বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে অনৈতিক প্রস্তাব: নায়িকা হওয়ার আগ্রহ হারাচ্ছে তরুণীরা

22035-herionamarবিনোদন প্রতিবেদক : রূপালি জগতের প্রতি তরুণীদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। নায়িকা হলে দেশের সব মানুষ চিনবে, ভক্তরা অটোগ্রাফ নেবে এটা কে না চায়। তবে এই নায়িকা হয়ে ওঠার পেছনে রয়েছে অনেক হারানোর গল্প। নায়িকা হতে গিয়ে অনেককে সম্ভ্রম পর্যন্ত বিসর্জন দিতে হয়। আর যারা প্রযোজক ও পরিচালকের অনৈতিক প্রস্তাবে নিজেদের বিলীন করে দিতে পারেন না, তাদের নায়িকা হওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। এক সময় আমাদের শোবিজ অঙ্গনে ব্যবসায়ের পাশাপাশি শিল্প সংস্কৃতির সেবা করার মানসিকতা নিয়ে বিনিয়োগ করতে আসতেন প্রযোজকেরা। আর সৃজনশীল কাজের আনন্দ লাভের উদ্দেশ্যে শৈল্পিক ভাবনা থেকে পরিচালক হওয়ার স্বপ্ন দেখতেন অনেকে। কিন্তু সময়ের বিবর্তনে তা পাল্টে গেছে। কিছু অসাধু ব্যবসায়ীরা এখন নিজেদের মনোরঞ্জনের ‘ভিন্ন উদ্দেশ্য’ নিয়ে নাটক বা চলচ্চিত্রে বিনিয়োগ করতে আসছেন। প্রযোজকের লেবাসে তারা নায়িকা হতে চান এমন তরুণীদের নানা অনৈতিক প্রস্তাব দিয়ে যাচ্ছেন। পরিচালকদেরও কেউ কেউ এ কাজে প্রযোজকদের সহযোগিতা করছেন। আবার কেউ কেউ নায়িকাদের সঙ্গে বিশেষ শারীরিক সম্পর্ক গড়ে তুলতেই পরিচালনার কাজ যথাযথ না জেনেও পরিচালক বনে যাচ্ছেন। অর্থের বিনিময়ে নির্মাণে অজ্ঞ অনেকেই চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হয়ে যাচ্ছেন। দিন দিন এই অনৈতিক প্রস্তাবের মাত্রা বেড়ে যাওয়ায় নায়িকা হওয়ার আগ্রহ হারাচ্ছেন দেশের তরুণীরা। অনুসন্ধানে জানা গেছে, শুধু নতুনদেরকেই নয়, টিভি নাটকের পরিচিত মুখের কেউ কেউ যখন চলচ্চিত্রের পর্দায় নিজেকে দেখার আগ্রহ নিয়ে এ মাধ্যমে কাজ করতে প্রযোজক ও পরিচালকের শরণাপন্ন হচ্ছেন, তাদেরকেও একই রকম অনৈতিক প্রস্তাব দেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের অনেকে তা নীরবে হজম করে গেলেও কেউ কেউ এই ধরনের দুষ্টু প্রকৃতির প্রযোজক ও পরিচালকদের মুখোশ উন্মোচন করে দিচ্ছেন বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঝে পরিচালক পি এ কাজল সম্ভাবনাময়ী চিত্রনায়িকা অমৃতাকে ফেসবুকের মাধ্যমে অনৈতিক প্রস্তাব দিলে তিনি পরিচালকের মুখোশ উন্মোচনের অংশ হিসেবে চ্যাটিংয়ের স্ক্রিন শট জনসম্মুখে প্রকাশ করে দেন। আর এ নিয়ে তখন নানা বিতর্কের মুখে পড়েন পিএ কাজল। ফলে তার ভাবমূর্তি ক্ষুণœ হয়। পাশাপাশি টিভি এরিনার পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী বিথী সরকার বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে কাজের প্রস্তাবের পাশাপাশি পরিচালক ও প্রযোজকদের কাছ থেকে ‘বিশেষ সম্পর্ক’ গড়ার প্রস্তাবও পেয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার ইচ্ছে ছিল ভালো কিছু চলচ্চিত্রে কাজ করবো। আমাদের বাণিজ্যিক ধারায়ও ভালো ভালো ছবি হয়েছে। কিন্তু পরিচালক ও প্রযোজক আমাকে তাদের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ার প্রস্তাব দিয়েছেন। এও বলেছেন যে, নায়িকা হতে হলে এমনটা করতেই হয়। কিন্তু বিথী আর দশজনের মতো নিজেকে বিসর্জন দেওয়ায় পাত্রী নন বলে অনৈতিক প্রস্তাবকারীদের জানিয়ে দিয়েছেন, নিকুচি করছি আপনাদের চলচ্চিত্রে কাজের। যারা এই প্রস্তাবে রাজি হবে তারাই করুক আপনাদের সিনেমা। খুঁজে নিন তাদের। আমার এত টাকা আর খ্যাতির দরকার নেই। এভাবে অনেক তরুণীই স্বপ্ন থাকার পরও