প্রতিদিন ৩ হাজার বাংলাদেশি ভারতে যান
নিজস্ব প্রতিবেদক : ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতিদিন তিন হাজার বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন। এ হিসাবে প্রতিবছর প্রায় ১১ লাখ বাংলাদেশি ভারত সফর করেন। ভারত সরকার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ তথ্য দিয়েছে।
দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ভারত সরকার বাংলাদেশকে ভিসা সহজীকরণসহ বেশ কিছু সুবিধা দিতে সম্মত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে ভিসা এন্ট্রি-এক্সিট শর্ত থাকছে না। আকাশ বা সীমান্তপথে প্রবেশ করে আবার যেকোনো পথেই ফেরত আসা যাবে। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ভিসা এন্ট্রি-এক্সিটের বর্তমান ব্যবস্থায় জনগণের ভোগান্তি হচ্ছে। তাই আমরা তাদের এন্ট্রি-এক্সিটে বাধ্যবাধকতা তুলে নিতে প্রস্তাব দিয়েছিলাম। ভারত সরকার আমাদের প্রস্তাবে সম্মত হয়েছেন। শিগগিরই এটি কার্যকর হবে। এ ছাড়া ভিসা-প্রক্রিয়া সহজ করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। বিশেষ করে মুক্তিযোদ্ধা ও প্রবীণদের ভিসা সহজ এবং বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাবও তারা ভেবে দেখছে।
বর্তমান নিয়মে বাংলাদেশের নাগরিকেরা ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন পথে প্রবেশ করবেন, তা ভিসা আবেদনে উল্লেখ করতে হয়। আর শর্ত অনুযায়ী, যে পথে প্রবেশ করবে, সেই পথেই ফেরত আসার বাধ্যবাধকতা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় ভারত বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে। গত দুই বছরে সীমান্তে হত্যাকাণ্ড বেড়েছে। আমরা বিএসএফের হত্যাকাণ্ড বন্ধের বিষয়টি আলোচনায় এনেছি, তারা রাজি হয়েছে। সীমান্তে হত্যাকাণ্ডের পরিসংখ্যান আমরা ভারত সরকারের কাছে দিয়েছি। মাদক-চোরাচালান বন্ধে আমরা ভারতকে যে প্রস্তাব দিয়েছি, তাতেও তারা সম্মত হয়েছে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশে যেসব সীমান্ত এলাকায় রাস্তা নেই, সেসব এলাকায় আমাদের বিজিবিদের ভারতের রাস্তা ব্যবহার করার জন্য প্রস্তাব করা হলে, তাতে ভারত সম্মত হয়েছে। দুই দেশের বৈঠক ফলপ্রসূ হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারত সরকারকে বলেছি, প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত মানুষ চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা কাজে ভারতে যায়। অনুরোধে সাড়া দিয়ে ভারত ভিসা সহজীকরণের আশ্বাস দিয়েছে।’
বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে ভারত কী ধরনের সহযোগিতা করবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সব ধরনের সহযোগিতা করবে ভারত। শুধু জঙ্গি হামলা নয়, বাংলাদেশের যখন যে সহযোগিতার প্রয়োজন হবে, ভারত সেসব ক্ষেত্রে সহযোগিতা করবে। জঙ্গি দমনে বাংলাদেশ একা নয়, পাশে ভারত আছে বলেও জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।











