,

শুধু ঈদের আগে রিকশা চালান তাঁরা

AAনিউজ ডেস্ক : পেটানো শরীর। পরনে লুঙ্গি আর শার্ট। নাম তাঁর আজিজ পাটোয়ারি। লালমনিরহাট থেকে তিনি ঢাকায় এসেছেন ১২ দিন হয়েছে। রিকশা চালাচ্ছেন এই কদিন। জানালেন আরও ৭-৮ দিন চালাবেন। তারপরই বাড়ির পথ ধরবেন। ঈদে ঢাকায় থাকার কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বলেন, ‘লাখ টাকা দিলেও থাকুম না।’

প্রতি বছরই রাজধানীতে ঈদের এক মাস আগে থেকে দেখা যায় এমন মৌসুমি রিকশাচালকদের। এ সময়ে খেত-খামারে কাজ না থাকায় বাড়তি রোজগারের আশাতেই ঢাকায় আসেন এঁরা। আর ঈদের আগে তা বেশ ভালোই হয় বলে জানান বাইরের জেলা থেকে আসা এমন কয়েকজন রিকশাচালক।

আজিজ পাটোয়ারি যেমন ১২ দিনেই জমিয়ে ফেলেছেন ছয় হাজার টাকা। গ্রামে থাকা পরিবারের সদস্যদের কাছে তা বিকাশ করে পাঠিয়েও দিয়েছেন। আগামী এক সপ্তাহে আরও দুই-তিন হাজার টাকা আয় করা যেতে পারে বলে আশা করছেন তিনি। আর তা হয়ে গেলেই কিনবেন গাড়ির টিকিট। তবে ঈদের ডামাডোলে টিকিট জোগাড় করা বেশ কষ্টকর হবে বলেই মনে করছেন তিনি।

মো. রফিক ঢাকা এসেছেন ছয় দিন হলো। তাঁর বাড়ি রংপুর। সেখানে মা, বাবা, ভাই-বোন আছেন। মাঠের কাজ না থাকায় ঈদের আগে ঢাকায় রিকশা চালাচ্ছেন। তিনি বলেন, প্রতিদিন রিকশার মালিককে দিতে হয় এক শ টাকা। এ ছাড়া থাকা-খাওয়ার খরচ তো আছেই। সব বাদ দিয়ে ২০-২৫ দিনে হাতে থাকে আট থেকে নয় হাজার টাকা। সেই টাকা দিয়েই ঈদের খরচ মেটাবেন তিনি। রফিক জানালেন, গত বছরও একই সময়ে ঢাকা এসেছিলেন তিনি।

কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে একটি রিকশার গ্যারেজের ম্যানেজার মো. সোবহান শেখ। তিনি জানান, ঈদ উপলক্ষে ঢাকার বাইরে থেকে প্রচুর রিকশাচালক আসেন। বেশি আসেন উত্তরবঙ্গ থেকে। এঁরা মূলত ঈদের খরচ মেটাতেই মৌসুমি এই পেশা বেছে নেন। তাঁদের জন্য গ্যারেজের মালিকেরাও মেসের ব্যবস্থা করেন। সোবহান বলেন, ‘ঢাকায় আইস্যা এঁরা ভাবে সিঙ্গাপুর আইছে। গেরামে ক্ষেতে বা মাটির রাস্তায় ধানের বস্তা টাইন্যা এঁরার অভ্যাস। এহানকার পিচের রাস্তায় তো টাইন্যা গাড়ি চালায়। তয় টেরাফিকের (ট্রাফিকের) নিয়ম বুঝে না।’

তবে এসব রিকশাচালকেরা একটি সাধারণ সমস্যায় পড়েন। সেটি হলো ঢাকার অলি-গলি না চেনা। সে ক্ষেত্রে যাত্রীরাই তাঁদের রাস্তা চিনিয়ে নিয়ে যান বলে জানালেন পাটগ্রামের মো. হামিদুল ইসলাম। অভাবের তাড়নায় চার দিন হলো ঢাকায় এসেছেন তিনি। এবারই প্রথম রাজধানীতে রিকশা চালাচ্ছেন। ভাড়া নেওয়ার আগেই যাত্রীদের বলছেন রাস্তা চিনিয়ে দিতে। যাত্রীরাও আপত্তি করছেন না।

এসব রিকশাচালকদের অনেকেই ঈদের আগে বাড়ি ফিরে যান। তবে বাস-ট্রেনের টিকিটের দাম বেশি হলে কেউ কেউ থেকে যান ঢাকাতেই। ঈদের দিন ও তার পরের কয়েক দিন রিকশা চালিয়ে তারপর বাড়ি ফেরেন। নাটোরের রবিউল আলম তেমনি একজন। তিনি বললেন, টিকিটের দাম বেশি হলে ঈদ ঢাকাতেই করবেন। তবে বউ-ছেলেমেয়ের জন্য জামাকাপড় কেনার টাকা পাঠিয়ে দেবেন।

কাঁঠালবাগান মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে যানজট নিরসনে কাজ করা আনসার সদস্য মো. আবদুল লতিফ বলেন, ঈদের আগে রিকশার সংখ্যা বেশ বেড়েছে। এসবের মধ্যে নতুন রিকশাচালক অনেক। তবে এসব রিকশাচালক ট্রাফিকের নিয়মকানুন বোঝে না বললেই চলে। প্রায়ই সিগন্যাল না বুঝেই রিকশা চালায়। ‘হয়তো আমি থামার সংকেত দিয়েছি, কিন্তু এঁরা রিকশা চালাতেই থাকে’, বলেন তিনি। প্র/আ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে