নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি খালেদা জিয়ার
নিউজ ডেস্ক : জঙ্গি হামলার ঘটনায় দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, আইনের শাসন ও গণতন্ত্রের অভাবে দেশে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। প্রথম থেকেই সরকার ব্যর্থ। সরকারের উচিত ব্যর্থতার দায় নিয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা থেকে সরে যাওয়া।
বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। এই সব নৃশংস ঘটনাগুলো বন্ধ হওয়া দরকার। এ ক্ষেত্রে সরকারেরই দায়িত্ব বেশি। কিন্তু তারা মানুষকে ঐক্যবদ্ধ করার বদলে ‘ব্লেম গেম’ করছে। সত্যিকার যারা অপরাধী তাদের ধরা হচ্ছে না। সত্যিকার অপরাধীদের না ধরলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এসব মোকাবিলা করার প্রস্তুতি সরকারের আছে কি না, সেটি দেখা দরকার।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন তিনি।
এ সময় গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার প্রায় ১০ ঘণ্টা পর শনিবার সকালে অভিযান চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘তারা যখন গেছে, তখন সব শেষ হয়ে গেছে। এত দেরি কেন? এত দেরিতে ভোরে কেন সে কাজটি করা হলো? ভোরে আমরা কী দেখলাম? মৃত মানুষকেই দেখলাম। আমরাতো কোনো কিছু দেখি নাই যে, বিরাট অপারেশন করে বিরাট একটা সাকসেসফুল করে ফেলেছে।
তিনি আরও বলেন, এটা সরকারের গাফিলতি বা ব্যর্থতা। সরকারের অযোগ্যতার কারণেই এটি হয়েছে। সরকার আজ পর্যন্ত কোনো ঘটনাই ঠিকমতো মোকাবিলা করতে পারেনি।
দলীয় পরিচয়ের কারণে সন্ত্রাসীদের আটকের পর ছেড়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, গত কয়েকদিনে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, দেখা গেছে তারা সবাই আওয়ামী লীগের লোক। এ কারণে অনেককে ছেড়ে দেয়া হয়েছে।
এভাবে অপরাধীদের ছেড়ে দেয়া হলে অপরাধ আরও বাড়বে আশংকা জানিয়ে অপরাধী যে দলেরই হোক না কেন তাদের ধরে আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে সরকার শক্তভাবে মোকাবিলা না করলে চলমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।
ঈদ শুভেচ্ছো বিনিময়ের জন্য বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উদ্দেশে রওনা করেন।
পরে বেলায় ১২টায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেন বিএনপি চেয়ারপারসন। একে একে ১৮টি দেশের কূটনীতিকের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এরপর বেলা ১২টা ৪৫ মিনিটি শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, আইনজীবী ও চিকিৎসকসহ বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।
শুভেচ্ছা বিনিময়ের শেষে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের জিয়ারত করেন খালেদা জিয়া। এরপর বনানী কবরস্থানে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করার কথা রয়েছে।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বুধবার রাতেই খালেদা জিয়া লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান ও তার পরিবার এবং কোকোর স্ত্রী-কন্যাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার বিকালে গুলশানর বাসায় আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।











