বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিকাফের গুরুত্ব ও ফজীলত

faithful-muslims-arrive-forরহমত, মাগফিরাত ও নাজাতের সুসংবাদবাহী মাস রমজান। চন্দ্র মাসের মধ্যে রমজান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এ মাস বিশেষ সম্মানিত ও মর্যাদামণ্ডিত হওয়ার পেছনে যে কয়েকটি বৈশিষ্ট্য বিদ্যমান। সেগুলো হচ্ছে : সিয়াম, মহাগ্রন্থ আল কুরআন নাজিল, লাইলাতুল কদর ও ইতিকাফ। এ বৈশিষ্ট্যগুলো শুধু এ মাসের সাথেই সম্পৃক্ত। তাই পুরো মাসই বরকত ও সৌভাগ্যের সওগাত নিয়ে আসে। বিশ্ব মুসলিম এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, সংযম অবলম্বন, তাকওয়া অর্জন ও অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের কঠোর অনুশীলনে আত্মনিয়োগ করেন। ফলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে পুণ্যময় পরিবেশ বিরাজ করে।

ইতিকাফের পরিচয় : ইতিকাফ আরবী শব্দ, অর্থ হলো : অবস্থান করা, কোনো জিনিসকে বাধ্যতামূলক ধরে রাখা, কোনো জিনিসের ওপর নিজেকে শক্তভাবে আটকিয়ে রাখা। যে লোক মসজিদে অবস্থান গ্রহণ করেছে তাকে আকিফ্ বা মুতাকিফ বলা হয়। যেমন-আল্লাহর বাণী : আর তোমরা মসজিদের নির্দিষ্ট স্থানসমূহে অবস্থানরত। (সূরা বাকারা-১৮৭) শরীয়তের পরিভাষায় যে মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত জামায়াত সহকারে নিয়মিত আদায় করা হয় এমন মসজিদে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়ত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফের প্রকারভেদ : ইতিকাফ তিন প্রকার,

১. সুন্নাতে মুআক্কাবাদ : মাহে রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদাহ।

২. ওয়াজিব ইতিকাফ : যে ব্যক্তি ইতিকাফ করার মানত করবে তার ওপর ইতিকাফ আদায় করা ওয়াজিব হয়ে যাবে। মানত ইতিকাফের জন্য সাওম পালন করা শর্ত। যদি নির্ধারিত কোনো সময় বা স্থানের মানত করে তাহলে ওই সময় ও স্থানেই ইতিকাফ করতে হবে।

৩. মুস্তাহাব : রমজান মাস ছাড়া অন্য যেকোনো সময় মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করা মুস্তাহাব। তবে সুন্নাত ও মুস্তাহাব ইতিকাফের জন্য সাওম পালন করা শর্ত নয়। (বাদায়েউস সানায়ে)

ইতিকাফের উদ্দেশ্য : ইতিকাফের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়্যিম (রাহঃ) বলেন, ইতিকাফের উদ্দেশ্য হলো, আল্লাহ তায়ালার পাক জাতের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন যেন সব দিক থেকে ফিরে একমাত্র তাঁরাই সাথে একত্র হওয়া যায় এবং তিনি ব্যতীত সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে তারই মধ্যে ডুবে যাওয়া যায় এবং যাবতীয় ব্যবস্থা থেকে মুক্ত হয়ে তারই পবিত্র সত্তায় মগ্ন হওয়া। ধারণাসহ সব ক্ষেত্রে তার পবিত্র জিকর ও মুহব্বতকে স্থান দেয়া, এমনকি তামাম সৃষ্টিকুলের ভালোবাসার পরিবর্তে যেন আল্লাহ পাকের সাথে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়।

হযরত আবু সাঈদ কুদরী (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রমজানের প্রথম দশকে ইতিকাফ করতেন, তারপর তিনি দ্বিতীয় দশকেও ইতিকাফ করলেন। তারপর তিনি যে তুর্কি তাঁবুর ভেতরে অবস্থান করছিলেন তা থেকে মাথা বের করে বললেন, আমি এ রাতটি অর্থাৎ শবে কদরের সন্ধানে প্রথম দশক ইতিকাফ করলাম। তারপর মধ্যম দশকেও ইতিকাফ করলাম, তারপর জনৈক আগন্তুক (ফেরেশতা) মারফত আমাকে বলা হলো রাতটি শেষ দশকে নিহিত রয়েছে। সুতরাং আমার সাথে যারা ইতিকাফ করেছে, তাদের শেষ দশকে ইতিকাফ করা উচিত। (মিশকাত) এ হাদীস থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, কদরের রাতটি পাওয়াই ইতিকাফের উদ্দেশ্য।

