৩ স্তরের নিরাপত্তা’র মধ্যে কীভাবে সন্ত্রাসী হামলা হলো, প্রশ্ন জেএসডি’র
নিজস্ব প্রতিবেদক : তিন স্তরের নিরাপত্তা বেষ্টনির মধ্যে কীভাবে হলি আর্টিজান হোটেলে সন্ত্রাসী হামলা হলো এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
দলটির পক্ষ থেকে আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘কূটনৈতিক পাড়া হিসাবে সরকার ঘোষিত তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনি থাকা সত্ত্বেও তা ভেদ করে জঙ্গিরা এতো অস্ত্র-সস্ত্র ও বোমা নিয়ে কিভাবে প্রবেশ করলো তার উত্তর দেশবাসী এখনও খুঁজে পাচ্ছেনা।’

তিনি বলেন, ‘এ ঘটনা ভবিষ্যতে এর চেয়েও বড় ধরনের হামলার ইঙ্গিতবহ। এমতাবস্থায় দেশে আই এস বা আল কায়দা আছে কি নেই এ বিতর্কে না গিয়ে বাংলাদেশে চলমান জঙ্গি তৎপরতার উৎস ও ইন্দনদাতাদের খুঁজে বের করা অপরিহার্য।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এক জুলাই গুলশানের হোটেল হলি আর্টিসান বেকারীতে জঙ্গি হামলা, জিম্মিকরণ ও দেশি-বিদেশি ২০ জনকে হত্যা, দুইজন পুলিশ অফিসার হত্যা এবং ৪৫জন আহত করার যে ঘটনা ঘটেছে তা জাতির জন্য এক অশনি সংকেত। এ বর্বরোচিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘দেশে গণতন্ত্রহীন পরিবেশ, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারই জঙ্গিদের কর্মকা- বিস্তারে সহায়ক হচ্ছে বলে সচেতন মহলের বিশ্বাস। শুধুমাত্র আইন-শৃংখলা বাহিনীর মাধ্যমে শক্তি প্রয়োগ করেই এ জঙ্গিবাদ দমন বা নির্মূল করা যাবে না। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করার জন্য আজ প্রয়োজন জঙ্গিবাদ বিরোধী লৌহকঠিন জাতীয় ঐক্য।’
এ ঐক্য গড়ে তোলার স্বার্থে- তিন দফা প্রস্তাব পেশ করেছে জেএসডি। এক. অবিলম্বে রাজনৈতিক বিরোধ, ক্ষমতার দ্বন্দ্ব, পারস্পরিক প্রতিহিংসা সবকিছু ভুলে গিয়ে প্রধানমন্ত্রীকে জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াতে চায় এমন সকল রাজনৈতিক দল ও সমাজশক্তিকে নিয়ে জাতীয় কনভেনশন ডাকতে হবে। দুই. দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের যে কোন সংকট, জাতীয় দুর্যোগ, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকা- মোকাবেলার তড়িৎ উদ্যোগ গ্রহণের স্বার্থে জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) গঠন করতে হবে। তিন. দেশের রাজনীতি, রাষ্ট্র-ব্যবস্থাপনা ও আইন কানুনকে বর্তমান সমাজ চাহিদার উপযোগী করে তুলতে হবে।
তিন দফা প্রস্তাব কার্যকর করতে রাজনৈতিক পক্ষপাতিত্বহীনভাবে প্রধানমন্ত্রীকে এক সপ্তাহের মধ্যে উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছে জেএসডি।
সাংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব। এতে উপস্থিত ছিলেন- দলটির নেতা এম এ গোফরান (সাবেক এমপি), আতাউল করিম ফারুক, মোঃ সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
এছাড়া আগামী ১৪ই জুলাই বিকেল ৪টায় জেএসডি কার্যালয় চত্বরে (গুলিস্তান গোলাপ শাহ্ মাজারের পূর্ব পাশে) জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।











