মিতুকে গুলি করে ওয়াসিম, রেকিতে আনোয়ার
নিজস্ব প্রতিবেদক : ‘চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে গুলি করেছিল ওয়াসিম। আর তার সঙ্গে মোটরসাইকেলে ছিল আরেক ঘাতক আনোয়ার। আনোয়ারের দায়িত্ব ছিল ঘটনাস্থল রেকি করা। ওয়াসিম ও আনোয়ারসহ মিতু হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল মোট ৮ জন।’ গতকাল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে গুরুত্বপূর্ণ এই তথ্য জানান কমিশনার ইকবাল বাহার। তবে অন্য ঘাতক কারা, কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব না দিয়ে বলেন, এই প্রশ্নের জবাবও পেয়ে যাবেন আজ বাদে কাল। সিএমপির পুলিশ কর্মকর্তারা বলেন, যেহেতু মূল খুনি চিহ্নিত হয়ে গেছে তাই এই মামলার রহস্য জট খোলাসা হবে শিগগিরই।

প্রেস ব্রিফিংয়ে সিএমপি কমিশনারকে পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, তাকে তো জিজ্ঞাসাবাদ করা হয়নি। ডেকেছিলাম সত্যি। তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ কথা হয়েছে মামলা নিয়ে।
চট্টগ্রাম আদালত ও মহানগর পুলিশ জানায়, অভিযুক্ত আসামি ওয়াসিম ও আনোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় আদালত ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে রাখা হয়। পরে আদালতে স্বীকারোক্তি দেয় এই দুই আসামি। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওয়াসিম ঘটনার দিন মোটরসাইকেল থেকে নেমে মিতুর মাথায় গুলি করার কথা স্বীকার করেন। তার সঙ্গে আরো দুইজন ছিল বলে উল্লেখ করেন।
গতকাল দুপুর ২টা ৪০ মিনিটে কার্যালয়ে আসেন কমিশনার ইকবাল বাহার। এ সময় তিনি বলেন, এই হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তারা হলো- ওয়াসিম ও আনোয়ার। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আসামি ওয়াসিম মিতুকে গুলি করার কথা স্বীকার করেছে। আর আনোয়ার ছিল তাকে সব ধরনের সহযোগিতা করতে।
কি কারণে পুলিশ সুপারের স্ত্রীকে হত্যা করা হয়েছে?- জানতে চাইলে তিনি বলেন, মোটিভ এখনো উদ্ধার করা যায়নি। তবে যাদের ধরা হয়েছে এরা সবাই সিন্ডিকেট। ভাড়াটে খুনি। টাকা দিলে খুন করে। কেউ তাদের টাকা দিয়ে খুন করিয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। তবে আসামিরা যেহেতু ধরা পড়েছে তাই কারণটাও হয়তো আজ বাদে কাল জেনে যাবেন সবাই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যে ওয়াসিম ছাড়াও মুসা, নবী, ভোলা, রাশেদ, রিপনসহ আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এদের সবাই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গত ৫ই জুন হত্যাকাণ্ডের পর মিতুকে খুনের ঘটনায় জঙ্গিদের সংশ্লিষ্টতার কথা বলা হয়। এরপর সেই তদন্ত ঘুরে মোড় নেয় সোনা চোরাচালানিদের দিকে।
জিজ্ঞাসাবাদে যা বলেছে ওয়াসিম
চট্টগ্রামে সাহসী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে গুলি করে হত্যার পর অস্ত্রটি খাতুনগঞ্জের মাহবুব কলোনির এক রিকশাচালকের কাছে জমা রাখা হয়। পুলিশ গত বৃহস্পতিবার রাতে মাহবুব কলোনি ঘেরাও করে ওই রিকশাচালকের কাছ থেকে অস্ত্র দুটি উদ্ধার করেছে।
