জাহান্নাম থেকে মুক্তির নাজাতের দশক শুরু
দেখতে দেখতে ফুরিয়ে এলো পবিত্র মাহে রমজানের দিনগুলো। রহমত-মাগফিরাতের দশকের পর আজ একুশ রমজান। শুরু হলো রমজানুল মুবারকের শেষ দশক। হজরত মুহাম্মদ (সা.) এই দশকটিকে ইতকুম মিনাননার জাহান্নাম থেকে মুক্তির দশক বলেছেন। আমরা যেটাকে নাজাতের দশক বলছি। ইতকুম মিনাননার তথা নাজাতের এই দশকটি বিভিন্ন বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দশকেই শুরু হবে মসজিদে মসজিদে ইতিকাফ পর্ব। যা নবী (সা.) গুরুত্বের সঙ্গে পালন করতেন।
এই দশকেই পাপিদের জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়- শুধু অতটুকুই এই দশকটির গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট। উপরন্তু এই দশকের পাঁচটি বেজোড় রাতের কোনো একটিতে অবশ্যই শবে কদর নিহিত আছে। এটা এই দশকের আরেকটি ফজিলত ও বৈশিষ্ট্য। সর্বদিক বিবেচনায় রমজানের এই শেষ দশকটি অপরিসীম গুরুত্বপূর্ণ, ফজিলত ও বৈশিষ্ট্য মণ্ডিত। সুতরাং এই দশকের প্রতিটি দিন বরং প্রতিটি মুহূর্তকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর মূল্যায়ন করতে হবে। সদ্ব্যবহার করতে হবে।
ইতকুম মিনাননার- জাহান্নাম থেকে মুক্তি মানব জীবনের সবচেয়ে বড় সফলতা। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাত লাভ করলো সেই প্রকৃত সফল। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। (আল ইমরান-১৮৫)
উক্ত সফলতা অর্জনের সূবর্ণ সুযোগ রমজানের শেষ দশক। গোটা রমজানজুড়েই মহান আল্লাহ রাব্বুল আল-আমিন অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তদুপরি রমজানের শেষ দশক হচ্ছে নাজাত বা জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সময়।
হজরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেন, রমজানের প্রতিটি দিবা-রাত্রিতেই আল্লাহর দরবারে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। এবং রমজানের প্রতি দিবারাত্রিতে প্রত্যেক মুসলমানের একটি দুআ কবুল হয়। (আততারগিব)
রমজানের এই শেষ দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। তবে বিভিন্ন নেক আমলের পরিবর্তে বা বিনিময় হিসাবে, রোজাদারকে ইফতার করানো, অধীনস্থদের কর্তব্য হালকা করে দেয়া ইত্যাদি তার অন্যতম।
সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এসব নেক আমল বেশি বেশি করে করতে হবে। এছাড়া গোটা রমজানজুড়েই হজরত মুহাম্মদ (সা.) চারটি কাজ অধিক হারে করার জন্য বলেছেন- ১. কালেমার জিকির, ২. ইস্তেগফার, ৩. জান্নাত চাওয়া, ৪. জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করা। রমজানের এই শেষ দশকেও এই চারটি কাজ অধিকহারে করতে হবে। সর্বোপরি নিজের গোনাহের জন্য কান্নাকাটি করে দোয়াও করতে হবে। কারণ আল্লাহর ভয়ে কন্দনরত মানুষের চোখের পানি আল্লাহ তাআলা বড় বেশি পছন্দ করেন।
তাই রমজানের এই শেষ দশকে বিশেষত গভীর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে খুব কান্নাকাটি করতে হবে। তাহলে তিনি আমাদের নাজাত দিবেন- ইনশাআল্লাহ।











