ব্রাহ্মণবাড়ীয়া বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজা সহ আটক ২
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ কেজি ভারতীয় গাঁজাসহ সিরাজুল ইসলাম (৩৮) ও শহিদ ভুঁইয়া (২৬) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলি থেকে অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।
আটক সিরাজুল ইসলাম পৌরশহরের মেড্ডা এলাকার মৃত দাউদ মিয়ার ছেলে ও শহিদ ভুঁইয়া একই এলাকার মৃত মকবুল ভুঁইয়ার ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলি এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
অভিযান চলাকালে কাউতলি ব্রিজের পাশ থেকে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সিরাজুল ইসলাম ও শহিদ ভুঁইয়াকে আটক করা হয়। এসময় পিকআপ ভ্যানের ভেতর থেকে ৫২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।











