বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ. আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

West Indies cricketer Darren Bravo celebrates after scoring his century as team captain Jason Holder looks on during the 9th One Day International match of the Tri-nation Series between South Africa and West Indies at the Kensington Oval stadium in Bridgetown on June 24, 2016. / AFP / JEWEL SAMAD        (Photo credit should read JEWEL SAMAD/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক : শুক্রবার রাতটা দারুণ কেটেছে ওয়েস্ট ইন্ডিজের! বারবাডোজে সুনিল নারিনের ঘূর্ণি জাদু ও ড্যারেন ব্রাভোর শতকে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানে হারিয়েছে তারা। এই জয়ে ত্রিদেশী সিরিজের ফাইনালের খেলা নিশ্চিত করেছে জেসন হোল্ডারের দল। আগামীকাল রোববার ফাইনালে ক্যারিবীয়দের প্রতিপক্ষ স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে নির্ধারিত ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৬ ওভারে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে।

২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫১ রানের মাথায় তাদের নেই ৫ উইকেট। নারিন-গ্যাব্রেইলদের বোলিং তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ফারহান বেহারদিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মরনে মরকেল। ইমরান তাহিরের ব্যাট থেকে আসে ২৯ রান। আরেক বোলার ওয়েন পারনেল করেন ২৮ রান। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। হাশিম আমলার ১৬ রান ছাড়া বাকি তারকা ব্যাটসম্যানরা ছুঁতে পারেননি দুই অঙ্ক।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৩ উইকেট পকেটে পুরেছেন সুনিল নারিন। ১৭ রান খরচায় ৩টি উইকেট পেয়েছেন শ্যানন গ্যাব্রেইলও। ২ উইকেট লাভ করেছেন কার্লোস ব্রাফেট। আর একটি উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন অধিনায়ক জেসন হোল্ডার!

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজেরও। দলের স্কোরশিটে ২১ রান যোগ হতেই নেই চার উইকেট। একে একে প্যাভিলিয়নের পথ ধরেন আন্দ্রে ফ্লেচার (৮), জনসন চার্লস (৪), মারলন স্যামুয়েলস (০) ও দিনেশ রামদিন (৪)। পঞ্চম উইকেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। এই জুটিতে ১৫৬ রান করেন কাইরন পোলার্ড ও ড্যারেন ব্রাভো।

৭১ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৬২ রান করে মরনে মরকেলের বলে পরাস্ত হন পোলার্ড। আর সেঞ্চুরি করেই ক্রিজ ছাড়েন ব্রাভো। ক্রিস মরিসের বলে ফাফ ডু প্লেসিসের তালুবন্দী হওয়ার আগে ১০৩ বলে ১০২ রান করেন তিনি। ব্রাভোর ইনিংসটি ছিল ১২টি চার ও চারটি ছক্কায় সাজানো। ৪০ রান আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে। আর ৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন কার্লোস ব্রাফেট।

দক্ষিণ আফ্রিকার সেরা বোলার কাগিসো রাবাদা। ১০ ওভারে ৩১ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। সমসংখ্যক উইকেট লাভ করেছেন ক্রিস মরিসও। ১০ ওভারে তিনি খরচ করেছেন ৬৩ রান। একটি করে উইকেট নিয়েছেন ওয়েন পারনেল ও মরনে মরকেল। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ড্যারেন ব্রাভো। তাই ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই ক্যারিবীয়ান ব্যাটসম্যানের হাতে।

৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট ঝুলিতে জমা করে ফাইনালের টিকিট পেল ওয়েস্ট ইন্ডিজ। আর ১২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।