দেশীয় চলচ্চিত্রের বাণিজ্যিক ধারার নায়িকা হওয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। পাশাপাশি কেউ কেউ নাটক ও মডেলিংয়ের প্রস্তাব ছাড়াও পরিচালক ও প্রযোজকদের সঙ্গে লংড্রাইভে যাওয়া, ঢাকার বাইরে কিংবা বিদেশে ঘুরতে যাওয়ার প্রস্তাব পেয়ে হতাশ হয়ে এ মাধ্যম প্রত্যাখ্যান করেছেন। লাক্স-চ্যানেল আই সুপারস্টারসহ বিভিন্ন ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েও অজানা কারণে পিয়া বিপাশা তা থেকে সরে এসেছেন। তবে তার ঘনিষ্ঠজনদের কেউ কেউ বলছেন পিয়াকে প্রতিযোগিতায় অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে ‘র’ আদ্যাক্ষরের একজন উঠতি টিভি নাটকের অভিনেত্রী বলেন, ‘আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার মায়ের ইচ্ছে ছিল তিনি নায়িকা হবেন। কিন্তু তা হয়নি বলে মা আমার মাধ্যমে তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছেন। আমি এরইমধ্যে কয়েকটি নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেছি। এতে আমার উপস্থিতি তেমন জোরালো ছিল না। বিষয়টি জানতে পেরে একজন প্রযোজক আমাকে বললেন, তুমি ছোট ছোট চরিত্রে কেন কাজ করবে। আমি তোমাকে আমার প্রযোজিত নাটক সিনেমার প্রধান নায়িকা করে দেব। এরপর তিনি আমাকে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে বললেন, তুমি একদিন আমার অফিসে এসো। বিস্তারিত কথা হবে। আর একটি কথা, তোমার মাকে সঙ্গে এনো না। আমাকে নায়িকা করার জন্য আমার মায়েরই বেশি আগ্রহ ছিল। প্রযোজক মাকে সঙ্গে না নেওয়ার কথা বলাতে আমার সন্দেহ হয়। এরপরও মায়ের পীড়াপীড়িতে একদিন সন্ধ্যায় আমি প্রযোজকের অফিসে একাই গেলাম। তার অফিস রাজধানীর নিকেতনে। অফিসে তাকে ছাড়া তেমন কাউকে না দেখে আমার ভয় লাগছিল। তার রুমে বসে বিভিন্ন বিষয়ে গল্প করছি। একপর্যায়ে তিনি আমাকে স্বপ্ন দেখাতে শুরু করলেন যে, আমি যদি তার কথা মতো কাজ করি তাহলে তিনি আমাকে সুপারস্টার বানিয়ে দেবেন। তবে এজন্য আমাকে তার সঙ্গে ‘বিশেষ সময়’ কাটাতে হবে। আমি বুঝতে পেরেও না বোঝার ভাণ করে তার কাছ থেকে জানতে চাইলাম ‘বিশেষ সময়’ মানে? জবাবে তিনি বললেন, ফিজিক্যাল রিলেশন। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি পরে নিজের মতামত জানাবো বলে তড়িঘড়ি করে তার অফিস থেকে বের হয়ে আসি। এরপর আর কোনো দিন তার সঙ্গে আমি যোগাযোগ করিনি। তিনি বেশ কয়েকদিন আমাকে ফোন করেছেন। কিন্তু আমার সাড়া না পেয়ে পরবর্তীতে ফোন করা ছেড়ে দিয়েছেন। এখন আর নায়িকা হওয়ায় কোনো ইচ্ছেই আমার নেই। পড়াশোনা নিয়েই ব্যস্ত আছি।’ এদিকে অনৈতিক প্রস্তাবের কারণে দেশীয় চলচ্চিত্র থেকে নতুনদের অনেকেই মুখ ফিরিয়ে নেওয়ায় নায়িকা সঙ্কট দিনকে দিন বাড়ছেই।
বিশ্লেষকরা মনে করছেন, ঘুরে দাঁড়ানোর এখনই সময়। নাম প্রকাশে অনিচ্ছুক খ্যাতিমান এক চলচ্চিত্র নির্মাতা বলেন, উঠতি নায়িকাদের বা নায়িকা হতে ইচ্ছুকদের অনৈতিক প্রস্তাব দেওয়াটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। হলিউড বলিউড সব জায়গাতেই এটা রয়েছে। তবে আমাদের দেশে এই সময়ে তা হয়তো আগের চেয়ে অনেকে বেড়েছে। কিন্তু এটা কাম্য নয়। তারপরও ভালো ভালো মেয়েরা চলচ্চিত্র ও নাটকে কাজ করছে। আমাদের অনেক ভালো ভালো প্রযোজক ও পরিচালক রয়েছেন, যারা শৈল্পিক ভাবনা থেকেই কাজ করে যাচ্ছেন। আমাদের মেয়েরা তাদের কাছে নিরাপদ। আমরা পরিবারের মতো স্নেহ, সম্মান ও শ্রদ্ধা নিয়ে কাজ করছি। আসলে অন্ধকার না থাকলে আলোর মূল্য তো সবাই বুঝবে না। খারাপ আছে বলেই তো ভালোর এত কদর।