বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে আটক পাঁচ

 

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি, বাঘুটিয়া, জিয়নপুর ও বাঁচামরা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী অভিযানে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ডাকাত সর্দার রয়েছেন।

 

148109_1

মঙ্গলবার ভোর থেকে একটানা নয় ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্টার, লিফলেট এবং বেশকিছু ধারালো অস্ত্র।

আটকরা হলেন, বাঘুটিয়া বোপারী গ্রামের রহিজউদ্দিন সর্দারের ছেলে বাঘুটিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার (৪২), পারুরিয়া সরকার পাড়ার জনাব আলীর ছেলে কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইছাক আলী (৪২), পারুরিয়া এলাকার মো. আনসার আলীর ছেলে ড্রেজার ব্যবসায়ী শাহ আলম (৪০), লাউতারা এলাকার মৃত জোনাব আলীর ছেলে আমতলী এফএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. নজরুল ইসলাম (৫০) ও ডাকাত সর্দার রামনারায়নপুর এলাকার মৃত সোবান শেখের ছেলে চেন্তন শেখ (৫৫)।

অভিযান শেষে বিকাল চারটার দিকে বাঘুটিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, সারা দেশে বিশেষ করে চরাঞ্চলে জঙ্গিদের প্রশিক্ষণ ও আস্তনা রয়েছে। এ কারণে চরাঞ্চল গু‌লো বিশেষ গুরুত্ব দিয়ে পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানের চরাঞ্চলে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ছয়টা থেকে এক টানা বিকাল তিনটা পর্যন্ত চরাঞ্চলে যৌথবাহিনী প্রায় দুইশ’ সদস্যের কয়েকটি দল আলাদাভাবে এই অভিযান চালায়।

অভিযানকালে পারুরিয়া বাজার থেকে বাশার, ইছাক ও শাহ আলমকে আটক করা হয়। এ সময় তাদের কাছে রাষ্ট্র ও সরকার বিরোধী জামায়াতের পোস্টার এবং লিফলেট পাওয়া যায়। এই আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে নজরুলকে আটক করা হয়। তার কাছ থেকেই একই ধরনের পোস্টার ও লিফলেট পাওয়া যায়।

আর যৌথবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি তল্লাশি করে নিয়মিত মামলার আসামি ডাকাত সর্দার চেন্তনকেও ধারালো অস্ত্রসহ আটক করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে কোন জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা ৷

তাছাড়া, ৮-১০ বছর আগে এই চরাঞ্চলে আস্তানা গড়তে চেয়েছিল জেএমবি। কিন্তু, এলাকার মানুষের প্রতিরোধের কারণে তা সম্ভব হয়নি। গোয়েন্দাদের এসব তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এতে কোন জঙ্গি আস্তানা পাওয়া যায়নি ৷

তবে, গোয়েন্দারা চরাঞ্চলে কাজ করছেন। তাদের তথ্যের ভিত্তিতে প্রয়োজনে আবারও এই চরাঞ্চলসহ অন্যান্য চরাঞ্চলেও এই অভিযান চালানো হবে বলেও জানান পুলিশ সুপার।