শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক সংকটে মেডিক্যাল শিক্ষাব্যবস্থা!

নিজস্ব প্রতিবেদক : মেডিক্যাল শিক্ষায় দেশে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে।দেশের নামি ও বড় হাসপাতালগুলো ছাড়া বেশিরভাগ সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে প্রয়োজনীয় শিক্ষক, অধ্যাপক নেই।
সংশ্লিষ্টরা বলছেন, সারাদেশে প্রায় ৪০ ভাগের মতো শিক্ষক ঘাটতি রয়েছে মেডিক্যাল কলেজগুলোতে। আর এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে মেডিক্যাল শিক্ষাব্যবস্থা।

93251d503fb5a28edb7f171b68cf9c39-579573b212aa2
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ঢাকার বাইরের বেশকিছু মেডিক্যাল কলেজের পড়াশুনা কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে শিক্ষক সংকটের কারণে। আর এ সংকট দূর করতে জেলা সদর ও জেনারেল হাসপাতালের সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্টরা ক্লাস নেবেন বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মেডিক্যাল কলেজ শিক্ষকদের রাজধানীপ্রীতি, বিভিন্ন বৃত্তি নিয়ে শিক্ষাছুটি, কর্মস্থলে না থাকা এবং প্রয়োজনের তুলনায় মূল শিক্ষক কম হওয়ার কারণে এই শিক্ষক সংকট তৈরি হয়েছে।
সম্প্রতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, উল্লিখিত কয়েকটি মেডিক্যাল কলেজের একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখতে সংযুক্ত জেনারেল/সদর হাসপাতালগুলোর সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্টরা তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিষয়ভিত্তিক একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ নেবেন বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আর বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর ক্ষেত্রে কার্যক্রমের মান কঠোরভাবে তদারকির ব্যবস্থাও নিয়েছে সরকার।
এক্ষেত্রে পরিদর্শন কমিটিকে দ্রুত সুপারিশ প্রদান ও কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আদেশপত্রে মুগদা মেডিক্যাল কলেজ, ফরিদুপর মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যাল কলেজ, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ, যশোর মেডিক্যাল কলেজ, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, পাবনা মেডিক্যাল কলেজ, জামালপুর মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, রাঙামাটি মেডিক্যাল কলেজ, পটুয়াখালী মেডিক্যাল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজের নাম রয়েছে।

এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় আদেশে।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বেসিক সায়েন্সের কোর্স অ্যানাটমি, ফিজিওলজি, এপিডেমিওলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিনসহ নানা কোর্স পড়ানোর শিক্ষক নেই। আর এসব মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়টি জানালে সরকার সিদ্ধান্ত নেবে।

আশুলিয়ায় অবস্থিত বেসরকারি নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যাপ্ত শিক্ষক না থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, শুধুমাত্র পরীক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বোর্ডকে দেখানোর জন্য এক মাসের চুক্তিতে শিক্ষক ভাড়া করে নিয়ে আসতো এই কলেজের কর্তৃপক্ষ।মেডিক্যাল কলেজ নীতিমালা অনুযায়ী কলেজ পরিচালনা না করা এমন কী বিএমডিসির অনুমোদন ছাড়াই চলছে এই মেডিক্যাল কলেজ। জানা গেছে, পর্যাপ্ত শিক্ষকের পাশাপাশি কিছু বিভাগ রয়েছে পুরোপুরি শিক্ষকশূন্য।

অপরদিকে, প্রায় এক যুগ আগে প্রতিষ্ঠিত হওয়া নর্দার্ন প্রাইভেট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের দ্বন্দ্বের কারণে শিক্ষক সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং হাসপাতাল চালু না হওয়ায় আগেও নিবন্ধন একবার বাতিল হয়েছিল বলে জানা যায়।বর্তমানে কলেজের শিক্ষকের সংখ্যা ৬০ জন বলে দাবি করা হলেও বেশির ভাগ শিক্ষক অবসরে এবং শিক্ষকদের অনেকের নেই শিক্ষকতা সম্পর্কে বাস্তব কোনও অভিজ্ঞতাও। অনেক বিভাগে শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। ধার করা শিক্ষকদের নিয়ে চলে আসছে পাঠদান।

এদিকে, সরকারি পটুয়াখালী মেডিক্যাল কলেজে কোনও শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। কিন্তু প্রথম ও দ্বিতীয় ব্যাচে মোট ১০২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমেস্ট্রি বিভাগে রয়েছেন মাত্র কয়েকজন শিক্ষক।

মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষক সংকট রয়েছে স্বীকার করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন)ডা.মো.আবদুর রশীদ।

অধিদফতর থেকে সারাদেশে শিক্ষক সংকট কোথায় কতজন রয়েছেন, সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সারাদেশের তথ্য এলেই নিশ্চিত করে শিক্ষক সংকট বা ঘাটতির কথা পুরোটা জানা যাবে।

তবে শতকরা হিসেবে সেটা প্রায় ৪০ শতাংশের মতো হবে এটা জানান তিনি।

শিক্ষার ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

তিনি বলেন, একজন ভালো চিকিৎসককে পর্যাপ্ত লেখাপড়া করতে হয়। আমরা এখনও রাত জেগে পড়াশুনা করি।সে ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণও থাকতে হবে। পর্যাপ্ত শিক্ষক না থাকার বিষয়টি বারবার আমরা বলেছি। সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, যেসব মেডিক্যাল কলেজের মান নেই, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।