ইতিকাফের শর্তাবলী : ইতিকাফের চারটি শর্ত রয়েছে যা ব্যতিরেকে ইতিকাফ শুদ্ধ হবে না।

১. মসজিদে অবস্থান : তবে মহিলারা নিজ নিজ বাড়িতে ইতিকাফ করবে।

২. হাদাসে আকবর থেকে পাক হওয়া : অর্থাৎ নারী-পুরুষের গোসল ফরজ হলে তা করে শরীর পাক করে নেবে এবং নারী হায়েজ নেফাস থেকে পাক হবে।

৩. রোজা : ইতিকাফের জন্য রোজাও শর্ত। অবশ্য তা শুধু ওয়াজিব ইতিকাফের জন্য। মুস্তাহাব ও সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত নয়। (আসান ফেকাহ)

ইতিকাফের আদাব : নিন্মোক্ত বিষয়গুলো ইতিকাফে মুস্তাহাব।

১. কল্যাণকর কথা ছাড়া বাজে কথা না বলা। তবে নীরবে সময় কাটা মাকরুহ।

২. ইতিকাফের জন্য সর্বোত্তম মসজিদ গ্রহণ করা। অর্থাৎ যে মক্কাতে থাকে তার জন্য মসজিদে হারাম। মদিনাতে অবস্থানকারীর জন্য মসজিদে নব্বী। যে ব্যক্তি বাইতুল মুক্কাদাসে থাকে তার জন্য মসজিদে আকসা। অন্যদের জন্য জামে মসজিদে ইতিকাফ করা।

৩. কুরআন তিলাওয়াত, মাসনুন জিকির, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর দরুদ পড়া, ওয়াজ নসিহত করা এবং ধর্মীয় বই পুস্তক অধ্যয়ন ও রচনায় লিপ্ত থাকা (আল ফিকহুর মুইয়াসসাল)

ইতিকাফের ফজিলত ও গুরুত্ব : ইসলাম যেহেতু বৈরাগ্যের ধর্ম নয়, সামাজিকতার ধর্ম, তাই আল্লাহর ইবাদতের উদ্দেশ্য অন্যান্য জাতির সাধক, সন্ন্যাসীদের মতো লোকালয় পরিত্যাগ করতে বলা হয়নি, বরং লোকালয়ে ইবাদত কেন্দ্র মসজিদে অবস্থানের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে তৎপর হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। ইতিকাফের এই পুণ্য সময়টুকুতে আল্লাহপ্রেমে নিবেদিত সাচ্চা মুমিন ব্যক্তিদের সৎ সাহচর্য লাভেরও এক অপূর্ব সুযোগ উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির মানসে এক দিন ইতিকাফ পালন করে, আল্লাহ তার এবং জাহান্নামের মধ্যে তিনটি গহ্বর সৃষ্টি করবেন যার দূরত্ব আসমান জমিনের দূরত্বের চেয়ে অধিক। (তিবরানী) ইতিকাফ জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটি মসজিদে যদি কিছুসংখ্যক সাওম পালনকারী ইতিকাফ করেন তাতে গোটা মহল্লা বা মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ ইতিকাফ না করেন গোটা মহল্লাবাসী গুনাহগার হবে।

ইবনে আব্বাস (রাঃ) বর্ণিত হাদীসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেন, সে ব্যক্তি গুনাহর আবিলতা থেকে মুক্ত থাকে এবং তার জন্য সেসব নেকি লিপিবদ্ধ করা হয় যেমনটি সেসব পুণ্য কাজ যারা করে তাদের জন্য লিখিত থাকে (মিশকাত)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : যে ব্যক্তি কোনো একদিন ইতিকাফ অবস্থায় মসজিদে অতিবাহিত করে জাহান্নাম তার থেকে আসমান-জমীনের দূরত্বের তিন গুণ দূরে সরে যায়।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন : যে ব্যক্তি এক দিনও ইতিকাফে বসবে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে তিন খন্দকের ব্যবধান করবেন। এক খন্দক পাঁচশত বছরের পথ।

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত আছে, রাসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত-বন্দেগীর কাজে এতই কষ্ট স্বীকার করতেন যা অন্য সময় করতেন না। (তিরমিজী) হযরত জয়নব বিনতে সালমার বর্ণনায় আরো বলিষ্ঠভাবে বিবৃত হয়েছে, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরের লোকদের মধ্যে জেগে ইবাদত করতে সক্ষম এমন কাউকে ঘুমাতে দিতেন না এবং প্রত্যেককেই জাগ্রত থেকে ইবাদত করার জন্য প্রস্তুত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন : যে ব্যক্তি খালেস নিয়তে এবং খাঁটি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে ইতিকাফ করবে, তার পূর্ববর্তী সব সগীরাহ গুনাহ মাফ করে দেয়া হবে। সুতরাং উপরিউক্ত হাদীসের মাধ্যমে ইতিকাফের মহত্ত ও ফজীলত সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট ।

যেসব কারণে ইতিকাফ ফাসেদ হয় : নিন্মোক্ত কারণে ইতিকাফ নষ্ট হয়ে যায়, আবার তা কাজা পালন করতে হয়।

প্রকৃতির ডাকে সাড়া দেয়ার মতো মানবিক প্রয়োজন তথা প্রস্রাব, পায়খানা অথবা শরয়ী প্রয়োজন যথা জুমার জামাতে শরীক হওয়া ব্যতীত ইতিকাফরত ব্যক্তি মসজিদ থেকে অল্প সময়ের জন্য বের হলে হযরত আয়েশা (রাঃ) বর্ণিত হাদীসে আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইতিকাফরত থাকতেন তখন মসজিদ থেকে হুজরার দিকে মাথা বাড়িয়ে দিতেন। আমি তাঁর চুল আঁচড়িয়ে দিতাম এবং তিনি মানবিক প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না। (অথচ তাঁর ঘর ছিল মসজিদসংলগ্ন) মানবিক প্রয়োজনে বাইরে গেলে এ দিক সে দিক না গিয়েও না দাঁড়িয়ে রোগীর অবস্থা জিজ্ঞাসা করা অথবা জানাজার নামাজ আরম্ভ হয়ে গেছে দেখলে তাতে শামিল হওয়া জায়েজ। কেননা হযরত আয়েশা (রাঃ) বর্ণিত আবু দাউদের হাদীসে আছে : নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিকাফ অবস্থায় হাঁটতে হাঁটতে পথের এ দিক সে দিক না গিয়েও দাঁড়িয়ে রোগীর অবস্থা জিজ্ঞাসা করতেন। (মিশকাত)

মহিলাদের হায়েজ অথবা নেফাসরত হলে : স্ত্রী সম্ভোগ অথবা সম্ভোগের প্রতি আকর্ষণীয় বিষয় যেমন চুমো দেয়া অথবা যৌন উত্তেজনার সাথে সম্পর্ক করা। ইতিকাফ অবস্থায় বিনা প্রয়োজনে পার্থিব কাজে লিপ্ত হওয়া মাকরূহের তহরিমী। কেউ ইতিকাফরত মসজিদ থেকে ভুলে ও সামান্য সময়ের জন্য বের হয়ে পড়লে ইতিকাফ ফাসেদ হয়ে যাবে। (শরহে বেকায়া আরবী) ফরজ গোসল ব্যতীত অন্য কোনো গোসলের জন্য ইতিকাফকৃত ব্যক্তি মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভেঙে যাবে। তবে মসজিদসংলগ্ন বাথরুম ও গোসলখানা থাকলে, অতি মাত্রা গরমের কারণে শরীর অতিষ্ঠ হয়ে পড়লে কিছু পানি শরীরের ওপর ঢেলে দেয়া যাবে, কিন্তু সাবান দিয়ে ঘষামাজা করা যাবে না।

অতএব আমাদের উচিত রোজা, ইবাদত ও ইতিকাফের মধ্য দিয়ে রমজান মাস অতিবাহিত করা, যাতে রমজান মাস যে সওগাত নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয় তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। তাহলে রমজানের পরবর্তী মাসগুলোতে সঠিকভাবে দ্বীনের ওপর অটল থাকতে পারব। মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজা পালনের সাথে ইতিকাফ করার সুযোগ দান করুক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