বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার ধাপে প্রশিক্ষণের পর শিহাবকে পাঠানো হয় টুটুল হত্যায়

2নিউজ ডেস্ক : শুদ্ধস্বর প্রকাশক টুটুলকে হত্যার মিশনের আগে শিহাবসহ মোট আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) পাঁচ সদস্য চারধাপে তাকে প্রশিক্ষণ দেন বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

বুধবার (২২ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখায় সাংবাদিকদের সাথে আলাপকালে শিহাবের কাছ থেকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি এমনটাই জানান তিনি।

আব্দুল বাতেন বলেন, ‘শিহাব তাদের প্রশিক্ষণের বিষয়ে জানিয়েছে। তাদের ধর্মীয় কথা-বার্তা বলে রিক্রুট করা হতো। অপারেশনের মানসিক প্রস্তুতি ও মোটিভেশন (প্রণোদনা) দেয়া হতো। এরপর ফিজিকাল (শারীরিক) ট্রেনিং। সবশেষে তাদের চাপাতি ও অস্ত্র চালানোর ট্রেনিং দেয়া হতো।’

কীভাবে সিহাব এপথে আসলো জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘সে (শিহাব) জানিয়েছে ডিগ্রী পড়াশোনার সময় একজন তাকে নানা ধরনের ধর্মীয় কথা বার্তা বলেছে। এরপরই সে জঙ্গি কার্যক্রমে যোগদান করেছে।’

সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শরীফের (মুকুল রানা) বিষয়ে আবদুল বাতেন বলেন, ‘সিহাব জিজ্ঞাসাবাদে শরীফের জড়িত থাকার বিষয়টি জানিয়েছেন।’

এরআগে মঙ্গলবার ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিহাব। ১২ পৃষ্ঠার জবানবন্দিতে শিহাব জানান, বড় ভাইয়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারা টুটুল হত্যাচেষ্টায় অংশ নেন। টঙ্গীর বর্ণমালা রোডের একটি বাসায় তাদের প্রশিক্ষণ দেয়া হতো। টুটুল হত্যাচেষ্টায় সরাসরি অংশ নেন পাঁচজন। অপর একজন অপারেশনস্থলের আশপাশে অবস্থান করে পুরো বিষয়টি সমন্বয় করেন। অন্য দু’জন পরিকল্পনা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত। পুরো প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন আটজন।

প্রশিক্ষণ প্রসঙ্গে শিহাব আরো জানান, উগ্রপন্থিরা যার কাছ থেকে সবচেয়ে বেশি প্রশিক্ষণ নেন সেই বড় ভাই তাদের কাছে ইশতিয়াক নামে পরিচিত। বড় ভাই জিহাদের প্রয়োজনে সরকারি একটি সংস্থা থেকে চাকরি ছেড়ে দেন। টুটুল হত্যাচেষ্টার অপারেশনের আগে টানা তিন মাস টঙ্গীর বাসায় পাঁচজনকে প্রশিক্ষণ দেয়া হয়। ওই বাসায় আরো কয়েকজন থাকলেও পরে তারা অন্যত্র চলে যান। ম্যানুয়াল তৈরি করে পাঁচজনকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। হামলার কয়েক দিন আগে টুটুলের ছবি দেখিয়ে বলা হয়, তার ওপর হামলা করতে হবে। এরপর এলাকা রেকি করতে একদিন তাকে লালমাটিয়ায় টুটুলের কার্যালয়ের আশপাশ ঘুরিয়ে আনা হয়। রেকি করতে শিহাবের সঙ্গে যান ইশতিয়াক, মুকুল ওরফে শরিফুলসহ চারজন।

এদিকে ডিবি সূত্রে জানা যায়, এবিটির কর্মীদের কাছে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক জিয়া নানা নামে পরিচিত। তার একাধিক ছদ্মনাম রয়েছে। তা হলো ‘সাগর’, ‘ইশতিয়াক’ ও ‘ইমতিয়াজ’। এই প্রথম কোনো উগ্রপন্থির জবানবন্দিতে সরাসরি জিয়ার নাম উঠে এলো।

শিহাব জবানবন্দিতে বলেন, ‘গত বছর চট্টগ্রামে তার সঙ্গে একজনের পরিচয় হয়। সেখানে একটি মসজিদে তারা প্রায়ই দেখা করতেন। একদিন ওই ব্যক্তি তাদের ইন্টারনেটে কোনো একটি সোশ্যাল সাইটে একটি আইডি খুলে দেয়। ওই আইডির মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ হতো। ওই ব্যক্তি একদিন তাকে প্রস্তাব দেয় ঢাকা যাওয়ার। এর পর ঢাকায় এলে তাদের তিন মাস প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথমে একজন ওই বাসায় এসে ব্যায়াম করাতেন আর কোরআন পড়াতেন। এরপর আরেকজন এসে চাপাতি চালানো শেখান। পরে একজন এসে পিস্তল চালানো শেখান। প্রায়ই বাসায় বড় ভাই ইশতিয়াক এসে বলতেন, আমরা সকলে আল্লাহর জন্য জিহাদ করছি। জিহাদ থেকে পিছপা হওয়ার সুযোগ নেই।’

এরপর একদিন মুকুল এসে এক ব্যক্তির ছবি দেখিয়ে বলেন, ‘তার নাম টুটুল। তার ওপর হামলার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

শিহাব আরও বলেন, ‘ঘটনার দিন সকালে তারা টঙ্গীর বাসা থেকে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ের আশপাশে যান। সেখানে তারা প্রথমে একটি মসজিদের পাশে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার পর টুটুল তার কার্যালয়ে ঢোকেন। পৌনে ৩টার দিকে এবিটির পাঁচ সদস্য মূল অপারেশন শুরু করেন। প্রথমে একজন শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে নিরাপত্তারক্ষীকে পিস্তল ঠেকান। এরপর অন্যরা মূল অফিসে প্রবেশ করে টুটুল ও তার দুই বন্ধুর ওপর হামলা চালান। টুটুলকে তিনটি কোপ দেন শিহাব। অপারেশন শেষে তারা টঙ্গীর বাসায় একত্র হন। এরপর যে যার মতো পালিয়ে যান। শিহাব তার চট্টগ্রামের বাসায় ফেরত যান।’

উল্লেখ্য, গতবছরের অক্টোবরের ৩১ তারিখে ধানমণ্ডির শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক আহমেদ রশিদ টুটুলসহ মোট ৩ জনের ওপর হামলা চালায় এবিটির সদস্যরা। এ ঘটনায় গুরুত্বর জখম হলেও প্রাণে বেঁচে যান টুটুলসহ ৩ জনই। বাংলামেইল