বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে প্রাণ গেল ১৬ জনের

222গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট সংলগ্ন এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে দুটি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এছাড়াও নাটোর, কুমিল্লা, টাঙ্গাইল, রাজবাড়ী, ঝালকাঠি, ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোট ১০ জন নিহত হয়েছেন।

প্রতিনিধিদের পাঠানো খবর-

গাইবান্ধা : সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজার সংলগ্ন আরভি কোল্ড স্টোরেজ এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে দুটি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় আরও ৫০ জন আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধাপেরহাট বাজারের দক্ষিণ পাশে আরভি কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আলিফ লায়লা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী আদর এন্টারপ্রাইজের অপর একটি যাত্রীবাহী বাস সাইড দেয়ার সময় নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ওই ৪ জন যাত্রীর মৃত্যু হয়। আহতদের পার্শ্ববর্তী পলাশবাড়ি, পীরগঞ্জ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, উভয় বাসের ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

গৌরনদী : ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার ভোররাতে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় বরগুনার বেতাগীগামী প্রাইভেটকার বিপরীতমুখী ট্রাককে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের ৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৪ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসব ২জনকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমুয়া গ্রামের কবির খলিফার ছেলে বেল্লাল হোসেন (২৩), একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে রনি হাওলাদার (২২)।

গুরুতর আহত রুবেল, আরিফকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কাওড়াকান্দি থেকে ওই যাত্রীরা প্রাইভেটকারে উঠেছিল।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ এজাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়েনি। তবে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে গতকাল সোমবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে ৪ শত গজ ভেতরে গৌরনদীর বার্থী-বড়দুলালী বঙ্গবন্ধু সড়কের ওপর দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-৩৩-৮৭৬৫) পরিত্যক্ত অবস্থায় দেখতে পান।

ওই প্রাইভেটকারের ডান পাশের মাঝ বরাবর থেকে পেছনের অংশ গাছ অথবা গাড়ির সাথে ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

নাটোর: বড়াইগ্রামে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নজরুল ইসলাম নজু (১৮) নামে এক রাজমিস্ত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কাছুটিয়া খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম নজু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চক ভবানীপুর গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হামিদুল হক জানান, সোমবার ভোরে বনপাড়া থেকে নাটোরগামী যাত্রীবাহী বাস যাত্রীসেবা পরিবহণ (ঢাকা মেট্রো ব ১১-০৩৩৬) কাছুটিয়া খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় বাসের যাত্রী নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত ও অপর ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।
বুড়িচং (কুমিল্লা) : সোমবার সকাল ১০টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় সৌদি প্রবাসী আবুল কালাম নামে এক ব্যক্তিকে একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি মাইক্রোবাস সেৌদি প্রবাসী আবুল কালামকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। নিহত প্রবাসী উপজেলার মোকাম ইউনিয়নের পরিহল পাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি কিছুদিন আগে সেৌদি আরব থেকে দেশে ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য আসেন।

চৌদ্দগ্রাম : কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আমান উল্যাহ আমান নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাকাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমানের বাড়ি পৌর এলাকার নবগ্রামে।
জানা গেছে, আমান উল্যাহ সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার শেষে কুমিল্লায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যায় একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ ৫ যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রাজশাহী ব্যুরো : রাজশাহী চারঘাটে ভটভটির ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝিকড়া উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিকড়া উত্তরপাড়ার সুইট ও পাশের তালবাড়িয়া পরানপুরের আলী হোসেন।

কাঁঠালিয়া (ঝালকাঠি) : ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বজনদের সঙ্গে ঈদ করা হল না যুবক রফিকুল ইসলাম মারুফ ওরফে রনি ও বেল্লাল হোসেনের। লাশ হয়ে ফিরল তারা দু’জন। সোমবার ভোর ৫টায় মাওয়া-বরিশাল মহাসড়কের বুড়ঘাটায় সড়ক দুর্ঘটনায় ভাড়ায়চালিত মাইক্রোবাস কেড়ে নেয় এ দুই যুবকের প্রাণ। আহত হন সহযাত্রী ৩ বন্ধু।

গোয়ালন্দ (রাজবাড়ী) : ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জামতলা এলাকায় রোববার সন্ধ্যায় রুট পারমিটবিহীন একটি লোকাল বাসের ধাক্কায় ৭টি অটোরিকশা ও ১টি মাহেন্দ্র চূর্ণ-বিচূর্ণ হয়। এতে আহত হন মাহেন্দ্রর ৯ জন যাত্রী। হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করেছে।

বগুড়া : শেরপুর উপজেলার মহিপুর এলাকায় গাড়িচাপায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। নিহত সানোয়ার শিবগঞ্জ উপজেলার অধিবাসী বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা এ খবর নিশ্চিত করেন। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে নেয়া হয়। যুগান্তর