মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি হামলার খবর নিতান্তই গুজব : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্যভাবে সম্প্রতি ছড়িয়ে পড়া জঙ্গি হামলার খবরকে বিভ্রান্তিমূলক ও নিতান্তই গুজব হিসেবে অভিহিত করেছে পুলিশ। এ ব্যাপারে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

police_bangla_19385

পাশাপাশি কেউ যদি এ ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে জনমনে ভীতি সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নিত করে তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, ইউটিউব, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্যভাবে ছড়ানো জঙ্গিবাদের গুজবকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক, নিরাপত্তাহীনতা ও বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে পুলিশ সদর দপ্তরের প্রতীয়মান হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব্য হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্যভাবে শপিংমল, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য জনসমাগমস্থলে জঙ্গি হামলার খবর নিতান্তই গুজব ও বিভ্রান্তিকর। জঙ্গিবাদের এ ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি পুলিশ সদর দপ্তর অনুরোধ জানাচ্ছে।

এতে বলা আরো হয়, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা থাকলে বা পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেই জনগণকে সতর্ক করাসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনাসহ অন্যান্য ঘটনায় পুলিশ সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে গুলশান ও শোলাকিয়ার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সহায়ক হবে।

পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গিদের বেশকিছু আস্তানা শনাক্ত করেছে এবং এ বিষয়ে অন্যান্য আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

জঙ্গি কার্যক্রমের জন্য কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে অথবা কারো বিষয়ে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হওয়া সম্পর্কে সন্দেহ হলে সে বিষয়ে তথ্য নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্যও পুলিশ সদর দপ্তর অনুরোধ জানাচ্ছে।