অন্যদিকে এই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মূল হোতা ওয়াসিম। বলেছে ঘটনার দিন মোহাম্মদ মোতালেব ওরফে ওয়াসিম মোবাইল ফোনে কথা বলতে বলতে মিতুকে অনুসরণ করছিল। এরপর ওয়েল পার্কের সামনে গিয়ে মিতুকে গুলি করে সে। মোটরসাইকেলে চড়ে বাকি দুই খুনির সঙ্গে সেও পালিয়ে যায়। ভাড়াটে খুনি হিসেবে পরিচিত ওয়াসিমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় আটটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের গলাচিপা গ্রামের আবদুন্নবীর ছেলে এই ওয়াসিম। নগরীতে সে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার চেয়ারম্যানধাটার বগাইয়্যার গলিতে থাকত। সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। সে এর আগেও বিভিন্ন খুনের সঙ্গে জড়িত ছিল।
জিজ্ঞাসাবাদে ওয়াসিম আরো জানায়, মিতুর বাসা থেকে বের হওয়া থেকে খুন সম্পন্ন করা পর্যন্ত জিইসি, গোলপাহাড় এবং প্রবর্তক মোড় এলাকায় রেকির দায়িত্বে ছিল মো. আনোয়ার হোসেন। এ ছাড়া খুন শেষে খুনিদের পালানোর দায়িত্বেও ছিল সে। পেশায় সিএনজি চালক আনোয়ার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইদ্যালিকুল ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের শামসুল আলমের ছেলে। সিএনজি অটোরিকশা চালানোর পাশাপাশি সে পার্টটাইম ছিনতাইয়েও জড়িত ছিল। ঘটনার দিন সকালে ঘটনাস্থল এবং এর আশেপাশের এলাকায় পুলিশ এবং মানুষের গতিবিধি রেকি করেছিল আনোয়ার।
বাবুল আক্তারের বাসার পাশের রয়েল হাসপাতালের নিচে সিএনজি নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল সে। সিসিটিভির ফুটেজে তার সন্দেহজনক গতিবিধি দেখেই তাকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আনোয়ার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।
তদন্তের দায়িত্বে থাকা পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রগুলোও। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে মিতু হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ দুটি অস্ত্র উদ্ধার হয়েছে।
গতকালের সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার অস্ত্র উদ্ধারের বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা অস্ত্র এবং মামলার বিভিন্ন আলামত উদ্ধারের চেষ্টা করছি। সময় হলে সব জানতে পারবেন। এখনি সব কিছু বলতে চাচ্ছি না।
‘বাবুলকে জিজ্ঞাসাবাদ স্বাভাবিক প্রক্রিয়ার অংশ’
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে গভীর রাতে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদকে তদন্তের ‘স্বাভাবিক প্রক্রিয়ার অংশ’ বলে মন্তব্য করেছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘এটা নিয়ে অপব্যাখ্যার কোনো সুযোগ নেই। বাদীকে তদন্তকারী জিজ্ঞাসা করবে, প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করবে… স্বাভাবিক একটা প্রক্রিয়া।’
গতকাল দুপুরে রাজধানীর ধোলাইপাড়ে গরিব মানুষকে ঈদ পোশাক বিতরণ করতে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। কমিশনার বলেন, বাবুল আক্তারকে তারা টেলিফোন করে বলেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তিনি যেতে পারবেন কি-না। জবাবে বাবুল বলেছিলেন, গাড়ি পাঠালেই তিনি যাবেন। আমরা গাড়ি পাঠাইছি, উনি এসেছেন। আমাদের ডিবি অফিসে বসে সিএমপির তদন্তকারী দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এখানে ডিএমপির কোনো বিষয় নয়। ডিএমপি কোনো জিজ্ঞাসাবাদ করেনি, ডিএমপি কাছেই যায়নি।’ কমিশনার বলেন, ‘ডিবি অফিস ব্যবহার করতে দেয়া ছাড়া আর কোনো ভূমিকা তাদের ছিল না।’ রাতে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, ‘এখন তারা সকালবেলা কমফোর্টেবল, না বিকালে কমফোর্টেবল, না রাতে কমফোর্টেবল- দ্যাটস অ্যানাদার থিং। সেটা উভয়পক্ষের সম্মতি নিয়ে আলোচনা হয়েছে।’











