বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নগর’ অ্যাপ চালু করলো ঢাকা উত্তর সিটি

নিজস্ব প্রতিবেদক : জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন চালু করলো ‘নগর’ অ্যাপ। গতকাল বিকালে অ্যাপটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

 

25418_i2

এ সময় অ্যাপের বিভিন্ন ব্যবহার সম্পর্কে উল্লেখ করে মন্ত্রী বলেন, নগরবাসী তাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সরাসরি নজরে রাখতে পারবেন প্রিয়জনের গতিবিধি। কেউ বিপদে পড়লে তিন সেকেন্ডে মেসেজ পাঠিয়ে নিজের অবস্থান ও বিপদ সম্পর্কে অবহিত করতে পারবেন। এতে প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ। আর তাই সর্বস্তরে সুলভে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আমি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সুদৃষ্টি কামনা করছি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্মার্টফোনের দাম হাতের নাগালে চলে আসায় অ্যাপটির গ্রাহক সংখ্যা নিশ্চিতভাবে বেড়ে যাবে। আমার বিশ্বাস, কার্যকর টুল হিসেবে আমাদের নতুন প্রজন্ম এই অ্যাপটিকে সানন্দে গ্রহণ করবে। এই অ্যাপটি ‘ডিজিটাল ডিএনসিসি অ্যাপ’ নামেও পাওয়া যাবে। অ্যাপ উদ্বোধন উপলক্ষে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। বাংলাদেশে বসবাসকারী বিদেশি অতিথি ও কূটনীতিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ডিএনসিসি ডিজিটাল অ্যাপটির একটি পৃথক সংস্করণ চালু করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যও অ্যাপটিকে ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তিনি। ডিএনসিসি জানিয়েছে, বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাবের একদল তরুণ এই অ্যাপটি তৈরি করেছে। এর নেতৃত্বে রয়েছে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রযুক্তিবিদ নুসরাত জামিল।