‘ইচ্ছাকৃতভাবে জঙ্গিবাদ জিইয়ে রাখতে চাচ্ছে সরকার’
নিজস্ব প্রতিবেদক : প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে নির্মূল করতে সরকার ইচ্ছাকৃতভাবেই জঙ্গিবাদকে জিইয়ে রাখতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী আহমেদ বলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশীমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহকে ঢাকায় আসার পথে শনিবার সন্ধ্যার সময় দেবহাটা পারুলিয়া নামক স্থানে পুলিশ তাকে বাস থেকে নামিয়ে নেয় এবং রাত ৩টার দিকে তাকে ক্রসফায়ারে হত্যা করে। তিনি বলেন, জঙ্গিবাদ নয় সরকার বিএনপিকে নির্মূল করার পুরনো পরিকল্পনা বাস্তবায়ন করছে। আসলে সরকারের কর্মকাণ্ডে স্পষ্ট যে, বর্তমানে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠির অপতৎরতার পথ প্রদর্শক হচ্ছে আওয়ামী শাসক গোষ্ঠী। এরা ইচ্ছাকৃতভাবেই জঙ্গিবাদী অশুভশক্তিকে জিইয়ে রাখতে চা
কারণ তাদের রক্তক্ষয়ী কর্মকাণ্ডের দিকে জনগণের দৃষ্টি নিবদ্ধ থাকলে অবৈধ সরকারের প্রতি পদত্যাগের চাপ কমে যাবে। তাই সরকার জঙ্গিবাদী তৎপরতায় নিজেদের হালকা বোধ করে। আর এই সুযোগে জঙ্গিবাদ দমনের নামে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে নির্র্মূল করার কাজ সহজ হবে। আর সেজন্যই দেশজুড়ে আওয়ামী ক্যাডারদের কর্তৃক হত্যা, ক্রসফায়ারে বিএনপির নেতাকর্মীদের হত্যা সমান গতিতে অব্যাহত আছে। ক্রসফায়ারে ওয়ালিউল্লাকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দেশে বর্তমান জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলামের পথ নয়।
কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, ক্রসফায়ারের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, মিথ্যা মামলা দিয়ে দেশব্যাপী পাইকারীভাবে বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি উঠলেই সরকারপ্রধান কর্তৃক দেখে নিব, কাউকে ছাড় দেয়া হবে না প্রতিনিয়ত এসব হুমকি কিসের পথ? রিজভী আহমেদ বলেন, তিনি রক্তাক্ত সন্ত্রাস আর হরিলুটের অর্থনীতির ওপর নিজের টিকে থাকা নিশ্চিত মনে করছেন। তাই জনগণের ইচ্ছাকে তাঁর খুব অপছন্দ। বর্তমান উগ্রবাদীদের সৃষ্ট জাতীয় দুর্যোগ মোকাবিলায় ঐক্যের আহবানকে আমলে নেন না। শাসক দল কখনোই গণতন্ত্রের পথে পা দেবে না। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র জাতীয় সমস্যা সমাধান সম্ভব। রাজনীতিতে বিচ্ছেদ, বিনাশ, ব্যবধানের চর্চা অব্যাহত থাকলে কোন না কোন রুপে ভিন্নমত বিধংসী উগ্রবাদীরা মাথাচাড়া দেবেই। তাই প্রকৃত গণতন্ত্র ভিন্নমতে সহবস্থান জোরালো হয় বলেই বহুদলীয় গণতন্ত্রের পথেই জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হয়। এই মুহূর্তে প্রয়োজন, নিদর্লীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। আর ক্ষমতা ভোগের উদগ্র বাসনা ত্যাগ করে সরকারের উচিৎ নিজেরা পদত্যাগ করে নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচনের পথকে সুগম করা। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।











