বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন আবাহনী

245863.3স্পোর্টস ডেস্ক : অনেক নাটকের পর অবশেষে আবাহনীকে চ্যাম্পিয়ন ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আবাহনীর উৎসবে ভাটা এনে দেন পরে সন্ধ্যার পর পুরো ঘটনাই উল্টে যায়। বিসিবি এক ই-মেইলে জানিয়ে দেয়, স্থগিত হওয়া আবাহনী-প্রাইম দোলেশ্বরের ম্যাচটি বাতিল করা হয়েছে। দুই দলকে এক পয়েন্ট করে ভাগ করে দিয়েছে ডিসিপ্লিন কমিটি।

ফলে ২৩ পয়েন্ট নিয়ে আবাহনী প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতল। ধানমন্ডি পাড়ার এই ক্লাব বুধবার প্রাইম ব্যাংককে ১১৫ রানে হারিয়ে দেয়ার পর উৎসবের রংটা বিকেলেই ছড়িয়ে পড়েছিল কিন্তু এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি স্থগিত ম্যাচটি পুনরায় খেলার কথা বলায় সেই উৎসবে ভাটা পড়ে। এরপর বোর্ড সভাপতির বক্তব্যের কাঁট ছেঁড়া করে ডিসিপ্লিন কমিটি নতুন করে সিদ্ধান্ত নেয়। যদি আবাহনীকে চ্যাম্পিয়ন ঘোষনা করা তাহলে কেন বোর্ড সভাপতি ওমন বক্তব্য দিলেন? তারপর তার বক্তব্যকে কেন পাশ কাটিয়ে ডিসিপ্লিন কমিটি এই সিদ্ধান্ত নিল। এসব প্রশ্ন সামনে আসছে।

তবুও আবাহনী চ্যাম্পিয়ন, তাই রাতেই ক্রিকেটাররা উৎসবে নিজেদের ভাসিয়ে দিয়েছেন। যত কিছুই হোক কাল আবাহনী যে ক্রিকেট খেলেছে তাতে চোখ বন্ধ করেই তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষনা দিয়ে দিতে পারেন যে কেউ। কারণ, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, সাকলাইন সজিব ও তাসকিন আহমেদের দুর্দান্ত পারফর্মেন্স প্রাইম ব্যাংককে বোকার রাজ্যে হাবুডুবু খাইয়েছে। তাদের বোলাররা যেভাবেই বোলিং করেন না কেন তামিমের কাছে তা যেন হাতের মুঠোয় থাকা এক মুঠো চাঁদ। যেন ব্যাটে আসছে আর উড়ে যাচ্ছে স্টেডিয়ামের ওপারে। মাত্র ১৩২ বলে ১১টি চার ও ৪টি ছয়ে ১৪২ রানের যে ইনিংস খেলেছেন তামিম তাতে নিজেকে একজন বীর হিসেবে চিনিয়েছেন।

একজন অধিনায়ক হিসেবে তার জন্য এটি প্রয়োজন ছিল। লিগের শুরু থেকে তিনি যেটা পারেননি তা শেষ ম্যাচে করে দেখালেন। আর দলকে চ্যাম্পিয়নের দরজায় কড়া নাড়ালেন। তামিমের ১৪২ ও মোসাদ্দেকের ৭৮ রানে আবাহনী ২১৬ রানের মহাকাব্যিক ইনিংস উপহার দেয় দর্শকদের। আর সেটি চেজ করতে গিয়ে প্রাইম ব্যাংক ২০১ রানে গুঁড়িয়ে যায়। তবে তাদের ইনিংস তাসের ঘরের মত ভেঙ্গে যাওয়ার পেছনের নায়ক অফ-স্পিনার সাকলাইন সজিব। গুনে গুনে ৭টি উইকেট নিয়ে দলকে দারুনভাবে উজ্জিবিত করেছেন বটে কিন্তু ম্যাচ শেষে হতাশাই ঝড়ে পড়ল তার কন্ঠ থেকে, ‘ভালো লাগত যদি আজই আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতাম।’

এটা গেল ৭ উইকেট নেয়া সজিবের হতাশার কথা কিন্তু অধিনায়ক তামিম কি বলবেন? একে তো দল চ্যাম্পিয়ন হয়নি উল্টো কাল বোর্ড সভাপতি তার জন্য আরো একটি খারাপ সংবাদ শুনিয়েছেন। বিকেএসপিতে দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে আম্পয়ারদের বিপক্ষে বাজে আচরন করার কারণে এক ম্যাচ নিষিদ্ধ এবং ১ লাখ জরিমানা করা হয়েছে। অর্থাৎ পরের ম্যাচে তামিম দর্শক। এই দুঃসংবাদই পোড়াচ্ছে তামিমকে। উৎসবের দিনে অবশ্য নিজেকে নিয়ে গর্ব করতেই পারেন তামিম। কারণ কাল ১৪২ রান করেছেন অল্পের জন্য লিগের সর্বোচ্চ রানের মালিক হতে পারেননি। রুপগঞ্জকে হারানো ম্যাচে রকিবুল অপরাজিত ৬৬ রান করায় তামিমকে টপকে যান তিনি।