সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল না আসা অনভিপ্রেত: সুরঞ্জিত
নিজস্ব প্রতিবেদক : সুরঞ্জিত সেনগুপ্তউচ্চ আদালতের বিচারপতিদের বেতন-ভাতা ও পেনশন বাড়ানো সংক্রান্ত বিল দু’টির ওপর আলোচনার সময় সংসদীয় কমিটির ডাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সাড়া না দেওয়াকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
রবিবার ‘সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬’ এর ওপর সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এ মন্তব্য করেন।

সংসদে সুরঞ্জিত বলেন, আগে বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারগণ জাতীয় সংসদের কমিটির আমন্ত্রণে সাড়া দিলেও বর্তমান কমিটিতে উপস্থিত হননি। বরং তারা রহস্যজনক কারণে ভিন্নমত পোষণ করেছেন। ফলে কমিটিতে বিল দু’টি পরীক্ষায় জটিলতার সৃষ্টি হয় এবং বিল দু’টির রিপোর্ট প্রদানে বিলম্ব হয়।
গত ৫ মে বিচারপতিদের বেতন-ভাতা বাড়ানোর বিলটি সংসদে তোলেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এছাড়া, গত বছরের জুন মাসে অবসরপ্রাপ্ত বিচারপতিদের পেনশন বাড়াতে ‘সুপ্রিম কোর্ট জাজেস (লিভ,পেনশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫’ সংসদে তোলা হয়। বিলটি বর্তমানে পাসের অপেক্ষায় রয়েছে।
বেতন-ভাতা সম্পর্কে বিলের প্রতিবেদন দেওয়ার সময় সুরঞ্জিত লিখিত বক্তব্যে বলেন, উন্নত বিশ্বের গণতন্ত্র আজ যে পর্যায়ে পৌঁছেছে তা একদিনে পৌঁছেনি,বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে যুগ যুগ ধরে বিবতর্নের মাধ্যমে আজ ইউরোপ, আমেরিকা ও ভারতসহ অন্যান্য দেশে গণতন্ত্রের স্থায়িত্ব এসেছে। সহনশীল মনোভাব নিয়ে কার্যকরী বাস্তবতাকে সামলিয়ে অগ্রসর হতে পারলেই মঙ্গল আসবে,অন্যথায় আমরা গণতন্ত্রের ভীত শক্ত করতে পারব না। এ জন্য যে জিনিসটি দরকার সেটা হলো রাষ্ট্রীয় তিনটি অঙ্গকে তাদের মধ্যে মতভেদ ভুলে জনগণের স্বার্থকে মাথায় রেখে স্ব স্ব জায়গা হতে সঠিকভাবে দায়িত্ব পালন করা।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বা তার প্রতিনিধির সাড়া না দেওয়া প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, কমিটি জনগণের পক্ষে এবং যাদের জন্য আইন প্রণয়ন করা হচ্ছে তাদেরকেই নিয়ে কাজ করতে চায়। সংবিধান,গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেই চলতে চায়। সংসদীয় স্থায়ী কমিটির আমন্ত্রণে সাড়া না দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে স্পিকার আপনার কাছে একটা পত্র পাঠানো হয়েছে। আমি মনে করি এটার দরকার ছিলো না। কেননা, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো সংসদ নেতার পক্ষে সংসদে গঠিত হয়ে থাকে।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের সুযোগ সুবিধা সম্পর্কিত বিল দু’টির ওপর রিপোর্ট প্রদানে বিলম্বের বিষয়টি স্পিকারের পাশাপাশি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় বলেও জানান সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত। তিনি বলেন,বিষয়টি তিনি (প্রধানমন্ত্রী) তাৎক্ষণিকভাবে বিবেচনায় নিয়ে উভয় পক্ষের মতামত ধারণ করে এবং বিষয়টি উত্তরণ ও সরল সমাধানের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এই পদক্ষেপের প্রেক্ষিতে এবং সাংবিধানিক পদে অধিষ্ঠিত অন্যান্য ব্যক্তিগণের মতো সুপ্রিম কোর্টের বিচারপতিগণের বর্ধিত সম্মানী ও ভাতা অবিলম্বে প্রদান করা প্রয়োজন। এ বিবেচনায় এ কমিটি আজ বিলটির উপর সংসদে রিপোর্ট পেশ করছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ভবিষ্যতে কমিটির প্রয়োজনে আসবেন আশা করে সুরঞ্জিত বলেন, কমিটি প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে এবং একইসাথে সম্মানজনকভাবে বিষয়টির মধুর সমাধানের ক্ষেত্র প্রস্তুত হয়েছে মর্মে মনে করছে। অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে বিলটি কিছুটা বিলম্ব সত্ত্বেও সংসদে রিপোর্ট উপস্থাপন করতে পেরে স্বস্তি প্রকাশ করছে।











