বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৪ লাখ পেনশনভোগীর ঈদ বোনাস অনিশ্চিত

 

নিজস্ব প্রতিবেদক : অনিশ্চিত হয়ে পড়েছে অবসরপ্রাপ্ত ও পেনশনভোগী সাড়ে ৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর নতুন বেতন স্কেলে ঈদ বোনাস।

 

 

 

index_132688

অর্থ মন্ত্রণালয়ের উৎসব ভাতাসংক্রান্ত এক নির্দেশকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নির্দেশে পেনশনভোগীদের বোনাসের বিষয়টি সুস্পষ্ট না করায় অর্থ ছাড় করছে না মহাহিসাবনিয়ন্ত্রক (সিজিএ) অফিস।

এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন এই বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মহাহিসাবনিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়ের উপহিসাবনিয়ন্ত্রক (প্রশাসন) মোহাম্মদ জসিম উদ্দিন বুধবার বলেন, পেনশনভোগীরা নতুন বেতন স্কেলে ঈদ বোনাস পাবেন এটি যৌক্তিক। তবে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি অস্পষ্ট। এই সার্কুলারে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বোনাস প্রদানের বিষয়ে কিছু বলা হয়নি। ঈদ বোনাসসংক্রান্ত প্রজ্ঞাপনটি আরও পরিস্কার হলে ভালো হতো।

গত বছরের পহেলা জুলাই থেকে অষ্টম বেতন স্কেল কার্যকর করা হয়েছে। তবে এ ক্ষেত্রে শুধু মূল বেতন পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। আর নতুন বেতন স্কেলে সব ধরনের ভাতা ও বোনাস চলতি বছরের পহেলা জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ নতুন বেতন স্কেলে এ বছর ঈদুল ফিতরের বোনাস পাবেন তারা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একই সুবিধা ভোগ করবেন।

জানা গেছে, গত ১৫ জুন ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের উৎসব ভাতা প্রদান’ সংক্রান্ত একটি নির্দেশ জারি করে অর্থ মন্ত্রণালয়।

এতে বলা হয় ‘পবিত্র ঈদুল ফিতর, ২০১৬-এর উৎসব ভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী জুন ২০১৬ মাসের মূল বেতনের ভিত্তিতে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। এ ভাতা ১ জুলাই ২০১৬-এর পূর্বে উত্তোলন যোগ্য।’

এই নির্দেশের আলোকে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরাও নতুন বেতন স্কেলে বোনাস পাওয়ার কথা।

কিন্তু সিজিএ অফিসের সংশ্লিষ্টদের বক্তব্য হচ্ছে- অর্থ মন্ত্রণালয়ের ঈদ বোনাস প্রদানসংক্রান্ত নির্দেশের কোথাও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী লেখা নেই। ফলে এ নির্দেশ শুধু কর্মরত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পেনশনভোগীদের নতুন স্কেলে বোনাস প্রদান করতে হলে নির্দেশটি আরও স্পষ্ট করতে হবে। তা না হলে পরবর্তী সময়ে অডিট রিপোর্টে তাদের সমস্যা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঈদ বোনাসসংক্রান্ত নির্দেশে স্বাক্ষরকারী বাস্তবায়ন অনুবিভাগের সহকারী সচিব সামীম আহমেদ বলেন, এই নির্দেশের আলোকে পেনশনভোগীরাও ঈদ বোনাস নতুন বেতন স্কেল অনুযায়ী পাবেন। নির্দেশে কোথাও উল্লেখ করা নেই অবসরপ্রাপ্তরা ঈদ বোনাস অষ্টম বেতন স্কেলে পাবেন না। তিনি আরও বলেন, পহেলা জুলাই সাপ্তাহিক ছুটি। ঈদের আগে আর অফিস খোলা থাকবে না। যে কারণে নির্দেশে বলা আছে এই বোনাস পহেলা জুলাইয়ের আগেও উত্তোলনযোগ্য।

সিজিএ অফিসের তথ্যমতে, বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে অবস্থান করেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের এই নির্দেশের অস্পষ্টতা দেখিয়ে সিজিএ’র মাঠপর্যায়ের অফিসগুলো নতুন বেতন স্কেলে ঈদ বোনাসের অর্থ ছাড় করছে না। সিজিএ’র বিভিন্ন অফিসে এ নিয়ে প্রতিদিন হাজার হাজার পেনশনভোগী দৌড়ঝাঁপ করছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক পারসোনেল কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মোকলেছুর রহমান বলেন, তিনি কয়েক দিন ধরে সিজিএ অফিসে ঘুরছেন। কিন্তু ঈদ বোনাস নতুন বেতন স্কেলে দেয়া হবে না বলে জানিয়েছে সিজিএ অফিস।

২০১১ সালের আগস্টে অবসরে যাওয়া মোকলেছুর রহমান আক্ষেপ করে বলেন, পেনশনে যাওয়ার পরও অষ্টম জাতীয় বেতন স্কেলে তার সব ধরনের সুবিধা পাচ্ছেন। এখন অর্থ মন্ত্রণালয়ের বোনাসসংক্রান্ত আদেশে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের কথা উল্লেখ নেই। যে কারণে সিজিএ অফিস কাউকে নতুন বেতন স্কেলে বোনাস দিচ্ছে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিনও একই অভিযোগ করে বলেন, জনপ্রশাসনের হিসাব নিয়ন্ত্রক অফিস পল্টন হাউস বিল্ডিং ফিন্যান্স অফিসে। কিন্তু সেখানে কয়েক দিন ধরে ঘুরছেন বোনাসের জন্য। তাকেও নতুন স্কেলে বোনাস দেয়া হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, একজন অবসরপ্রাপ্ত সচিব তাদের বিভাগে ফোন করে জানিয়েছেন যে, নতুন স্কেলে তার বোনাস দিচ্ছে না সিজিএ অফিস। এর ব্যাখ্যাও জানতে চেয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার বাইরে জেলা পর্যায়ে আরও বেশি জটিলতা হচ্ছে।

ঢাকার বাইরে থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ঢাকা এসে বোনাসের জন্য ঘুরে যাচ্ছেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের ভাতা ও আনুতোষিক দেয়ার জন্য প্রস্তাবিত বাজেটে ১৬ হাজার ৯১৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১১ হাজার ১৪৫ কোটি টাকা। নতুন বছরে এ খাতে বরাদ্দ বেড়েছে ৫ হাজার ৭৭১ কোটি টাকা। মূলত পহেলা জুলাই থেকে সব ধরনের ভাতা ও বোনাস অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রদান করা হবে। এ জন্য বাড়তি ব্যয় মেটাতে সরকার এ খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছে।