বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ভোগান্তি বেড়েছে পাসপোর্ট অফিসে

2নিউজ ডেস্ক : পাসপোর্ট অফিসের ভোগান্তি চিরাচরিত। রমজানে সেই ভোগান্তি মাত্রা ছাড়িয়ে গেছে। রি-ইস্যু করা পাসপোর্ট সংগ্রহের নির্ধারিত সময়ের চেয়েও অন্তত ৮ থেকে ১০ দিন করে বাড়তি সময় লাগছে। এতে দূরদুরান্ত থেকে মানুষ রাজধানীতে থাকা নিয়ে পড়েছেন ভোগান্তিতে, যারা চিকিৎসার জন্য পাসপোর্ট করাতে এসেছেন তারা আরো অসুস্থ হয়ে পড়ছেন।

সোমবার দুপুরে সরেজমিনে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, রি-ইস্যু করা পাসপোর্ট নিতে এসে অনেকেই ২০১ নম্বর বিতরণ কক্ষে ঘুমিয়ে গেছেন। কেউ কেউ খোশ গল্প করে সময় কাটানোর চেষ্টা করছেন।

পাসপোর্ট অফিসের দোতলায় উঠতেই দেখা হয় সিরাজুল ইসলাম নামের এক যুবকের। তিনি পাবনা থেকে ঢাকায় এসেছেন পাসপোর্ট রি-ইস্যু করাতে। দালাল মারফত পাসপোর্ট জমা দিয়েছেন মে মাসের ২৪ তারিখে। পরিচয় যাচাই বাছাই করে এ মাসের ৮ তারিখে দেয়ার কথা ছিল। কিন্তু পেলেন আজ (২০ জুন)।

ক্ষোভ প্রকাশ করে সিরাজুল বলেন, পাসপোর্ট নির্ধারিত সময়ে না দেয়ার কারণে আমাকে বাড়তি টাকা দিয়ে হোটেলে থাকতে হলো। আবার প্রতিদিন এখানে এসে এর ওর কাছে ঘুরতে হয়েছে।

বিতরণ কক্ষের দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন সাদা পাজামা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ। কথা বলে জানা যায়, তার নাম আজমল হোসেন, মুক্তিযোদ্ধা। যুদ্ধ করেছেন ২ নম্বর সেক্টরে। এসেছেন ছোটছেলের জন্য পাসপোর্ট সংগ্রহে।

আজমল হোসেন বলেন, ‘আমি পাসপোর্টের ফর্ম জমা দিয়েছি পহেলা জুন। স্লিপে লেখা আছে ১৪ তারিখে বিতরণ শাখা থেকে রি-ইস্যু করা পাসপোর্টটি বুঝে নিতে। এরপর আমি প্রতিদিন এসেছি, কিন্তু এখনো হাতে পাইনি।’ এমন অভিযোগ শুধু সিরাজুল ইসলাম বা আজমল হোসেনেরই নয়, বিতরণ কক্ষে পাসপোর্টের অপেক্ষায় থাকা সকলেরই।

বিতরণ কক্ষের দায়িত্বরত এক সেনা কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, পাসপোর্ট রি-ভেরিফিকেশনের জন্য যে সার্ভারটি রয়েছে, রমজানের শুরু থেকে সেটির গতি অনেক কমে গেছে। এই সার্ভারে প্রতিদিন আবেদন জমা পড়ছে ২২শ। সাধারণ সময়ে প্রতিদিন ১৫শ’র মতো পাসপোর্ট রি-ভেরিফিকেশন করে তা প্রিন্ট দেয়া সম্ভব হয়। কিন্তু সার্ভারের সমস্যার কারণে এখন দিনে আড়াউশ থেকে ৩শ’টির মতো পাসপোর্ট প্রিন্ট দেয়া যাচ্ছে।

পাসপোর্ট হাতে পেতে ভোগান্তি বিষয়ে জানতে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ানের সাথে কথা হলে তিনি বাংলামেইলকে বলেন, ‘পাসপোর্ট যে একদমই হচ্ছে না, তা কিন্তু না। তবে কিছুটা ধীর গতিতে কাজ চলছে। মূলত ভেরিফিকেশন সার্ভারটি দুর্বল হয়ে পড়ার কারণেই এমন সমস্যা হচ্ছে। ঈদের পরই নতুন দু’টি সার্ভার আনা হচ্ছে। আশা করি তখন আর এ সমস্যা থাকবে না।’ বাংলামেইল