আ. লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০
নোয়াখালী অফিস : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিরোধের জের ধরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে ৩০ জন আহত হন। পরে পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে ইউনিয়ন তোফাজ্জল হোসেন ছাতারপাইয়া বাজারের একটি চা দোকানে বসে ইউপি নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী আবদুর রহমানের সমর্থকেরা তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। বিষয়টি জানাজানি হলে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত প্রায় সাড়ে নয়টা পর্যন্ত দফায় দফায় দুই দলের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
সংঘর্ষের খবর পেয়ে প্রথমে সেনবাগ ও পরে সোনাইমুড়ী থানার পুলিশ এবং সর্বশেষ রাত দশটার দিকে র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি ফাঁকা গুলিও ছোড়ে। সংঘর্ষের ঘটনায় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মজুমদার প্রথম আলোকে বলেন, বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান আবদুর রহমান আওয়ামী লীগের নেতা তোফাজ্জলের ওপর হামলা চালান। এর জের ধরে দুই দলে সংঘর্ষ বাধে। তিনি দাবি করেন, তাঁর পক্ষের ৩০ থেকে ৪০ জন কর্মী আহত হয়েছেন।
হামলার অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আবদুর রহমান। প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, তোফাজ্জল হোসেন বাজারে তাঁর এলাকার এক ব্যবসায়ীর কাছে ঈদ উপলক্ষে ১০০ করে শাড়ি দাবি করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষে মারামারি লেগে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী রাত সোয়া দশটায় মুঠোফোনে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে দুই পক্ষে কিছু লোকজন আহত হয়েছে এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারে পুলিশ ও র্যাব সদস্যরা টহলে রয়েছেন। প্রথম আলো











