একটি মোষের দাম ৪ কোটি টাকা!
অনলাইন ডেস্ক : একটি মোষের দাম কত হতে পারে? এই প্রশ্নের জবাবে কেউ যদি আপনাকে বলেন, চার কোটি টাকা। বিশ্বাস করবেন? বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু, এটাই সত্যি। ভারতের মধ্যপ্রদেশের রীবা জেলায় নিলামে একটি মোষের দাম চার কোটি টাকা উঠল। হ্যাঁ, ঠিক পড়ছেন। আরও রয়েছে। মোষটিকে প্রতিপালন করতে প্রতিদিন খরচ হয় ১৪ হাজার টাকা।
মোষটির নাম হীরা। অমহিয়া স্থিতি ডেয়ারির মোষটিকে নিলামে তোলা হলে হরিয়ানার এক ব্যবসায়ী চার কোটি টাকা দাম হাঁকেন। হরিয়ানার মুরা প্রজাতির মোষ এই কালো হীরা। ডেয়ারির মালিক মুন্না সিংয়ের কাছে গত পাঁচ বছর ধরে রয়েছে মোষটি। নিলামে মোষটির দাম শুরু হয় আড়াই কোটি টাকা থেকে। তারপর তা পৌঁছে যায় চার কোটি টাকায়। উত্তরপ্রদেশে, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যের ব্যবসায়ীরা এই নিলামে হাজির হয়েছেন।
কালো হীরার খবর সারা শহরে ছড়িয়ে পড়েছে। মোষটিকে দেখতে প্রতিদিন ভিড় জমে যায়। হীরার ওজন জেনে সবাই চমকে উঠেন। মোষটির ওজন ১০ কুইন্টাল।
হীরার প্রজনন ক্ষমতার জন্য নাকি বছরে লাখ লাখ টাকা আয় করেন মালিক। হীরার মালিক মুন্না সিং জানান, হীরাকে প্রজনন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। হীরার সঙ্গে মিলনের ফলে যে বাচ্চার জন্ম হবে, তার ওজন নাকি ৪৫-৫০ কিলোগ্রাম হবে। আবার একবারে নাকি ১২-১৪ লিটার দুধ দেবে। বছরে ৪০-৪৫ টা স্ত্রী মোষকে প্রজননে হীরাকে ব্যবহার করা হয়। যার ফলে মালিক বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবেন। তবে চার কোটি টাকা দাম উঠলেও হীরাকে বিক্রি করতে চান না মুন্না সিং।











