‘প্রতিশোধ’ নিতে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনতে মরিয়া এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক :তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানতুরস্কে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। অভ্যুত্থান দমনের পর পরই জড়িতদের বিরুদ্ধে শাস্তির মুখোমুখি হতে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি। আশঙ্কা করা হচ্ছিল, বিচারের নামে এরদোয়ান তার বিরোধীদের ওপর ‘প্রতিশোধ’ নিতে পারেন। আর ক্রমেই সেই আশঙ্কা বাস্তবতায় পরিণত হচ্ছে। জড়িতদের শাস্তি দিতে এরদোয়ান দেশটিতে মৃত্যুদণ্ড পুনর্বহালের কথা জানিয়েছেন। সেনাবাহিনী, বিচার বিভাগ ও নিরাপত্তাবাহিনী থেকে ভিন্ন মতাবলম্বীদের সরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠেছে এরদোগান প্রশাসনের বিরুদ্ধে।

সোমবার (১৮ জুলাই) রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ‘এখানে জনমত বলছে, ওই সন্ত্রাসীদের হত্যা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি কেন তাদের বছরের পর বছর জেলে রেখে খাওয়াব? জনগণ এটাই বলছে।’ তিনি পার্লামেন্টে এ সম্পর্কিত বিল উত্থাপনের কথা উল্লেখ করে বলেন, ‘পার্লামেন্টে বিল পাস হলে প্রেসিডেন্ট হিসেবে আমি অবশ্যই তাতে অনুমোদন দেব।’
রবিবার ইস্তানবুলে আয়োজিত এক সমাবেশ থেকে দাবি ওঠে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহালের। সেখানে এরদোয়ান বলেন, ‘গণতন্ত্রে জনমতের ভিত্তিতেই রায় তৈরি হয়। আমি মনে করি, আমাদের সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গেও আলোচনা করবে।’
অভ্যুত্থান চেষ্টায় নিহতদের শেষকৃত্যে তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়ে আর দেরি করতে পারি না, কারণ এই দেশে যারা ক্যু চেষ্টা চালিয়েছে, তাদের মূল্য দিতে হবেই।’
১৯৮৪ সাল থেকে কোনও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি তুরস্কে। ২০০৪ সালে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করে দেশটি। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদের আবেদনের জন্য যা ছিল একটি অন্যতম প্রধান শর্ত। শুক্রবারের ক্যু চেষ্টার পর মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহালের যে দাবি তোলা হয়েছে তা ইইউ ও তুরস্কের মধ্যকার আলোচনায় প্রভাব ফেলতে পারে।
তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহাল প্রশ্নে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি বলেন, ‘মৃত্যুদণ্ডের বিধান বহাল রেখে কেউ ইইউ সদস্য হতে পারবে না।’ তুরস্ক কাউন্সিল অব ইউরোপের সদস্য ছিল এবং ইউরোপীয় কনভেনশনে স্বাক্ষরকারী দেশ, যা মৃত্যুদণ্ডের বিধানের বিরোধী। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের এক মুখপাত্র জানিয়েছেন, মৃত্যুদণ্ডের বিধান বহাল রেখে কেউ ইইউ-র সদস্য হতে পারবে না। আমরা নিশ্চিতভাবেই মৃত্যুদণ্ডের বিরোধী, আর মৃত্যুদণ্ডের বিধান জারি রাখার মানে হলো ইইউ-তে যোগ দেওয়ার আলোচনা শেষ হয়ে যাওয়া।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক অরাল্ট বলেছেন, ‘তুরস্ক আমাদের কৌশলগত মিত্র। কিন্তু তাকে অবশ্যই মৌলিক স্বাধীনতাকে মর্যাদা দিতে হবে। অভ্যুত্থান প্রচেষ্টার পরেও গণতান্ত্রিকতা কমে যাওয়ার কোনও সুযোগ নেই। বরং আরও বেশি গণতান্ত্রিক হওয়ার প্রয়োজন রয়েছে।’
ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘অন্যান্য মিত্রের মতোই আমাদের কাছে তুরস্ক গুরুত্বপূর্ণ। দেশটির গণতন্ত্র ও তার প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক আদেশ, আইন এবং মৌলিক স্বাধীনতা নিশ্চিত রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।’
মৃত্যুদণ্ড পুনবর্হাল ছাড়াও এই সুযোগে এরদোয়ান তার বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর ওপর আরও ভয়াবহ দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেছেন। এখন পর্যন্ত অন্তত নয় হাজার পুলিশ সদস্য, ৩০ জন স্থানীয় গভর্নর, অন্তত ৫৭ জন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আট হাজার মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছয় হাজারেরও বেশি সৈনিক এবং ১০৩ জন জেনারেল ও অ্যাডমিরাল পদমর্যাদার সেনা কর্মকর্তা, যা পুরো তুর্কি সেনাবাহিনীর ওই মানের কর্মকর্তাদের এক-তৃতীয়াংশ। প্রায় দুই হাজার ৭০০ বিচারককে পদচ্যুত করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তুরস্কের ৩০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এই প্রক্রিয়ায় সরকারের বিভিন্ন ‘বিতর্কিত’ নীতির বিরুদ্ধে বলিষ্ঠ সমালোচনা করা অন্তত ২০টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে।
এই দমননীতি ক্রমশ বাড়তে থাকায়, তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘তুরস্ক সরকারকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসন সমুন্নত রাখতে সর্বোচ্চ মান রক্ষা করতে হবে। আমরা অবশ্যই অভ্যুত্থান চেষ্টাকারীদের বিচারকে সমর্থন করি। কিন্তু এমন কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ওই মান যেন নিচে নেমে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।’
এরদোয়ান যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছেন ওবামা প্রশাসনের কাছে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেরি এ প্রসঙ্গে বলেন, ‘তুরস্ককে গুলেনের জড়িত থাকার বিষয়ে অবশ্যই প্রমাণ পেশ করতে হবে।’
গুলেন ‘হিজমেত মুভমেন্ট’ নামের একটি জনপ্রিয় আন্দোলনের প্রধান তাত্ত্বিক নেতা। শনিবার এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র সমালোচনা করে বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ান আমার ওপর যে অভিযোগ করেছেন, আমি তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি না।’ তিনি তুরস্কের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য এরদোয়ানকেই দায়ী করেন। সাংবাদিকদের গুলেন বলেন, ‘এটি সম্ভবত একটি সাজানো ক্যু। এরদোয়ানের একেপি পার্টিই তা আয়োজন করেছে। আর এর মধ্য দিয়ে তারা গুলেনপন্থী এবং সেনাবাহিনীকে দোষারোপ করার সুযোগ পাবে।’
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়। মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করে দেশটির সেনাবাহিনীর একাংশ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষার স্বার্থে’ সশস্ত্র বাহিনী তুরস্কের ক্ষমতা দখল করেছে। টেলিভিশনের পর্দায় পড়ে শোনানো ওই বিবৃতিতে বলা হয়, এখন ‘শান্তি পরিষদ’ দেশ চালাবে এবং কারফিউ ও সামরিক আইন জারি থাকবে। একই সঙ্গে তুরস্কের বিদ্যমান বৈদেশিক সব সম্পর্ক বহাল থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা প্রাধান্য পাবে। কারফিউর বিরোধিতা করে এরদোয়ানের সমর্থকরা রাস্তায় নেমে এলে সংঘর্ষ শুরু হয়।
শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়।











