নিখোঁজ যুবকদের কয়েকজনের সন্ধান পাওয়া গেছে
নিউজ ডেস্ক : নিখোঁজ যুবকদের কয়েকজনের সন্ধান পাওয়ার দাবি করেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।সোমবার র্যাব সদর দফতরে ‘রিপোর্ট টু র্যাব নামে’ একটি অ্যাপস উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
বেনজীর আহমেদ বলেন, ‘ইতোমধ্যে আমরা কিছু মিসিং যুবকের খোঁজ পেয়েছি, যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। তারা জঙ্গি হিসেবে আত্মপ্রকাশ করেছে।’
তবে তিনি এদের কোনো সুনির্দিষ্ট সংখ্যা বলেননি। তারা কোথায় রয়েছে, তাও জানাননি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, জঙ্গিদের তালিকা করা, নজরদারি করা একটি চলমান প্রক্রিয়া, সেটি অব্যাহত রয়েছে।
বাংলাদেশে দুই জঙ্গি হামলা ও বাইরের দেশের জঙ্গি হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এই ঘটনায় যারা জড়িত তাদেরও তদন্তের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করা হবে।’
প্রসঙ্গত, গুলশানে নিহত তিনজন বেশ আগে থেকে পরিবারের কাছে নিখোঁজ থাকার তথ্য প্রকাশ পাওয়ার পর শোলাকিয়ায় পুলিশের ওপর হামলায় জড়িত একজনও ঘরছাড়া ছিলেন বলে জানা যায়।
এরপর আরও ১০ যুবকের সন্ধান পেতে আইনশৃংখলা বাহিনীর সহায়তা চায় তাদের পরিবার। নিখোঁজরা হলেন- ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর- এ এফ ৭৪৯৩৩৭৮), চাঁপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫), সিলেটের তামিম আহমেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮), ঢাকার ইব্রাহীম হাসান খান (পাসপোর্ট নম্বর-এ এফ ৭৪৯৩৩৭৮), লক্ষ্মীপুরের এ টিএম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর- এফ ০৫৮৫৫৬৮), ঢাকার ধানমণ্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯), সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর-টি কে ৮০৯৯৮৬০) ও জুন্নুন শিকদার (পাসপোর্ট নম্বর-বি ই ০৯৪৯১৭২)।
নতুন অ্যাপস ‘রিপোর্ট টু র্যাব’
সাধারণ মানুষের কাছ থেকে জঙ্গি ও অপরাধীর তথ্য, মতামত এবং অপরাধ সম্পর্কিত তথ্য জানতে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করে র্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা সাধারণ মানুষের সহায়তা চাই। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নাম পরিচয় গোপন রেখে অপরাধ বা অপরাধীর তথ্য দেয়া যাবে। যারা নিখোঁজ রয়েছেন তাদের তথ্যও এখানে দেয়া যাবে। সাধারণ মানুষের তথ্য নিয়ে র্যাব প্রতিরোধমুলক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
রিপোর্ট টু র্যাব অ্যাপসটি ব্যবহার করতে র্যাবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অ্যাপসটি ইনস্টল করতে হবে। এছাড়া গুগল প্লে-স্টোরেও অ্যাপসটি থাকবে।
অ্যাপসটির ওপেন করে টেক ফটো অপশনে গিয়ে ঘটনার ছবি তুলে তার সঙ্গে ঘটনার স্থান ও বর্ণনা যোগ করা যাবে। অবশেষে সেন্ড বাটনে প্রেস করে র্যাব সার্ভারে পাঠিয়ে দিতে হবে।
র্যাব জানায়, যে কোনো সচেতন নাগরিক অ্যাপসটি ব্যবহার করে যে কোনো অপরাধ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে র্যাবকে তথ্য দিতে পারবেন। এক্ষেত্রে তথ্যদাতা তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে পারবেন। র্যাব তাত্ক্ষণিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বল্পতম সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে পারবে।
এছাড়া পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটি) উদ্যোগেও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। সূত্র: যুগান্তর











