প্রথমবারেই পুরস্কার ছিনিয়ে নিল বাংলাদেশ
২৭ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০১৬ তে বাংলাদেশ দল। লাল-সবুজ পোশাকে বাম থেকে মাইশা মুনাওয়ারা প্রমি, আইমান ওয়াদুদ, ওয়াসিক হাসান এবং ওয়াসি রহমান চৌধুরী।আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড হলো জীববিজ্ঞান বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এবং সম্মানজনক প্রতিযোগিতা। এবছর ১৭-২৪ জুলাই ২০১৬ তে ভিয়েতনামে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড। এখানে অংশ নিচ্ছে ৭২ টি দেশের ২৬৮ জন প্রতিযোগী। এবার আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রথমবারের মতো প্রতিযোগিতা করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রতিযোগীরা হলো- সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের আইমান ওয়াদুদ, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ওয়াসিক হাসান, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মাইশা মুনাওয়ারা প্রমি এবং স্কলাস্টিকার ওয়াসি রহমান চৌধুরী। তাদের মধ্যে মাইশা মুনাওয়ারা প্রমি এবং ওয়াসিক হাসান জিতে নেয় বিশেষ সম্মানসূচক‘মেরিট’ পুরস্কার।
ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরে অবস্থিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আজ সন্ধ্যায় এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রথমবার অংশ নিয়ে এই ধরণের আন্তর্জাতিক মেধাভিত্তিক প্রতিযোগিতায় পুরস্কার জেতার ঘটনা অত্যন্ত বিরল এবং বাংলাদেশের জন্য অভূতপূর্ব। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলে চার ক্ষুদে বিজ্ঞানীর সাথে আছেন দুইজন দলনেতা ও জুরি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাখহরি সরকার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো: সামিউল আলম রাজীব। প্রতিযোগিতা শেষে আজ দলটি দেশে ফিরবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের জীববিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছিল জাতীয় জীববিজ্ঞান উৎসবের। এবছর ৫ ফেব্রুয়ারি ‘লক্ষ্য এবার ভিয়েতনাম জয়’স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বসেছিল দেশে জীববিজ্ঞানের সবচেয়ে বড় এ আসর। রাজধানীর বিভিন্ন স্কুল ছাড়াও সারা দেশের ৪৭টি জেলা থেকে ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। এতে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। জাতীয় উৎসবে বিজয়ীদের নিয়ে জীববিজ্ঞান বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ ও চূড়ান্ত বাছাইয়ের জন্য ১১-১৩ মার্চ সাভারে অবস্থিত জাতীয় জীবপ্রযুক্তি ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় বায়োক্যাম্প। ক্যাম্পের মূল্যায়ন পরীক্ষায় চারজন শিক্ষার্থী অর্জন করে ‘মাস্টার ক্যাম্পার’ পুরস্কার, যারা বাংলাদেশ দলের হয়ে অংশ নেয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০১৬ তে। জাতীয় জীববিজ্ঞান উৎসব এবং বায়োক্যাম্পে মিডিয়া পার্টনার হিসেবে ছিল কালের কণ্ঠ। বাংলাদেশ দলের স্পন্সরহিসেবে ছিল প্রাইম ব্যাংক, সোয়েটার মেকার্স এবং ফেয়ার ডিস্ট্রিবিউশনস লিমিটেড।











