বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক: শেখ হাসিনা বারবার ধর্মনিরপেক্ষতার গুণগান করেন

sheikh-hasinaনিউজ ডেস্ক : যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সোয়ার বলেছেন, বাংলাদেশে সব নাগরিকের অধিকার রক্ষায় শেখ হাসিনার সরকারকে অবশ্যই দ্ব্যর্থহীন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও সহনশীল ভাবমূর্তির বারবার গুণগান করেছেন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, যাঁরা ভিন্নমতাবলম্বী কিংবা ভিন্নধর্মী জীবন যাপন করেন, তাঁদের অধিকারও সমানভাবে রক্ষা করতে হবে। সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন তিনি।

গতকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ওয়েস্টমিনস্টার হলে ‘কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক বিতর্কে অংশ নিয়ে হুগো সোয়ার এসব কথা বলেন। দেশটির বিরোধী দল লেবার পার্টি থেকে বহিষ্কৃত রচডেলের এমপি সায়মন ডানস্যুক ছিলেন এই বিতর্কের উদ্যোক্তা। বর্তমানে স্বতন্ত্র সাংসদ সায়মন অতিথি হয়ে সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির কাউন্সিলে উপস্থিত ছিলেন।

সম্প্রীতি কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশবিষয়ক দ্বিপক্ষীয় দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী হুগো সোয়ার বলেন, গণতান্ত্রিকভাবে চ্যালেঞ্জ বা বিতর্কের সুযোগ সীমিত করা হলে তা উগ্রপন্থার পথকে প্রশস্ত করে।

প্রতিমন্ত্রী হুগো সোয়ার জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত ২৭ মে টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ বিষয়ে উদ্বেগগুলোর কথা জানিয়েছেন। উগ্রবাদী হামলার ঘটনাগুলো যে বাংলাদেশের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলেছে, সে বিষয়ে দৃষ্টিপাত করেছেন ক্যামেরন।

হুগো সোয়ার বলেন, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হচ্ছে একটি পরিণত গণতান্ত্রিক কাঠামোর নির্দেশরেখা। এতে সব রাজনৈতিক দলের সমান দায়িত্ব রয়েছে। এ লক্ষ্যে পৌঁছাতে যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে যাবে।

গণগ্রেপ্তার এবং সন্দেহজনক ‘ক্রসফায়ারে’ পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে উল্লেখ করে হুগো সোয়ার বলেন, অভিযুক্ত ব্যক্তি বা ভুক্তভোগীর পরিচয় যা-ই হোক, তদন্তের কাজটি অবশ্যই নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে হতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক যোগসাজশ রয়েছে, এমন আক্রমণের ঘটনাগুলোর আসল রহস্য উদ্‌ঘাটন জরুরি।

গত বছরের জুন মাসে ব্রিটিশ সংসদে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি, খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যার বিষয়ে আলোচনার কথা স্মরণ করেন ব্রিটিশ এই প্রতিমন্ত্রী। ওই আলোচনার পর নতুন নতুন হত্যাকাণ্ডের ঘটনা পরিস্থিতির আরও অবনতি করেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপিসহ বিরোধী রাজনীতিক এবং ভিন্নমতাবলম্বী গণমাধ্যম ও সুশীল সমাজের ওপর বাড়তি চাপ আরোপ করা হয়েছে।

সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের প্রশংসা করে এ লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান হুগো সোয়ার।

প্রায় আধা ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বিতর্কের শুরুতে সায়মন ডানস্যুক বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা, বিরোধী রাজনীতিকদের ওপর নিপীড়ন, ভিন্নমত দমন, গণমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণ ও চাপ প্রয়োগের নানা চিত্র তুলে ধরেন।

সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের নানা অনিয়ম ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের কথা তুলে ধরে সায়মন বলেন, আগামী সংসদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে সরকার বিএনপির জনপ্রিয় নেতাদের নানা অভিযোগ ও মামলার জালে জড়াচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতিতে থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ক্ষমতাসীনেরা নিজেরাই নিজেদের বিরোধী শক্তি পছন্দ করতে চাইছে বলে মন্তব্য করেন সায়মন।

পক্ষপাতিত্বের দোষে অভিযুক্ত নির্বাচন কমিশন যুক্তরাজ্যের কোনো সাহায্য পাচ্ছে কি না কিংবা যুক্তরাজ্যের কোনো অস্ত্র বা সরঞ্জাম ভিন্নমত দমনে ব্যবহার হয়ে থাকলে তা বন্ধ করার দাবি জানান সায়মন। বাংলাদেশের প্রতি অবরোধ আরোপে প্রতিমন্ত্রীর মনোভাব জানতে চান স্বতন্ত্র সাংসদ সায়মন। তিনি বলেন, অন্তত যেসব ব্যক্তি ক্ষমতার অপব্যবহার ও জঘন্য অপকর্মের সঙ্গে জড়িত, তাদের যুক্তরাজ্যে আগমনে নিষেধাজ্ঞা জারি করা উচিত। তবে সায়মনের এসব দাবির কোনো জবাব দেননি হুগো সোয়ার।

বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক বলেন, আগামী সেপ্টেম্বরে ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের সময়ে ব্রিটিশ সাংসদেরা যদি ধর্মনিরপেক্ষ ও মুক্তমনা লেখকদের সঙ্গে বৈঠক করতে চান, তাহলে মুক্তভাবে সেই বৈঠক করার সুযোগের বিষয়ে আশ্বস্ত করার জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান তিনি।

জবাবে হুগো সোয়ার বলেন, তিনি কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পেট্রিসিয়া স্কটল্যান্ডকে অনুরোধ জানাবেন, যাতে তিনি নিজে গিয়ে যত দ্রুত সম্ভব বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসেন।

আলোচনায় অংশ নেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদ জন হাওয়েল। বিতর্কে সভাপতিত্ব করেন স্যার অ্যালান মিল। ডজন খানেক এমপি এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো