বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শর্তের কারণে জঙ্গি বিরোধী ঐক্য হচ্ছে না

crime_scene-550x308শর্তের কারণে সর্বদলীয় জাতীয় ঐক্য হচ্ছে না। আওয়ামী লীগ বলেছে বিএনপি যদি জামায়াত ছাড়ে তাহলে তাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে। অন্যথায় নয়। অপরদিকে বিএনপি জামায়াত ছাড়তে রাজি নয়। যে কারণে জাতীয় ঐক্য হচ্ছে না।
সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিবসহ সিনিয়র নেতারা। সরকার দলীয় নেতাদের বক্তব্যে খালেদা জিয়ার আহ্বানকে প্রত্যাখ্যান করা হলেও জাতীয় ঐক্যের অবস্থান থেকে সরেনি বিএনপি। দেশে হামলার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করতে হবে। আর এই ঐক্যের উদ্যোগ সরকারকেই নিতে হবে। জঙ্গিবাদের এই ভয়াবহ বিস্তারকে জাতীয় দুর্যোগ হিসেবে চিহ্নিত করে এ থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্য ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন সুজন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিশিষ্টজনরা জঙ্গি দমনে জাতীয় ঐক্যের কথা বলেছেন।
খালেদা জিয়াসহ দলটির সিনিয়র নেতারা দফায় দফায় জাতীয় ঐক্যের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন। গুলশান ট্রাজেডির পরদিন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রথম জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, আমি আবারও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই নিষ্ঠুর বিবেকবর্জিত গণতন্ত্র ও সভ্যতাবিরোধী উগ্রবাদী শক্তিকে নির্মূল করতে দলমত নির্বিশেষে সকলের সমন্বিত প্রচেষ্টাকে কাজে লাগাই। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এখনই এই উগ্রবাদী শক্তিকে দমন করতে না পারলে এরা দীর্ঘতম যুদ্ধ চালিয়ে দেশের জনগণের শান্তি, সুস্থিতি, নিরাপত্তা বজায় রাখা কঠিন করে তুলবে।
সন্ত্রাস ও জঙ্গি দমনে বিভিন্ন পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান এলেও এ ইস্যুতে পুরনো শর্তে অনড় আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতকে সঙ্গে রাখলে বিএনপির সঙ্গে বসার সুযোগ নেই। যেকোনো ইস্যুতে এক টেবিলে বসতে হলে বিএনপিকে আগে জামায়াত ছাড়তে হবে। তবে চলমান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সম্মিলিত উদ্যোগের বিষয়ে একমত আওয়ামী লীগের নেতারা। সম্প্রতি দেশে জঙ্গি হামলার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের দাবি ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টির ওপর গুরুত্বারোপ করে।
দেশে গুপ্তহত্যা ও জঙ্গি হামলার সঙ্গে জামায়াত ও শিবির সরাসরি জড়িত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আওয়ামী লীগ। শুধু আওয়ামী লীগ নয় জোটবদ্ধভাবেও একই দাবি জানিয়েছে তারা। এ নিয়ে সম্প্রতি মানববন্ধনসহ বেশ কয়েকটি কর্মসূচি পালন করে। গুলশান হত্যাকা-ের পরই খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রস্তাব করলে সরব হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি নেত্রীর এ আহবান সরাসরি প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন দলটির নেতারা।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি তো এখনো চিহ্নিত রাজাকার জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। আগে তারা জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক, পরে আমরা দেখবো। একই প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, অবশ্যই, জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। এটা আমরাও মনে করি। কিন্তু জাতীয় ঐক্য হবে কার সঙ্গে? যিনি জঙ্গি লালন করছেন, জঙ্গি পৃষ্ঠপোষকতা করছেন, সন্ত্রাসী কর্মকা- পৃষ্ঠপোষকতা করছেন তার সঙ্গে? তাহলে তার সঙ্গে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব? উনি আগে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করুক।
গুলশান ট্র্যাজেডিসহ সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করতে হবে। আর এই ঐক্যের উদ্যোগ সরকারকেই নিতে হবে। গত রোববার রংপুরে ‘পল্লীনিবাস’ বাসভবনে সাংবাদিকদের তিনি আরো বলেন, সব দলকে নিয়ে বৈঠক করতে হবে। সবাই একসঙ্গে বসলে বিশ্ববাসী দেখবে, এ দেশের রাজনৈতিক দলগুলো একটি ইস্যু নিয়ে একসঙ্গে বসেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই প্রেসিডেন্ট।
তিনি বলেন, সন্ত্রাস নির্মূলে বৈদেশিক সাহায্যের কোনো প্রয়োজন নেই। বাঙালি বীরের জাতি, স্বাধীনতা যুদ্ধে এ জাতি যেভাবে জয়ী হয়েছে, সেভাবেই দেশ থেকে জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গি নির্মূল করা সম্ভব। এরশাদ আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে অনেক শিক্ষিত যুবক জঙ্গি হয়েছে।
উগ্রপন্থা ও জঙ্গিবাদের বিস্তার বিচ্ছিন্ন বা স্বতঃস্ফূর্ত কোনো ঘটনা নয়। এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সুপরিকল্পিত দীর্ঘ প্রস্তুতি এবং রাজনৈতিক হঠকারিতা ও অবিমৃশ্যকারিতা। এর শেকড় অনেক গভীর। এ থেকে উত্তরণে যে সংগ্রাম তা-ও হতে হবে সর্বাত্মক ও দীর্ঘমেয়াদি। জঙ্গিবাদের এই ভয়াবহ বিস্তারকে জাতীয় দুর্যোগ হিসেবে চিহ্নিত করে এ থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্য ছাড়া অন্য কোনো বিকল্প নেই। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন সুজন। সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সাম্প্রতিক জঙ্গি আক্রমণে দেশের শান্তিপ্রিয় নাগরিকদের নির্মম হত্যাকা-ের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, ক্ষুব্ধ।
বিবৃতিতে জানানো হয়, জাতীয় ঐক্য গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে আগামী ১৬ই জুলাই সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশব্যাপী এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হবে শাহবাগে, জাতীয় জাদুঘরের সামনে। এই কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য সমমনা সব সংগঠন ও নাগরিকদের আহ্বান জানিয়েছে সুজন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গঠনের কথা বরেছেন। তার বলেছেন এখনই জাতীয় ঐক্যের উদ্দ্যোগ নেয়া না হলে দেশে আরো ভয়াবহ হামলার ঘটনাও ঘটতে পারে। কারণ জঙ্গিরা একের পর এক হামলার হুমকি দিয়ে আসছে।

আমাদের সময়.কম