সফি উদ্দিন শ্রেষ্ঠ সমাজসেবা অফিসারের সম্মাননা লাভ
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ ‘সমাজসেবা অধিদফতরের সার্ভিস ইনোভেশন “উত্তম চর্চা” ক্যাটাগরীতে Micro-credit Magic Balance (MMB) উদ্ভাবনের কৃতিত্বস্বরূপ স্বীকৃতি পেলো নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের কৃতি সন্তান চন্দনাইশ উপজেলা সমাজসেবা অফিসার মো: সফি উদ্দিন মিতুল । ৩১ জুলাই “শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার” হিসেবে ” সমাজসেবা পুরস্কার ২০১৬” এর সম্মাননা ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী নুরুল কবির ।
মো: সফি উদ্দিন মিতুল ২০০৬ সালে সমাজসেবা অধিদফতরে সমাজসেবা অফিসার হিসেবে যোগদান করে বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী কাজের জন্য ইতিমধ্যে বেশ সমাদৃত। উপজেলা ওয়েব পোর্টাল সমৃদ্ধিকরণে বিশেষ কৃতিত্বের জন্য ২০১৩ সালে চট্টগ্রাম হতে পুরস্কৃত হন। পেশাগত জীবনের বাইরে রয়েছে তার বর্ণিল সাংস্কৃতিক ভূবন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন “DUMA” এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, “বৈরাগী সাংস্কৃতিক সংস্থা”র প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকাস্থ নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের (BTV) এনলিস্টেট কন্ঠশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যাল-প্রথম আলো” সাংস্কৃতিক প্রতিযোগিতায় বংশীবাদক ও সংগীত শিল্পীর পুরস্কার অর্জন করেন একাধিকবার। প্রয়াত শিল্পী অধ্যাপক নিলুফার ইয়াসমিন, অধ্যাপক রেজোয়ানা চৌধুরী বন্যা ও আবু জামান খানের নিকট সংগীতের হাতেখড়ি। পরে “ছায়ানট” বিদ্যায়তন হতে বেসিক সংগীত শিক্ষাগ্রহণ করেন। কিছুদিন বাংলাদেশ বেতারের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠানে গীতিকারের কাজ করেছেন। গোকর্ণ স্কুল ও কলেজের শতবর্ষ উদযাপনের থীম সং এবং সমাজসেবা অধিদফতরের উন্নয়ন প্রত্যাশায় ঐক্যতার থীম সং এর গীতিকার ও সুরকার হিসেবে সাফল্য অর্জন করেন। এছাড়া প্রবন্ধ, নিবন্ধ, আর্টিক্যাল লেখক, ক্বারী ও অঙ্কনশিল্পী হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।











