিপ্ত শরীফ রাকিবের ফুলপ্যান্ট খুলে ফেলে। এরপর শরীফের মা বিউটি বেগম ও চাচা মিন্টু খান তাকে গ্যারেজের ফ্লোরে চেপে ধরে এবং শরীফ বাস ও ট্রাকে হাওয়া দেয়ার কম্প্রেসার মেশিনের পাইপ রাকিবের পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিতে শুরু করে। এ সময় শিশু রাকীব যন্ত্রণায় ছটফট করতে থাকে। পেটে ও বুকে ব্যথার কথা জানিয়ে তাকে ছেড়ে দিতে আর্তনাদ করে। এক পর্যায়ে বমি শুরু করলে তাকে ঘাতকরা পার্শ্ববর্তী গুডহেলথ ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে খুলনা জেনারেল হাসপাতাল, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশু রাকিবকে ঢাকায় নেবার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে রাকিবের মৃত্যু হয়।
সাতক্ষীরার রসুলপুর গ্রামে রাকিবের পৈত্রিক নিবাস। বাবা-মায়ের কর্মসূত্রে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের একটি ভাড়া বাসাতেই তার জন্ম এবং বেড়ে ওঠা। তবে সাতক্ষীরার রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ে তার চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ হয়। পারিবারের আর্থিক অনটনের কারণে অল্প বয়সেই কাজে নেমে পড়তে হয় রাকিবকে। নগরীর টুটপাড়া কবরখানা মোড়ের শরীফ মটরস্’র গ্যারেজেই তার প্রথম হাতে খড়ি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতো। মজুরি হিসেবে পেত খুবই সামান্য টাকা। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতো গ্যারেজ মালিক। মৃত্যুর ৩/৪ মাস আগে বেশি মজুরিতে কর্মস্থল পরিবর্তন করে নগরীর পিটিআই মোড়ের নূর আলমের মোটরসাইকেল গ্যারেজে কাজ নেয়াই হয় তার কাল। তার উপার্জিত টাকা দিয়েই মায়ের ওষুধ ও বোনের পড়াশোনার খরচ চলতো। ছোট্ট একটি দোকানের স্বপ্ন ছিল রাকিবের। তারপর অন্যের বাসায় মা’কে আর কাজ করতে দেবে না, বলতো সে। অথচ সেই স্বপ্ন আর পূরণ হলো না।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গ্যারেজ মালিক শরীফ ও তার সহযোগী মিন্টু খানকে গণধোলাই দিয়ে গভীর রাতে পুলিশে সোপর্দ করে। পরে ঘাতক শরীফের মা বিউটি বেগমকেও পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় সারাদেশেসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে নিন্দার ঝড়। শুরু হয় বিভিন্ন সংগঠন ও নাগরিকদের প্রতিবাদসহ নানা কর্মসূচি। দেশের আইন ব্যবস্থাও রাখে নজির বিহীন দৃষ্টান্ত।
মামলায় প্রায় তিন মাসের মধ্যেই মহানগর দায়রা জজ আদালত গত বছরের ৮ নভেম্বর আসামিদের মধ্যে শরীফ ও মিন্টু খানকে মৃত্যুদ- ও বিউটি বেগমকে বেকসুর খালাস দেয়। পরবর্তীতে বিচারিক আদালতের রায়সহ মামলার নথিপত্র গত ১০ নভেম্বর হাইকোর্টে পৌঁছায় এবং নথিভুক্ত হয়। সম্প্রতি প্রধান বিচারপতি এস কে সিনহা এ মামলার পেপারবুক অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। যা ইতোমধ্যে ছাপা হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এর সঙ্গে রয়েছে আসামিদের চারটি আপিল বা জেল-আপিল। তবে উচ্চ আদালতেও এ মামলার পূর্বের রায় বহাল থাকবে বলে আশা করছেন রাকিবের পরিবারসহ সচেতন মহল।
রাকিবের মৃত্যুবার্ষিকীতে একটাই দাবি জানিয়েছে তার পরিবার। নিম্ন আদালতের রায় বহাল রেখে এ মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন দেখতে চায় তারা।
এ বিষয়ে রাকিবের মা শাহনাজ পারভীন লাকী বলেন, সরকারের কাছে একটাই দাবি রায় যেন সুষ্ঠু হয়। ওদের ফাঁসির দ- যেন বহাল থাকে। ওরাও যেন আমার মত কাঁদে। ওদের ফাঁসি হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। এই শাস্তি দেখে ভয়ে আর কেউ যেন এ ধরনের কাজ করার সাহস না পায়। আর কোন মায়ের বুক যেন এভাবে খালি না হয়। হাসপাতালে ছেলেটা যখন বলছিল, বুকটা জ্বলে যায় মা, আমারে বাঁচাও। ছেলের এই কথাগুলো এখনও আমার কানে বাজে। কথাগুলো শোনার পর কোন মা কি বেঁচে থাকতে পারে! তবুও বেঁচে আছি শুধু আমার ছেলের খুনিদের শাস্তি দেখার জন্যে।
রাকিবের বাবা মোঃ নূর আলম জানান, বেঁচে আছি ছেলে হত্যার বিচার দেখার জন্য। ওরা যেন উপযুক্ত সাজা পায়। হাইকোর্টে এ মামলার আগের রায় বহাল রেখে দ্রুত এর কার্যক্রম সম্পন্ন করা হোক এটাই দাবি সরকারের কাছে। তিনি আরও বলেন, ওই সময়ে সবাই-ই খুব খোঁজ খবর রাখতো। এখন আর কারোরই কোনও হদিস পাই না। তখন প্রশাসন থেকে জমি ও মেয়ের পড়াশুনোর খরচ দিতে চাইলেও এখনও তেমন কোনও সহায়তা পাইনি। তবে সেই সময়ে রিমির পড়াশুনার জন্য তিন হাজার টাকা দিয়েছিল কমিশনার। ভালো স্কুলে ভর্তি হওয়ায় এখন রিমির পড়াশুনোর জন্য কমপক্ষে মাসিক তিন হাজার টাকা খরচ হচ্ছে। যা রাকিবের বাবার পক্ষে রিক্সা চালিয়ে ব্যয় করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে বলে জানান তিনি।” রাকিবের ছোট বোন রিমি জানায়, “আমিও চাই সুষ্ঠু বিচার হোক। আসামিদের যেন ফাঁসি হয়।”
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, “প্রধান বিচারপতির হস্তক্ষেপে এ মামলার পেপারবুক যেমন দ্রুত প্রস্তুত করা হয়েছে তেমনি এর কার্যক্রমও দ্রুত শুরু হওয়ার আশা করা যাচ্ছে। তবে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না কবে নাগাদ শুরু হবে। তিনি আরও বলেন, খুলনাতে যেভাবে আমরা মামলাটা পরিচালনা করেছি তাতে এ মামলার পূর্বের রায় বহাল থাকবে বলে আশা করা যাচ্ছে।”
উল্লেখ্য, রাকিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে পরিবারের পক্ষ থেকে তাদের বাড়িতে কোরআন খানি এবং মিলাদের আয়োজন করা হয়েছে। নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের বড় মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।ঢাকাটাইমস











