গুলশান হামলায় আটক জঙ্গি গেল কই?
গুলশান হামলার ১১ দিনেও জানা গেল না অভিযানের পর আইএসপিআর ও পুলিশ সূত্রে প্রাপ্ত হামলায় নিহত ছয় জঙ্গির সহযোগী হিসেবে আটক সপ্তম জঙ্গির নাম ও পরিচয়? কোথায় আছে? সংশ্লিষ্ট কোনো পক্ষই এ বিষয়টি খোলাসা করছে না।
গুলশান হামলার পর এ বিষয়ে জানতে নিয়মিত যোগাযোগ করা হয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর), ঢাকা মহানগর পুলিশ, আহত এবং নিহতদের পরিবার পরিজনসহ সংশ্লিষ্টদের সাথে।
সবদিকে যোগাযোগ ও নজর রেখেও এ বিষয়ে কোনো কূল-কিনারা পাওয়া যায়নি। মানুষেরও প্রশ্ন ‘গুলশান হামলায় আটক সপ্তম জঙ্গি গেল কই?
এ বিষয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আইএসপিআরে একাধিকবার যোগাযোগ করার পর কেউ বিষয়টি খোলাসা করেননি। আইএসপিআরে কর্মরতরা এ ব্যাপারে মেপে মেপে একই কথা বার বার বলেন। আর পুলিশের পক্ষ থেকে বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হলি আর্টিসান বেকারির সুপারভাইজার সুমন রেজা শুক্রবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘রাত নয়টার দিকে ৮ থেকে ১০ জন যুবক অতর্কিতে হলি আর্টিসানে ঢুকে পড়ে। তাদের একজনের হাতে ছিল তলোয়ার, বাকিদের কাছে আগ্নেয়াস্ত্র। ঢুকেই তারা কয়েকটি ফাঁকা গুলি করে এবং ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে। তখন ভেতরে ২০ জনের মতো বিদেশি নাগরিক ছিলেন। সুমন ও হলি আর্টিসানের আরেকজন কর্মী যিনি ইতালির নাগরিক দোতলার ছাদ থেকে লাফিয়ে বাইরে আসেন।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ-র্যাব ঘটনাস্থলে দীর্ঘ সময় চেষ্টা চালালেও শেষ অভিযান পরিচালনা করে সেনা-নৌ-বিমান বাহিনীর সম্মিলিত কমান্ডোরা।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, হলি আর্টিসান রেষ্টুরেন্টে পরিচালিত কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়েছেন। ধরা পড়েছেন আরেকজন।
ঐদিন দুপুরে আইএসপিআর সেনা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন ‘গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিসানে সেনাবাহিনীর নেতৃত্বে বিমান, নৌ বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের সমন্বিত অভিযান চালানো হয়। সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হওয়া কমান্ডো অভিযানের ১২/১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করে টার্গেট এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। সাড়ে ৮টায় অভিযানের সফল সমাপ্তি করা হয়। জঙ্গিরা ২০জন বিদেশি নাগরিককে হত্যা করে। সকালে কমান্ডো অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। এ সময় ৭ সন্ত্রাসীর মধ্যে ৬ জন নিহত হন। সন্দেহভাজন এক সন্ত্রাসী গ্রেফতার হয়।’
দীর্ঘ এক সপ্তাহেও গ্রেফতার সেই সন্দেহভাজন এক সন্ত্রাসীর কোনো তথ্য জানায়নি আইএসপিআর। কয়েক দফায় চেষ্টা করেও তা জানা যায়নি। সর্বশেষ রোববার যোগাযোগ করা হলে আইএসপিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘ঘটনার পর আন্তবাহিনীর পক্ষ থেকে সব কিছু ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী বাকি যা করার তারাই করবেন। আমাদের কাছে এর বাইরে কোনো তথ্য নেই।’
কিন্তু ঢাকা মহানগর পুলিশও এবিষয়ে কোনো তথ্য দেয়নি। ঘটনাস্থলের সাথে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’
সে সময় রেষ্টুরেন্টটির বার্বুচি সাইফুল ইসলাম চৌকিদারকে হামলাকারীদের একজন বলেছিল পুলিশ। পরে তার ছবি দেখে রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ ও সাইফুলের পরিবার তাকে সনাক্ত করলে পুলিশ সেই বক্তব্য থেকে সরে আসে। কিন্তু ঘটনার দুদিন পর পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস দমন আইনে করা মামলার এজাহারে নিহত ৫ জঙ্গির সাথে তার নামও জুড়ে দেওয়া হয়।
মহানগর হাকিম (সিএমএম) স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে উপস্থাপিত মামলার এফআইআরে এমনটা দেখার পর বুধবার গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’
অথচ মামলা দায়েরের রাতে (সোমবার) গুলশান থানার ইনচার্জের দায়িত্বে থাকা (পরিদর্শক-তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া নিশ্চিত করে জানিয়েছিলেন, কমান্ডো অভিযানে নিহত পাঁচ জঙ্গির নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে মামলাটিতে। গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পাঁচ আসামির নাম মামলার তালিকায় থাকার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এবিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের মুখপাত্র উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমানও কোনো তথ্য জানাতে পারেননি। এমনকি এক প্রশ্নের জবাবে বলেন, ‘রাজধানীতে মোট কতজন উঠতি বয়সের তরুণ নিখোঁজ রয়েছে, ডিএমপিতে এর সঠিক হিসেব নেই।’
এতো কিছুর পরও দেশের সাধারণ মানুষ জানতে পারলেন না কে সেই কমান্ডো অভিযানে নিহত ছয় জঙ্গির সহযোগী হিসেবে আটক সপ্তম জঙ্গি? কি তার নাম, পরিচয়? সে কি আসলে আটক হয়েছিল? হয়ে থাকলে কে? কোথায় আছে? আটক সেই সপ্তম জঙ্গি গেল কই?
সূত্র : পরিবর্তন ডটকম











