বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেড়া মাথার লোকটি নর্থ সাউথের শিক্ষক!

hasnat_karimনিউজ ডেস্ক :  রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টের ফুটেজে থাকা নেড়া মাথার লোকটির পরিচয় জানা গেছে। হাসনাত করিম নামের ওই ব্যক্তি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

তবে হাসনাত করিম হোটেলে আটকে পড়া জিম্মি, নাকি হামলাকারী জঙ্গিদের কেউ তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন করেছেন।

এ কারণে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরিহিত ওই মধ্যবয়সী লোকটি সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

লোকটি কখনও রেস্টুরেন্টের ভেতর অস্ত্র হাতে, কখনও জঙ্গিদের সঙ্গে ছাদে ধূমপানরত ছিলেন। আটক জিম্মিদের সঙ্গে করে রেস্টুরেন্টের বাইরে এগিয়ে আসতেও তাকে দেখা যায়। এখন তার সম্পর্কে প্রকৃত তথ্য জানতে গোয়েন্দারা কাজ করছেন।ফেসবুক থেকে নেয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, আর্টিজান রেস্টুরেন্টসংলগ্ন একটি ভবন থেকে এক কোরিয়ান ব্যক্তির ধারণকৃত ভিডিওতেও তাকে অস্ত্র হাতে রেস্টুরেন্টের গেটে অবস্থান করতে দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত পাঁচ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে তার ছবি নেই।

ফেসবুকে নেড়া মাথার লোকটি কোথায় উধাও হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তোলা হয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও গণমাধ্যমকর্মীরা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. দিদার আহাম্মদ বলেন, নেড়া লোকটির বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত চলছে। তাকে খুঁজে বের করে প্রকৃত তথ্য জানা হবে।

জানা গেছে, শনিবার সকালে কমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে যে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়, তাদের মধ্যে আছেন এই হাসনাত করিম এবং তার স্ত্রী ও দুই সন্তান।

জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর হাসনাত করিমের বাবা রেজাউল করিম সাংবাদিকদের জানান, ছেলের সঙ্গে তার কথা হয়েছে। সে বলেছে সন্ত্রাসীরা তাদের সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করেনি।

তিনি জানান, ছেলের বউ শারমিন পারভিনের মাথায় হিজাব থাকায় তাকেও তারা খুব সমাদর করেছে। রাতে খেতেও দিয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন কি না জানতে চাইলে রেজাউল করিম বলেন, ‘এখন নয়, অনেক আগে সেখানে শিক্ষকতা করতো। দেশের বাইরে পড়তে যাওয়ার আগে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াতো সে।’

ছেলে উদ্ধার হয়ে আসার পর তার বরাতে হাসনাত করিমের মা মিসেস করিম জানান, সন্ত্রাসীরা ২০ জনকেই রাত ১০টার পরে জবাই করেছে। তারা সংখ্যায় ছিল ৫ জন।

তিনি বলেন, জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর অল্প আলাপের পরই হাসনাতকে স্ত্রী-সন্তানসহ নিয়ে যায় ডিবি পুলিশ।

পরিবার পক্ষ থেকে দাবি করা হয়, হাসনাত সেদিন ছেলে রাইয়ানের জন্মদিন উদযাপনে সপরিবারের হলি আর্টিসানে গিয়েছিলেন।

হাসনাত করিম ২০ বছর দেশের বাইরে ছিলেন। ইংল্যান্ডে প্রকৌশল পড়াশোনার পর যুক্তরাষ্ট্রে গিয়ে এমবিএ করেন। দেড় বছর আগে দেশে ফিরে আসেন তিনি। হাসনাত করিম নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও ফ্যাকাল্টি বলে জানা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বন্দুকধারীরা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁতে হামলা চালিয়ে সেখানকার দেশী-বিদেশী সবাইকে জিম্মি করে। পরের দিন শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে জিম্মি সংকটের অবসান হয়।

এ সময় ৬ জঙ্গি নিহত ও একজনকে জীবিত আটক করা হয়। আর ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। পরে রেস্তোরাঁর ভেতর থেকে তিন বাংলাদেশীসহ ২০ জনের লাশ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা রাতেই গলাকেটে হত্যা করে।

জিম্মি সংকটের কমান্ডো অভিযান পাশের ভবন থেকে ভিডিও করেন দক্ষিণ আফ্রিকার এক নাগরিক। ফেসবুকে আপলোড করা এই ৫টি ভিডিওতে ইঞ্জিনিয়ার হাসনাত করিমের চলাফেরা সন্দেহজনক দেখার পরই নানা প্রশ্ন ওঠে। যুগান্তর